প্রথম আলো: বেশ কিছুদিন ধরেই তিস্তার পানি চুক্তি সইসহ অনেক বিষয়েই মনমোহনের সফরে সিদ্ধান্ত হবে বলে আপনারা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত চুক্তিটি হলো না। মূল আলোচিত বিষয়ের সুরাহা ছাড়াই এই সফর শেষ হলো। তাই এই সফর ব্যর্থ হয়েছে বলে প্রশ্ন উঠেছে। আপনার কী মত?গওহর রিজভী: যেকোনো বিষয়েই মানুষের ভিন্নমত থাকতে পারে। তবে বাস্তবে যা ঘটেছে, আমি তার ভিত্তিতেই মূল্যায়ন করাটাকে সমীচীন মনে করি। এই সফরে দীর্ঘদিনের অনিষ্পন্ন সমস্যা ১৯৭৪-এর সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল সই হয়েছে। উন্নয়ন-সহযোগিতার রূপরেখা চুক্তির পাশাপাশি ভারতের বাজারে বাংলাদেশের ৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এ ছাড়া সহযোগিতার বিভিন্ন বিষয়ে আরও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে।প্রথম আলো: তিস্তা চুক্তি সই হলো না। তার পরও মনমোহনের সফরকে আপনি ব্যর্থ বলতে রাজি নন?গওহর রিজভী: সফরকে একদমই ব্যর্থ বলতে আমি রাজি নই। যাঁরা তিস্তা চুক্তি সই হওয়া না-হওয়ার ভিত্তিতে সাফল্য-ব্যর্থতা মূল্যায়ন করেন, তাঁরা প্রেক্ষাপট বোঝেন না। কারণ, এই চুক্তি সইয়ের ব্যাপারে দুই পক্ষেরই সীমাবদ্ধতা রয়েছে। আর তিস্তা চুক্তি সইয়ের প্রক্রিয়া তো বাতিল হয়ে যায়নি। আমরা চুক্তি সইয়ের খুঁটিনাটি বিষয় প্রায় চূড়ান্ত করে ফেলেছি। তবে কোন দেশ কী হারে পানি পাবে, সেটা এখনই বলতে চাই না। শিগগিরই চুক্তিটি সই হবে।প্রথম আলো: এখনো চুক্তি নিয়ে আপনি আশাবাদী?গওহর রিজভী: অবশ্যই। আমি আশা করি, শিগগিরই তিস্তার পানি চুক্তি সই হবে।প্রথম আলো: ভারত সরকার মনমোহনের সফরের আগে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দল বিজেপির পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করেছে। কিন্তু আপনারা তো প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেননি। আলোচনা করেননি পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটিতে। অতীতে পররাষ্ট্রসচিব কিংবা ভারতে হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন, এমন অনেকেই এখন ঢাকায় আছেন। তাঁদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করা হলে ভিন্নমত তো ধারণ করার সুযোগ ছিল। এমন কোনো উদ্যোগ নেওয়া হলো না কেন?গওহর রিজভী: বিরোধী দল তো সংসদে যায় না। কাজেই তাদের সঙ্গে আলোচনাটা করব কোথায়! তবে আমরা বিভিন্ন ধরনের আলোচনা, গোলটেবিল বৈঠক ও টিভি টক শোতে ভিন্নমতাবলম্বীদের নিয়ে কথা বলেছি। তাঁদের মতামত নিয়েছি।প্রথম আলো: কিন্তু সাবেক কূটনীতিকদের নিয়ে কোনো বিশেষ আলোচনা করার উদ্যোগ তো দেখতে পাইনি।গওহর রিজভী: সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তো সাবেক কূটনীতিকদের অন্তর্ভুক্ত করা যায় না। কারণ, অন্য দেশের সঙ্গে আলোচনার প্রক্রিয়া গোপন বিষয়। তবে আমরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁদের মতামত আমাদের আলোচনার প্রক্রিয়ায় রাখতে সর্বাত্মক চেষ্টা করেছি।প্রথম আলো: বলা হচ্ছিল, ভারতকে নিরাপত্তা দিলে বাংলাদেশকে অনেক কিছু দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই পেল না বাংলাদেশ। এমন অভিযোগও উঠেছে, আপনারা ভারতের সঙ্গে গোপনে অনেক বিষয়ে আলোচনা করেছেন। দেশের স্বার্থ রক্ষায় গুরুত্ব দেননি।গওহর রিজভী: এটা একেবারেই ভিত্তিহীন, অভব্য অভিযোগ। যে অভিযোগ আনা হচ্ছে, তার পক্ষে একটা যুক্তিও কেউ দেখাতে পারবে না। আমরা সব সময় দেশের স্বার্থ সুরক্ষা রেখেই ভারতের সঙ্গে আলোচনা করেছি।প্রথম আলো: ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য আপনাদের চেষ্টা তো ভেস্তে গেছে। এই প্রেক্ষাপটে আপনি ও আপনার সহকর্মী মসিউর রহমানের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার কী মত?গওহর রিজভী: ইতিহাসই আমাদের মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী, আমরা (মসিউর রহমান ও আমি), পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সবাই দেশের স্বার্থ সুরক্ষা রেখে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করেছি। তবে একটা কথাই শুধু বলব, কেউ যদি কারও ব্যক্তিচরিত্র হনন করতে চায়, তাহলে তো আর বলার কিছু থাকে না।