শুধু চুক্তি বাস্তবায়ন করার আশ্বাস দিয়ে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ঢাকা ছাড়লেন। তিনি আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা ছেড়েছেন। এ সময় বিমানবন্দরে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মশিউর রহমান ও বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রণব মুখার্জিকে বিদায় জানান।এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রণব মুখোপাধ্যায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব চুক্তি হয়েছিল, শিগগিরই সেসবের বাস্তবায়ন করা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন, কিছু চুক্তি বাস্তবায়নে দেরি হলেও এগুলোর বাস্তবায়ন করা হবে।বৈঠকে প্রণব মুখোপাধ্যায় আরও জানান, যৌথ নদী কমিশনের অধীনে একটি উপকমিটি গঠন করা হয়েছে। তারা প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নিয়ে কাজ করবে। টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যে আশঙ্কা রয়েছে, এ কমিটি তা দূর করার চেষ্টা করবে। তিনি বলেন, টিপাইমুখ বাঁধ হলে হিমালয় থেকে আসা পানির সমান ভাগ পাবেন সবাই।দ্বিপক্ষীয় বাণিজ্যের ব্যাপারে ভারতের অর্থমন্ত্রী বলেন, নয়াদিল্লি ভারতের বাজারে ৪৬টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করেছে। দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি কমাতেই এটা করা হয়েছে।