সফল উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে কারচুপি কেবল বাংলাদেশে হয় না। এ বছর মিসর, আলবেনিয়া, আফগানিস্তান, রাশিয়া, বেলারুশ ও মিয়ানমারে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, পূর্ব ইউরোপ আর দক্ষিণ এশিয়ায় এ অভিযোগ নিত্যনৈমিত্তিক। পৃথিবীতে নির্বাচন তদারকির মুরুব্বিয়ানা যাঁরা করেন, তাঁদের দেশেও এ অভিযোগ বিরল নয়। অভিযোগ রয়েছে, আমেরিকায় প্রেসিডেন্ট বুশ দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন কারচুপি করে। খোদ ব্রিটেনে ২০০৫ সালে আদালতের রায়ে পোস্টাল ভোট নির্বাচনে কারচুপির সুযোগ করে দিয়েছে বলা হয় এবং কয়েকটি স্থানীয় কাউন্টির নির্বাচনের ফলাফল বাতিল করা হয়।উন্নত গণতন্ত্রে বিজয়ী দল ও বিজিত দলের মধ্যে ক্ষমতায় ভারসাম্য থাকে। অনুন্নত গণতন্ত্রে নির্বাচনে জয় মানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়া। পরাজয় মানে হামলা আর হুমকির মধ্যে দিন যাপন করা। তাই নির্বাচনে জেতার জন্য মরিয়া চেষ্টা থাকে এসব দেশে। ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হয় বলে সে দলই কারচুপি করার অধিকাংশ সুযোগ পায়।এর প্রতিকার কী হতে পারে? সারা পৃথিবী যখন নানা সংস্কার আর তদারকিব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে নাকাল, তখন বাংলাদেশই উপহার দেয় এক অভিনব সমাধানের। সরকারি দলের ব্যবস্থাপনায় নির্বাচন হলে কারচুপি হয়, কাজেই সমাধান হচ্ছে নির্বাচন একটি অরাজনৈতিক নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত করা। সেটিই তত্ত্বাবধায়ক সরকার।কিছু বিতর্ক সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকার এখনো একটি সাফল্য। ১৯৭৩ সাল থেকে এখন পর্যন্ত তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য নির্বাচন গত চারটি (১৯৯১ সালের বিচারপতি সাহাবুদ্দীনের সরকারও ছিল এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার) তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছে। কালাকানুন বাতিল, জনমুখী আইন ও নীতিমালা গ্রহণ এবং প্রশাসনিক সংস্কার তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেশি হয়েছে। মানুষ অনেক বেশি স্বস্তিতে থেকেছে এসব আমলে। তত্ত্বাবধায়ক সরকার দলীয় সরকারগুলোর জন্য সুশাসনের শ্রেয়তর মানদণ্ডও সৃষ্টি করেছে।এটা ঠিক, সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার আমলের কিছু পদক্ষেপ নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেই অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর হানাহানি এবং গত জোট সরকারের অসৎ কিছু পদক্ষেপের কারণে। গতবারের অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের গঠন, কার্যাবলি এবং কার্যকাল-সংক্রান্ত বিষয়ে কিছু সংস্কারের প্রয়োজন আছে। সেগুলো করা হলে ভবিষ্যতেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা একটি সাফল্য বলে বিবেচিত হবে।তত্ত্বাবধায়ক সরকার এত ভালো হলে তা অন্য দেশে অনুসৃত হচ্ছে না কেন? কারণ, উন্নত গণতন্ত্রে এর প্রয়োজন নেই, অনুন্নত গণতন্ত্রে সরকারি দলের এটি পছন্দ করার কথা নয়। তবে এ ধরনের সরকারের দাবি কিছু দেশে বিভিন্ন সময়ে উঠেছে, কিছু দেশ ও অঙ্গরাজ্যে কাছাকাছি ধরনের সরকার প্রতিষ্ঠিতও হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণ তত্ত্বাবধায়ক সরকারকে গ্রহণ করেছে। উন্নয়ন সহযোগী গোষ্ঠী বিদ্যমান বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে প্রয়োজনীয় মনে করেছে, এর প্রশংসাও করেছে। নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতি উন্নত না হওয়া পর্যন্ত বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি অবশ্যই একটি সফল উদ্ভাবন। আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলাম লেখক