সফল এক পরিবারের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের রহস্য কী? পেলে-ম্যারাডোনা থেকে শুরু করে মেসি-রোনালদো—সফলদের জীবন কাটে এই প্রশ্নের উত্তর দিতে দিতে। ইদানীং খালেদ মাসুদকেও এই প্রশ্নটার উত্তর দিতে হচ্ছে। কারণ তিনিও যে সফল।ব্যক্তিগতভাবে ক্রিকেটার খালেদ মাসুদ কতটা সফল, সে আলোচনা আজকে নয়। তাঁর আসল সাফল্য রাজশাহী নামের এক ‘চ্যাম্পিয়ন’ দলের নেতা হিসেবে।টানা দুবার দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটের সেরা দলকে ‘চ্যাম্পিয়ন’ তো বলতেই হবে। রাজশাহীর কৃতিত্ব অবশ্য এই দুবারের রেকর্ড থেকে ঠিক বোঝা যায় না। এর আগে ২০০৫-০৬ মৌসুমেও লিগ-সেরা হয়েছিল তারা। লিগের দ্বিতীয় সেরা হয়েছে তারা চারবার (২০০১-০২, ২০০৪-০৫, ২০০৬-০৭, ২০০৭-০৮)।সোজা কথায় ২০০৪-০৫ মৌসুম থেকে চলমান ২০০৯-১০ মৌসুম পর্যন্ত, প্রতিবারই জাতীয় ক্রিকেট লিগের সেরা দুই দলের একটির নাম রাজশাহী। আর এই দলটির অবিসংবাদিত ‘পাইলট’ সাবেক জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ।মাসুদকে তাই দলীয় সাফল্যের রহস্য জানাতে হচ্ছে। অবশ্য শুরুতে খুব সহজ করেই উত্তরটা দিলেন মাসুদ, ‘আমাদের সফলতার বড় কারণ, টিমওয়ার্ক। এর সঙ্গে সারা বছর বিভাগীয় দল নিয়ে টুকটাক কাজ করা, জাতীয় লিগ নিয়ে সিরিয়াস থাকা এবং প্রচুর ক্রিকেট খেলাকেও কৃতিত্ব দিতে হবে।’আলোচনাটা একটু এগোতেই রাজশাহীর এই সাফল্যকে আর এত সরলভাবে ব্যাখ্যা করতে পারলেন না খালেদ মাসুদ। একটু আগে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত হয়েছে, রাতে জমজমাট উদ্যাপনের এক ফাঁকে নেপথ্যের গল্প শুরু করলেন, ‘আমাদের এই সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। এ জন্য আমরা যারা সিনিয়র ক্রিকেটার তারা দিনের পর দিন রাজশাহীতে গিয়ে সময় দিয়েছি। এলাকার জুনিয়র ক্রিকেটারদের নিয়ে কাজ করেছি। এখন ফল পাচ্ছি।’ফলটা কেমন? জাতীয় লিগে ঈর্ষণীয় সাফল্য তো আছেই। তবে স্থানীয় ক্রিকেটের চেহারা বদলে যাওয়াকেই আসল প্রাপ্তি মনে করেন মাসুদ, ‘এখন রাজশাহী শহরে অনেকগুলো ক্রিকেট একাডেমি হয়েছে। সারা বছর বিভাগের প্রায় সবগুলো জেলাতে একটার পর একটা টুর্নামেন্ট হচ্ছে। ফলে প্রচুর ক্রিকেটার উঠে আসছে। আর এসব ক্রিকেটারই আমাদের জাতীয় পর্যায়ে নিয়মিত সাফল্য এনে দিচ্ছে।’মাসুদের এই কথাটার সঙ্গে খুব একমত এবারের লিগে সর্বোচ্চ রান করা রাজশাহীর ওপেনার জহুরুল ইসলাম। দল চ্যাম্পিয়ন হয়েছে, নিজে সেরা ব্যাটসম্যান হয়েছেন; রাতে আনন্দ করতে করতেই হঠাত্ করে ডাক পেয়ে গেছেন জাতীয় দলে। সুসময়ের শিখরে চড়ে বসা জহুরুল একটু সিরিয়াস হয়ে বললেন, ‘আমাদের বিভাগে যে পরিমাণে ক্রিকেট হয়, ঢাকা ছাড়া আর কোথাও এত ক্রিকেট হয় না। আর এই যে অনেক অনেক খেলা হয়, সব ক্রিকেটারেরই কিন্তু প্রথম লক্ষ্য থাকে বিভাগীয় দলে সুযোগ পাওয়া। ফলে আমাদের দলে সুযোগ পাওয়ার জন্য দারুণ প্রতিযোগিতা হয়।’জহুরুল অবশ্য তাঁদের সাফল্যের পেছনে বেশি কৃতিত্ব দেন, রাজশাহী দলের ঐক্যকে, ‘দেখেন, আমরা স্রেফ দুই-তিন মাসের একটা লিগ খেলার জন্য এক হই না। সারা বছর আমাদের দলটা একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। ছুটিছাঁটা পেলেই আমরা রাজশাহী চলে যাই। সবাই মিলে হয়তো প্র্যাকটিস করি, একসঙ্গে বেড়াতে যাই, প্ল্যান করি। আবার অফ সিজনে বাছাই করা অনেক খেলোয়াড় মিলে ক্যাম্প করা হয়।’জহুরুল বা মাসুদের কথায় একটা ব্যাপার পরিষ্কার, রাজশাহী দলটা জাতীয় লিগের অনেক দলের মতো ‘মৌসুমি সংগঠন’ নয়। দলটির ছোট-বড় সবাই একবাক্যে পরিষ্কার করে দিলেন, এই দলটি নিয়ে তাদের সারা বছরই একটা ভাবনা থাকে। ভাবনাটা কেমন, সেটা আরেকটু পরিষ্কার করলেন খালেদ মাসুদ, ‘জাতীয় লিগের আগে আগে অফিসিয়াল প্র্যাকটিসের সময়সূচি ঘোষণা করা হয়। আমরা ওই সময়সূচির জন্য অপেক্ষা করি না। ঢাকার ক্রিকেট শেষ হতেই আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যায়। প্রথমেই আমরা প্ল্যানিং করি। ব্যক্তিগত ও দলীয়ভাবে আমরা এবারের লিগ থেকে কে কী করতে চাই, সেটা আলোচনা করি।’এই আলোচনাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মানছেন ৯ ম্যাচে ৯৬৫ রান করা জহুরুল, ‘আমরা মৌসুমের শুরুতেই বলে দিই, আমি এই কয়টা উইকেট পেতে চাই বা আমি এত রান করতে চাই। সেটা পূরণ করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করে। আবার দলের ক্ষেত্রেও এটা সত্যি। এই মৌসুমের শুরুতে আমরা ঠিক করেছিলাম, আমাদের এবার লিগে ১০০ পয়েন্ট পেতে হবে। সেটা হয়তো পূরণ হয়নি। তবে এই লক্ষ্যই কিন্তু আমাদের ফাইনালে নিয়ে এসেছে। সবাই একটা দল হয়ে এ জন্য চেষ্টা করেছি।’কিন্তু এই দল হয়ে চেষ্টা করার চেষ্টা তো সবাই করে। পারে না কেন? খালেদ মাসুদ একটু যেন হতাশ, ‘দেখুন লিগে ঢাকা, খুলনা, চট্টগ্রাম কিন্তু আমাদের চেয়ে ভালো দল নিয়ে মাঠে নামে। কিন্তু ওরা কেন যেন একটা টিম হয়ে উঠতে পারে না। অবশ্য একটা টিম হয়ে ওঠার জন্য সিনিয়রদের অনেক কিছু করতে হয়।’সিনিয়রদের কিছু করা মানে, খালেদ মাসুদের ভাষায় ‘জুনিয়রদের নিয়ে কাজ করা’। রাজশাহীর সিনিয়র ক্রিকেটাররা জুনিয়রদের নিয়ে কাজ করতে এরই মধ্যে একটা ক্রিকেট একাডেমি করে ফেলেছেন। এই একাডেমির যাবতীয় খরচ রাজশাহীর প্রতিষ্ঠিত ক্রিকেটাররাই বহন করেন। এ ছাড়া বিভাগীয় দলের বিভিন্ন বাড়তি আয়, যেমন—জরিমানা, বোনাস থেকে পাওয়া টাকাও ব্যয় করা হয় এই একাডেমির পেছনে। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে যাঁরা কোচিং কোর্স করেছেন, তাঁরা তো বটেই, প্রায় সবাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন এই একাডেমিতে। এসব গল্প শুনিয়ে খালেদ মাসুদ একগাল হেসে ফেললেন, ‘এবার বুঝলেন আমাদের নিয়মিত সাফল্যের পেছনে কী আছে?’আমরা না হয় বুঝলাম। কিন্তু জহুরুল-সাকলাইনরা যে সাফল্যের মূল রহস্য অন্য জায়গায় খুঁজে পাচ্ছেন! ৯ ম্যাচে ৫৪ উইকেট নিয়ে লিগ-সেরা বোলার সাকলাইন সজীব বলছেন, ‘আমাদের সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ, পাইলট ভাইয়ের প্ল্যানিং আর ক্যাপ্টেনসি!’খালেদ মাসুদকে বড় কৃতিত্ব দিচ্ছেন জহুরুলও, ‘উনি এমনভাবে আমাদের দলটাকে একতাবদ্ধ করে রাখেন, সেটা না দেখলে বোঝা যাবে না। আমি বলব, পাইলট ভাইয়ের তৈরি করা এই একতাই বাকি দলগুলোর চেয়ে আমাদের এগিয়ে রেখেছে।’বাকি দলগুলোর সঙ্গে রাজশাহীর এই পার্থক্যটা ভালো ধরতে পেরেছেন ধীমান ঘোষ। আইসিএলে যাওয়ার আগে খেলতেন চট্টগ্রাম দলের হয়ে। আর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার খেললেন রাজশাহীর হয়ে। তিনি বলছেন, রাজশাহীর সঙ্গে বাংলাদেশের বাকি কোনো বিভাগীয় দলের তুলনাই চলে না, ‘আমি এর আগে অন্য দলে খেলেছি। আর বাকি প্রায় সব দলের ড্রেসিংরুম সম্পর্কে জানি। রাজশাহীর সঙ্গে কারও তুলনা হয় না। এই দলটার ড্রেসিংরুমে ঢুকলে আপনার মনে হবে, একটা টেস্ট দলের মতো প্রফেশনাল ক্রিকেটার সব। মাঠের বাইরে সবাই দারুণ আন্তরিক, আড্ডাবাজ। কিন্তু মাঠে কোনো আপস নেই। পুরো প্রফেশনাল। কোনো ক্রিকেটার বলতে পারবে না, তাকে বঞ্চিত করা হচ্ছে।’ধীমানের তো বলার সুযোগই নেই। খালেদ মাসুদ নিজে উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সেই মাসুদের দলের হয়েই লিগে সাতটি ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন ধীমান। আইসিএল-ফেরত ব্যাটসম্যানের কণ্ঠেও তাই মাসুদ-বন্দনা, ‘পাইলট ভাই চেষ্টা করেন, দলের সবাইকে চাপমুক্ত রাখতে। সে জন্য যা করা দরকার, তা-ই করেন।’এই প্রসঙ্গ আসতেই খুব আনন্দিত হয়ে উঠলেন সজীব, ‘আমরা চাপমুক্ত একটা পরিবারের মতো থাকার জন্য কত আনন্দ করি বলে বোঝানো যাবে না। একসঙ্গে মার্কেটে যাই, আড্ডা দিই। এই তো এবার সবাই মিলে কক্সবাজার আর সেন্টমার্টিন ঘুরে এলাম। এমন পরিবারের মতো দল আর কোথায় পাবেন?’খালেদ মাসুদ একটু তৃপ্তির হাসি হাসতে পারেন। সব ট্রফির চেয়ে বড় পাওয়া একটা ‘পরিবার’ পেয়ে গেছেন তিনি।