হরতাল সফল করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সারা দেশের জেলা-উপজেলায় নির্ধারিত প্রতিবাদ সমাবেশ থেকে হরতাল কর্মসূচি সফল করতে দেশবাসীর সমর্থন চাওয়া হয়। এ ছাড়া প্রচারপত্র বিতরণও শুরু করেছে দলটি।ঢাকা মহানগরে হরতাল সফল করতে যাবতীয় প্রস্তুতি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া তদারক করছেন বলে জানা গেছে। এরই মধ্যে তিনি ঢাকা মহানগরের থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাঁদের মাঠে থাকার নির্দেশ নিয়েছেন।বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে খালেদা জিয়া হরতালের সমর্থন চেয়ে শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হরতাল সফল করতে সব নেতা-কর্মীকে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় কর্মসূচি সঠিকভাবে পালনের জন্যও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত বুধবার দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বলেছেন, এই হরতালের মাধ্যমে সরকারের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পাবে।বিএনপির সাংসদ ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে বিএনপি হরতাল ডেকেছে। হরতাল করা ছাড়া আর কোনো উপায় ছিল না।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘হরতাল পালন আমাদের গণতান্ত্রিক অধিকার। সংসদকে কার্যকর করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হরতাল পালন ছাড়া আর গত্যন্তর ছিল না। দেশব্যাপী আওয়ামী লীগ হত্যা, নিপীড়ন, নির্যাতন, হামলা-মামলা ও গুমের রাজনীতি শুরু করেছে। সর্বোপরি খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। দেশে আইনের শাসন নেই। তাই দুই বছরে আমরা মাত্র তিনটি হরতাল আহ্বান করেছি।’দেশের কোটি কোটি ছিন্নমূল মানুষের জন্য বিএনপি কেন কখনো হরতাল ডাকেনি, এমন প্রশ্নের জবাব দেননি জয়নাল আবদিন ফারুক।