সফল গার্দিওলার ব্যর্থতা অন্যখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার কোচ হওয়ার পর খেলোয়াড় কেনায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করেছেন পেপ গার্দিওলা। কিন্তু তাঁর নির্বাচনে ন্যু ক্যাম্পে আসা প্রায় সব ফুটবলারই আলো ছড়াতে ব্যর্থপেপ গার্দিওলার হাতে যেন জাদুর কাঠি। কোচ হিসেবে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ, লিগসহ জিতলেন ছয়-ছয়টি শিরোপা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দলকে লিগ শিরোপা জিতিয়েছেন গত মৌসুমেও। এবারও লিগ, চ্যাম্পিয়নস লিগ শিরোপার দাবি নিয়েই এগিয়ে চলেছে গার্দিওলার বার্সেলোনা। লিগে ৩৩ ম্যাচ শেষে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে। লিগের বাকি অংশে অস্বাভাবিক কিছু না ঘটলে শিরোপা থাকবে ন্যু ক্যাম্পেই। বার্সেলোনাকে মোট ১৭৬ ম্যাচের ১২৯টিতেই উপহার দিয়েছেন জয় (গত বুধবারের এল ক্লাসিকো পর্যন্ত)। সাফল্যের হার শতকরা ৭৩.৩০!কিন্তু একটা জায়গায় বড় অনুজ্জ্বল গার্দিওলা। পুরোপুরি ব্যর্থ। ট্রফির পর ট্রফি জিতে একদিকে যেমন ভরে দিয়েছেন বার্সেলোনার ট্রফিকেস, অন্যদিকে বড়লোকের বখে যাওয়া ছেলের মতো উদার হাতে টাকা উড়িয়ে উজাড় করেছেন বার্সেলোনার অর্থভান্ডার! মূল দলের দায়িত্ব নিয়েছেন তিন বছরও হয়নি। এরই মধ্যে দলবদলের বাজারে গার্দিওলা ঢেলেছেন ৪০০ মিলিয়ন ডলার। এই সময়ে রিয়াল মাদ্রিদের ১০০০ মিলিয়ন খরচার কাছে এটা হয়তো কিছুই নয়। কিন্তু দলবদলের বাজারে গার্দিওলার ঢালা ৪০০ মিলিয়ন ডলারের অধিকাংশই জলে গেছে!লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লোস পুয়োল, ভালদেজ, জেরার্ড পিকে, পেদ্রো, বুসকেটস—এঁদের কাঁধে চেপেই আজ প্রায় অপ্রতিরোধ্য বার্সেলোনা। এঁরা প্রত্যেকেই বার্সেলোনার যুব প্রকল্পের আবিষ্কার। কিন্তু গার্দিওলা ৪০০ মিলিয়ন ডলার যাঁদের পেছনে ঢেলেছেন, তাঁদের প্রায় প্রত্যেকেই সুপার ফ্লপ। বার্সার মাঠের সাফল্যে তাঁদের ছোঁয়া নেই বললেই চলে!শুধু অপাত্রে টাকা ঢাললেও কথা ছিল। কোচ গার্দিওলা বার্সেলোনার দায়িত্ব নিয়ে স্যামুয়েল ইতোর মতো কার্যকর ফুটবলারকেও ক্লাবছাড়া করেছেন। আগের পাঁচ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকার। এই সময়ে বার্সেলোনার দুটি লিগ শিরোপার সঙ্গে একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ইতো। বার্সেলোনার জার্সিতে মোট ২০০ ম্যাচে করেন ১৩০ গোল। ২০০৮-০৯, বার্সেলোনার হয়ে সর্বশেষ মৌসুমেও ইতো করেন ৫২ ম্যাচে ৩৬ গোল। লিগে ৩৬ ম্যাচে ৩০টি।অথচ গার্দিওলা এই ইতোকে ন্যু ক্যাম্পছাড়া করেন পানির দরে বিক্রি করে! পছন্দের পাত্র সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে টানতে ইতোকে তো দেনই, সঙ্গে ইন্টারমিলানকে দেন নগদ ৪৯ মিলিয়ন পাউন্ড (৭০ মিলিয়ন ডলার)। অর্থাৎ ইব্রাহিমোভিচ=ইতো+৭০ মিলিয়ন ডলার! গার্দিওলার সিদ্ধান্তটা ঠিক ছিল কি ভুল, সেটা তো পরে সবাই দেখেছেই। গত মৌসুমে ইতোর ইন্টারমিলানের কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। আর ইতোর ইন্টার ঘরে তোলে শিরোপা। সঙ্গে লিগ, কাপ জিতে ইন্টার গড়ে প্রথম ‘ট্রেবল’ জয়ের রেকর্ড। আর যাকে এত মূল্য দিয়ে দলে টানা সেই ইব্রাহিমোভিচকে বার্সেলোনায় এসে ঠিক ইব্রাহিমোভিচ বলে মনে হয়নি। অনেকটা কোচের বিরাগভাজন হয়েই এই মৌসুমে যোগ দিয়েছেন এসি মিলানে!শুধু ইতোই নন, গার্দিওলা দায়িত্ব নিতেই বার্সার সুখের ঘরে ‘অপাঙেক্তয়’ হয়ে যান দুবারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো, ডেকো, জিয়ানলুকা জামব্রোত্তা, জিয়োভানি দস স্যান্টোস, এডমিলসন, লিলিয়ান থুরামরা। কেউ-ই টিকতে পারেননি গার্দিওলার সংসারে। ২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে এসে বার্সেলোনাকে হারিয়ে যায় ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক। এই ম্যাচ দিয়েই বার্সার নতুন কোচ গার্দিওলার নজর কাড়েন দোনেৎস্কের ডিফেন্ডার দিমিত্রো সিগ্রিনিস্কি। ২০০৯ সালেই ২৫ মিলিয়ন পাউন্ডে (৩৫ মিলিয়ন ডলার) বার্সেলোনায় যোগ দেন সিগ্রিনিস্কি। কিন্তু গার্দিওলার প্রথম চুক্তিই দেখে ব্যর্থতার মুখ। বার্সেলোনায় সিগ্রিনিস্কির সময়টা ভালো কাটেনি। তবে তাঁকে পর্যাপ্ত সময়ও দেওয়া হয়নি। তার আগেই ১০ মিলিয়ন পাউন্ড গচ্চা দিয়ে তাঁকে বেচে দেওয়া হয় ১৫ মিলিয়ন পাউন্ডে। ৮ মিলিয়ন পাউন্ডে (১১ মিলিয়ন ডলার) দলে নিয়ে আসা হেনরিকের বার্সেলোনার হয়ে খেলাই হয়নি।গার্দিওলার অধিকাংশ চুক্তিরই একই ফল। তাঁর ভালো চুক্তির মধ্যে উল্লেখ করার মতো দানি আলভেজ, ডেভিড ভিয়া, হাভিয়ের মাচেরানো, সবার শেষে নামমাত্র মূল্যে কেনা ইব্রাহিম অ্যাফেলে। কিন্তু মনের আড়ালে পড়ে ভালো যেন হারিয়েই গেছে! আর এর ফল, আগামী মৌসুমে গার্দিওলাকে আর বার্সেলোনার ঘরে নাও দেখা যেতে পারে। বাজারে গুঞ্জন, বার্সেলোনা ছেড়ে ইন্টারমিলানে আশ্রয় নিতে পারেন গার্দিওলা। ইন্টারের মালিক, সভাপতি মাসিমো মোরাত্তির সঙ্গে নাকি বৈঠকও করেছেন গার্দিওলা। দেখা যাক কী হয়! খলিলুর রহমান