এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
সফল চিকিৎসক হতে অনেক বেশি পরিশ্রমী হতে হবে
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২৫ জানুয়ারি এসেছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক খান আবুল কালাম আজাদ। কথা বলেছেন কথাবন্ধু লিনার সঙ্গে। চিকিৎসা পেশার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন ঢাকা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী আসিফ ইকবাল ও গোলাম হাসনাঈন।কথাবন্ধু: চিকিৎসক হতে হলে শিক্ষাগত যোগ্যতা কী হওয়া উচিত?খান আবুল কালাম আজাদ: চিকিৎসক হতে হলে অবশ্যই তাঁকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অনেক ভালো ফলাফল করতে হবে। এরপর তাঁকে এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি) কোর্সে ভর্তি হতে হবে। এমবিবিএস পাস করার পর তিনি চিকিৎসক হিসেবে নিবন্ধন পাবেন। এ ছাড়া চিকিৎসক হওয়ার পূর্বশর্ত হচ্ছে অধ্যবসায় ও লক্ষ্য। কথাবন্ধু: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনার মন্তব্য কী?খান আবুল কালাম আজাদ: আমাদের সময় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল দেখে ভর্তি করা হতো। কিন্তু এখন আসন স্বল্পতার কারণে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সব সরকারি ও বেসরকারি কলেজে ভর্তি পরীক্ষার নিয়ম এক এবং একই প্রশ্নে পরীক্ষা দিতে হয়। ভর্তি পরীক্ষা হয় এমসিকিউ (মাল্টিপল চয়েস সিস্টেম) পদ্ধতির মাধ্যমে। এমসিকিউ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। কথাবন্ধু: বর্তমানে বাংলাদেশে চিকিৎসকদের গুরুত্ব বা চাহিদা কেমন?খান আবুল কালাম আজাদ: পৃথিবীর যেকোনো দেশেই চিকিৎসকদের গুরুত্ব বা চাহিদা রয়েছে, আছে এবং থাকবে। বাংলাদেশেও চিকিৎসকদের গুরুত্ব অনেক। কারণ দেশের বিরাট একটা অংশ অপুষ্টি ও সংক্রমণ জাতীয় রোগে ভুগছে। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, তার মধ্যে বাংলাদেশে ১৬ কোটি জনগোষ্ঠীর মধ্যে প্রতি ৩০ হাজার লোকের জন্য একজন চিকিৎসক রয়েছেন। চিকিৎসকদের এ সংখ্যা আমাদের দেশে খুব একটা বেশি নয়। আসিফ ইকবাল: আমাদের দেশের পল্লি চিকিৎসকদের অনেকের কোনো প্রশিক্ষণ নেই, আবার অনেকেই পাস না করেও চিকিৎসা কার্যক্রম শুরু করেন।এ ব্যাপারে আপনার মতামত কী?খান আবুল কালাম আজাদ: আমাদের দেশে যেসব পল্লি চিকিৎসক আছেন, তাঁরা তো কেউই প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তাঁরা কোনো না কোনোভাবে কিছু ওষুধের নাম জেনেছেন, দু-একটা রোগের নাম জেনেছেন। কোন ওষুধ কোথায় কাজ করবে, সে সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই। ফলে চিকিৎসা অসফল হয়। তাই তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে কর্তৃপক্ষ। চিকিৎসার ক্ষেত্রে তাঁরা কী কী চিকিৎসা দিতে পারবেন, সে বিষয়ে নির্দেশনা দিতে পারেন। তাহলেই এ অবস্থা থেকে কিছুটা উত্তরণ পাওয়া সম্ভব বলে আমার মনে হয়। কথাবন্ধু: একজন সফল চিকিৎসক হতে হলে কী কী গুণাবলি থাকা প্রয়োজন?খান আবুল কালাম আজাদ: একজন সফল চিকিৎসক হতে হলে তাঁকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। রোগ নির্ণয় করার মতো সতর্ক মানসিকতা থাকতে হবে। আন্তরিক হতে হবে। চরিত্রবান হতে হবে।কথাবন্ধু: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করা চিকিৎসকদের মধ্যে তফাত কী?খান আবুল কালাম আজাদ: মেডিকেল কলেজগুলো সরকারি বা বেসরকারি যা-ই হোক না কেন, সিলেবাস বা পাঠ্যক্রম কিন্তু একই রকম থাকে, একই জিনিসের ওপর। পরীক্ষা পদ্ধতিও একই রকম হয়। তবে বেসরকারি কলেজগুলো সে রকম প্রাতিষ্ঠানিকভাবে সবল হয়ে ওঠেনি। কথাবন্ধু: আপনি কি মনে করেন, সবগুলো মেডিকেল কলেজ যোগ্য চিকিৎসক গড়ে তুলতে পারছে?খান আবুল কালাম আজাদ: বাংলাদেশের চিকিৎসকেরা দেশ-বিদেশে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। বর্তমানে বিশাল এক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা দিচ্ছেন আমাদের দেশের চিকিৎসকেরা। এটাই আমাদের দেশের চিকিৎসকদের সবচেয়ে বড় যোগ্যতা। আমাদের দেশের চিকিৎসকেরা পৃথিবীর কোনো দেশের তুলনায় পিছিয়ে নেই। শ্রোতাবন্ধু ফকির টুটুল (খুদে বার্তার মাধ্যমে): আমাদের দেশে অনেক চিকিৎসক এক হাজার টাকা ফি নিচ্ছেন, এটা কতটুকু যুক্তিযুক্ত? খান আবুল কালাম আজাদ: আমাদের দেশে এখনো চিকিৎসকদের জন্য নির্দিষ্ট কোনো ফি নেই। যেহেতু বিএমডিসি বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই যে কে কত ফি নেবেন। তাই যাঁর যেমন ইচ্ছে তিনি তেমন ফি নিচ্ছেন। তবে সাধারণ মানুষের সীমার মধ্যে রেখেই চিকিৎসকদের ফি নেওয়া উচিত। কথাবন্ধু: এমবিবিএস পাসের পর বিশেষজ্ঞ চিকিৎসক হতে হলে নতুন কেউ নিজেকে কীভাবে প্রস্তুত করবেন?খান আবুল কালাম আজাদ: সে ক্ষেত্রে চিকিৎসকদের আগেই ঠিক করতে হবে আপনি কোন শাখায় বিশেষজ্ঞ হবেন। আমাদের দেশে অনেকগুলো ডিগ্রি বা ডিপ্লোমা রয়েছে বিশেষজ্ঞ হওয়ার জন্য। এফসিপিএস ও এমডিএমএস (ডক্টর অব মেডিসিন বা মাস্টার অব সার্জারি) ডিগ্রি রয়েছে। তাই বিশেষজ্ঞ হওয়ার জন্য তাঁকে ওই বিষয়ের ওপর পড়াশোনা করতে হবে। কথাবন্ধু: বাংলাদেশের ডিগ্রির সঙ্গে বাইরের দেশের ডিগ্রির তফাত কী?খান আবুল কালাম আজাদ: সে ক্ষেত্রে দেখতে হবে ডিগ্রিটা কে দিচ্ছে। যদি বাংলাদেশ থেকে আপনি ফেলোশিপ করেন, তাহলে এর নাম হবে এফসিপিএস। আর যদি রয়েল কলেজ থেকে করেন তাহলে এর নাম হবে এফআরসিপি। যদি আমেরিকান কলেজ থেকে হয় তাহলে এফএসিপি। আসলে বিশ্বে কোর্স বা পাঠ্যসূচি কিন্তু একই রকম।কথাবন্ধু: নতুন চিকিৎসক হিসেবে পেশা গড়ার ক্ষেত্রে আপনার দিকনির্দেশনা কী হবে?খান আবুল কালাম আজাদ: লক্ষ্য ও অধ্যবসায় ছাড়া চিকিৎসা পেশায় আসা সম্ভব নয়। দ্বিতীয়ত, বিশেষজ্ঞ হতে হলে অনেক বেশি পড়াশোনা করতে হবে। ঠিক করতে হবে আপনি কোন বিষয়ের ওপর বিশেষজ্ঞ হতে চান। সবশেষে আন্তরিকভাবে কাজ করলে সফলতা অবশ্যই আসবে।গ্রন্থনা: সুদীপ দে