সফল না হলেও সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, সরকার আগামী তিন বছরের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হবে। তিনি বলেন, গত দুই বছরে সরকার শতভাগ সফল না হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে শতভাগ আন্তরিক ছিল। বিগত দুই বছরে সরকারের ব্যর্থতা ও সফলতা উভয়ই আছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তা নির্দ্বিধায় স্বীকারও করেছেন।আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।সরকারের বিগত দুই বছরের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নবতর পথ চলার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধী দলও ততটা ক্ষতি করতে পারবে না, যতটা ক্ষতি করতে পারবে চাটুকার, মোসাহেব ও বেপরোয়া বাহিনী।ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে। কিন্তু জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হওয়ার এক মিনিটের মধ্যে বিএনপির নেতা এম কে আনোয়ার বললেন, প্রধানমন্ত্রীর ভাষণ জাতিকে হতাশ করেছে। ১৬ কোটি জনগণের পক্ষে কথা বলার জন্য ১৬ মিনিটও অপেক্ষা না করে কোন ঐশী বাণীর বলে তিনি বললেন যে ভাষণে জাতি হতাশ হয়েছে।’দেশের রাজনীতির অবস্থা সুস্থ নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির অবস্থা এমন যে যদি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয়, বিরোধী দল বলবে, সূর্যকে পশ্চিম দিকে উদিত হতে হবে। এটা রিঅ্যাকটিভ পলিটিকস নয়, এটা প্রো-অ্যাকটিভ পলিটিকস।’বর্তমান অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে—বিএনপির নেতা মওদুদ আহমদের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ৩০ সংখ্যাটাকে একটু বেশিই পছন্দ করেন। ১৯৯৬ সাল থেকেই তারা এ ধরনের কথা বলে আসছেন। নবম সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের নেতারা বলেছিলেন, আগের নির্বাচনে আওয়ামী লীগ ৬০টি আসন পেলেও এবার ৩০টির বেশি আসন পাবে না। ওনাদের কথা শেষ পর্যন্ত ওনাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। নিজেরাই ৩০টির বেশি আসন পায়নি।’বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদের সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন, সাংসদ এ বি এম আনোয়ারুল হক, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ। বাসস।