সমাজের নানা প্রতিকূলতার মধ্যে আমরা কাজ করেছি। কখনো ভয় ও বাধা পেয়ে লক্ষ্য থেকে সরে আসিনি। বাংলাদেশের নারীরা এভাবেই কাজ করে সফলতার দিকে এগিয়ে যায়। এ সম্মাননা নারীদের কাজের প্রেরণা দেবে।আজ সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০০৯’-এ সম্মাননা পাওয়া কৃতী নারীরা এভাবেই তাঁদের অনুভূতির কথা জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেড।সাংবাদিকতা, সমাজ উন্নয়ন ও ব্যবসায় উদ্যোগে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর তিনজনকে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০০৯’ দেওয়া হয়। কীর্তিমতী সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের ফটোসাংবাদিক বিলকিস আক্তার। নার্সারি ব্যবসা করে কীর্তিমতী নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদপুরের রাশিদা বেগম। দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে কীর্তিমতী হিতৈষী হিসেবে পুরস্কার পেয়েছেন গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণাধারা চৌধুরী।আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে প্রথমবারে মতো আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে। তাঁর অনুপস্থিতিতে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর কন্যা ফ্লোরা নাসরিন। তাঁর হাতে সম্মাননার এক লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন কথাসাহিত্যিক রাবেয়া খাতুন।কীর্তিমতীদের হাতে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন সংগীতশিল্পী রুনা লায়লা, দেশ গার্মেন্টসের চেয়ারপারসন রোকেয়া কাদের খান, স্কয়ার কনজুমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা।