সফল যাঁরা, নিষ্প্রভ যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে দেখতে শেষ হয়ে গেল ক্লান্তিকর ভ্রমণ। ১৯ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হয়েছিল যে বিশ্বকাপ, কাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার ফাইনাল দিয়ে তার পর্দা নামল। ৪৩ দিনের দীর্ঘ সফর শেষে পেছনে ফিরে তাকালে আমরা কী দেখি? টুর্নামেন্টের শুরুতে যাঁদের নিয়ে প্রত্যাশাটা উঁচুতে ছিল, তাঁদের কেউ প্রদীপের আলোটা ছড়িয়েছেন আপন দক্ষতায়, প্রত্যাশার চাপে অনেকেই আবার সুপার ফ্লপ। সফলদের তালিকা করলে প্রথমেই উঠে আসে শচীন টেন্ডুলকার, যুবরাজ সিং, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, জহির খান, মুরালিধরনদের নাম। প্রত্যাশার নিচে চাপা পড়াদের দীর্ঘ তালিকার ওপরের দিকেই থাকবেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, ক্রিস গেইল, ইউসুফ পাঠান, কাইরণ পোলার্ড, গ্রায়েম সোয়ানরা। বয়স ৩৮ ছুঁইছুঁই। সন্দেহাতীতভাবেই এটা ছিল ব্যাটিং মায়েস্ত্রো শচীন টেন্ডুলকারের শেষ বিশ্বকাপ। বলা যায়, ব্যাটে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পেরেছেন লিটল মাস্টার। ফাইনালের আগ পর্যন্ত ৮ ম্যাচে করেছেন ৪৬৪ রান, গড় ৫৮.০০। দুটি সেঞ্চুরির সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ও পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল, দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি (৫৩ ও ৮৫)। ফলে টুর্নামেন্টের প্রায় সবটুকু আলোই কেড়ে নিয়ে শচীন টেন্ডুলকার কাল নিজের মাঠ ওয়াংখেড়েতে নেমেছিলেন ট্রফি-যুদ্ধে। এই যুদ্ধে বিজয়ী হয়ে টেন্ডুলকার অনন্য ইতিহাসের সাক্ষী হয়েছেন কি না, সেটা এতক্ষণে সবারই জানা। রানের বিচারে টেন্ডুলকারের চেয়েও সফল দিলশান। শ্রীলঙ্কান এই ওপেনার করেছেন ৮ ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৬৭ রান (ফাইনালের আগ পর্যন্ত)। সমান ম্যাচে সাঙ্গাকারা ৪১৭ রান, উপুল থারাঙ্গা করেছেন ৩৯৩ রান।সফল শেষ বিশ্বকাপ খেলতে নামা মুরালিধরনও। বলে আগের সেই বিষ হয়তো ছিল না, তবে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ফাইনালে নিয়ে আসতে তাঁর ভূমিকা বিশেষ। বল হাতে দুর্দান্ত দেখিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি আর ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার জহির খান। ৮ ম্যাচে আফ্রিদির উইকেট ২১টি, জহির খানের ১৯টি। স্পিন-রাজ্যে একজন পেস বোলারের সাফল্যকে ঈর্ষণীয়ই বলা যায়।টেন্ডুলকারের মতোই ক্যালি, পন্টিংদের এটাই শেষ বিশ্বকাপ। প্রত্যাশার ঘোড়ায় চেপেই তাঁরাও নেমেছিলেন বিশ্বকাপ-যুদ্ধে, কিন্তু ব্যর্থ। অস্ট্রেলিয়ার অধিনায়ক পন্টিংয়ের ব্যাট থেকে প্রথম ৬ ম্যাচে আসে মাত্র ১০২ রান। অবশেষে ‘আমি বড় ম্যাচগুলোর জন্য রান জমিয়ে রাখছি’ দাবি মতো ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করে বসেন সেঞ্চুরি। কিন্তু ওই ম্যাচে হেরেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ান সাম্রাজ্যের পতন নিশ্চিত করে তাঁকে ফিরতে হয়েছে দেশে।টেস্টে ১১৯৪৭ রান ও ২৭০ উইকেট, ওয়ানডেতে ১১২২৭ রান ও ২৬৪ উইকেট—সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা নিজের করে নেবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। দক্ষিণ আফ্রিকার ‘চোকার্স’ অপবাদ মুছে ফেলার জন্যও ক্যালিসের জ্বলে ওঠাটা বিশেষ প্রয়োজন ছিল। কিন্তু ক্যালিস আলো জ্বলেনি। সাত ম্যাচে মাত্র ২২৫ রান আর ৫ উইকেট। দুটি মাত্র হাফ সেঞ্চুরি ভারত ও বাংলাদেশের বিপক্ষে। ফলাফল, স্বপ্নভঙ্গের বেদনায় কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়।একই হরভজন সিংকে ঠিক হরভজন সিং বলে মনে হয়নি। ৮ ম্যাচে নিয়েছেন মাত্র ৮ উইকেট। যদিও দল ফাইনালে উঠে যাওয়ায় এবং সেই লড়াইয়ে জিতে থাকলে হরভজনের ব্যর্থতা আড়ালে চলে গেছে। একই কথা প্রযোজ্য ইউসুফ পাঠানের ক্ষেত্রে। মারমুখী ব্যাটিংয়ের সুবাদে বিশেষ কৌতূহল ছিল তাঁকে নিয়ে। কিন্তু বিশ্বকাপে তিনি সুপার ফ্লপ। ৬ ম্যাচে মাত্র ৭৪ রান, ১ উইকেট।প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিটা মেলাতে পারেননি ইংল্যান্ডের স্পিনার গ্রায়েম সোয়ান। বিশ্বকাপের আগে ছিলেন দুর্দান্ত ফর্মে। ইংল্যান্ডকে পার করার দায়িত্ব ছিল তাই তাঁর কাঁধে। কিন্তু ৭ ম্যাচে ১২ উইকেট, সোয়ান ঠিক সোয়ান রূপে জ্বলতে পারেননি, ইংল্যান্ডও কেঁদে-ককিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেই শেষ।ওয়েস্ট ইন্ডিজের স্বপ্নের কান্ডারি ছিলেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড। কিন্তু দুজনেই হতাশ করেছেন। পোলার্ড হল্যান্ড ও আয়ারল্যান্ড ম্যাচ দুটিতে ঝলক দেখালেও ওখানেই শেষ। সাত ম্যাচে করেছেন মাত্র ১৮০ রান। হল্যান্ডের বিপক্ষেই একমাত্র হাফ সেঞ্চুরি করা গেইল পাঁচ ম্যাচে করেছেন মাত্র ১৭০ রান।বীরেন্দর শেবাগ, শেন ওয়াটসনরা আলোচনায় ছিলেন। এই দুজন সফলও নন, ব্যর্থও নন। শেবাগ টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ ৩৮০ রান করেছেন বটে; তবে তাঁর ১৭৫ রানই এক ম্যাচে, বাংলাদেশের বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে জ্বলে ওঠার ইঙ্গিত দিলেও দ্রুতই নিভে গেছেন। ওয়াটসন ৩টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ২৯০ রান।ব্যর্থতার তালিকায় অবধারিতভাবেই যোগ হয়ে যাচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব-আল হাসান, ওপেনার তামিম ইকবালের নাম। তাঁদের নিয়ে দেশবাসীর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। কিন্তু তাঁরা প্রত্যাশা মেটাতে পেরেছেন সামান্যই। ৬ ম্যাচে সাকিব ১৪২ রানের সঙ্গে নিয়েছেন ৮টি উইকেট। একটি মাত্র হাফ সেঞ্চুরি করা তামিমের মোট রান ১৫৭।