সফল স্থপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসটা বেশ গোছালো হলেও এখানে-সেখানে পড়ে আছে গৃহনির্মাণের নকশার উপকরণ। সেলফের তাকে সাজানো আছে বিভিন্ন বহুতল ভবনের মডেল, টাইলসের টুকরা, গৃহসজ্জার এটা-ওটা। সব মিলিয়ে এখানে যে গৃহনির্মাণের মহাযজ্ঞ, তা দেখেই বোঝা যায়। বিভিন্ন ভবনের নকশা ও অন্দরসজ্জার কাজ করে তানিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের প্রতিষ্ঠান।১৯৯০ সালের কথা। তানিয়া করিম তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষে পড়েন। সহপাঠী এন আর খানকে সঙ্গে নিয়ে নিজেরাই একটা কিছু করার কথা চিন্তা করলেন। তানিয়া করিমের ধানমন্ডির বাসার একটি ঘরকে অফিস বানিয়ে শুরু হলো কাজ। প্রথমে দুজন মিলে আত্মীয়স্বজন ও পরিচিতদের বিভিন্ন ভবনের নকশা করার কাজ শুরু করলেন। তানিয়া করিম বলেন, ‘শুরুতেই আয় করার বিষয়টি আমরা ভাবিনি, প্রথম চেষ্টাটা ছিল ভালো কাজের মাধ্যমে পরিচিতি লাভ করা।’ এভাবেই কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে পরিচিত হয়ে গেলেন তাঁরা। এরই মধ্যে তানিয়া করিমের বিয়ে হয়ে যায়। ‘স্বামী জিয়া সিদ্দিকী ও শ্বশুরবাড়ির লোকেরা তখন আমার পশে এসে দঁড়িয়েছে, কাজের জন্য নানাভাবে উৎসাহ দিয়েছে।’ বলছিলেন তানিয়া করিম।এরই মধ্যে আট-দশটা ভবনের নকশা করার কাজ করা হয়ে গেছে। পাশাপাশি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের অন্দরসজ্জার কাজও করলেন তাঁরা। এরই মধ্যে নিজেদের প্রতিষ্ঠানের নামডাক কিছুটা বেড়েছে, বেড়েছে কাজের পরিধি। বাসার অফিস ছেড়ে আলাদা একটা বাসায় অফিস করলেন তাঁরা। এভাবেই তানিয়া করিম তাঁর বন্ধু এন আর খানকে সঙ্গে নিয়ে একের পর এক কাজ সফলভাবে করতে লাগলেন। ‘বিভিন্ন অন্দরসজ্জার কাজগুলো মূলত আমিই বেশি করি আর গৃহনকশার কাজগুলো করেন এন আর খান। তবে যা-ই করা হয়, দুজনের মধ্যে আলোচনার মাধ্যমেই আমরা করি। পরস্পরের প্রতি সম্মান ও বিশ্বাস আমাদের প্রতিষ্ঠান সফল হওয়ার পেছনে কাজ করেছে। এর পাশাপাশি কাজের প্রতি ভালোবাসা, প্রতিশ্রুতি বজায় রাখাও আমাদের এগিয়ে নিতে সহায়ক হয়েছে।’ বললেন তানিয়া করিম।নিজেদের ভালো কাজের জন্য পেয়েছেন বেশ কিছু স্বীকৃতি। বনানীতে বিজেএমইএর সাবেক সভাপতি আনিসুল হকের বাসার ডিজাইন করার পর ২০০০ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্ট থেকে সেরা ডিজাইনার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এই বাড়িটি নিয়ে পরে দুবাইভিত্তিক আর্কিটেকচার প্লাস নামের একটি ম্যাগাজিন সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। বাংলা একাডেমীর মিলনায়তন, গ্রন্থাগারসহ আরও বেশ কিছু ভালো কাজ করেছেন তাঁরা। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে ভুটানে দুস্থ নারীদের জন্য রিনিউ নামের একটি স্থাপনা ডিজাইন করেছেন তাঁরা। এ ছড়া দুবাই ও ওমানের বর্ডার পোস্টও ডিজাইন করেছে তাঁর প্রতিষ্ঠান। বর্তমানে ভারতীয় হাইকমিশনের স্থানীয় কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। তানিয়া করিমের ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ বছর তিনি ‘আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস’ হিসেবে ডিএইচএল ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছেন। তানিয়া করিম বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে নিজের কাছে নিজের দায়বদ্ধতা বেড়ে যায়, ভেতর থেকে আরও ভালো কাজের তাগিদ আসে। নিজের কাজের বাইরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যা পড়ান তিনি।‘শিক্ষার্থীদের বলি, দেশেই ভালো ভালো কাজ হচ্ছে। বিদেশে না গিয়ে লেখাপড়া করে দেশের জন্য কিছু করো।’ বললেন তানিয়া করিম।কাজের বাইরে এক দিন পরিবারের জন্য বরাদ্দ থাকে। স্বামীসহ চার ছেলেকে নিয়ে সারা দিন কাটান তিনি। আর প্রতিদিন অফিসে যাওয়া হয়, নয়তো বিভিন্ন স্থানে তাঁদের প্রতিষ্ঠানের কাজ দেখতে বের হন তিনি। তাঁর বিভিন্ন কাজের সঙ্গে সঙ্গে দেশি বিভিন্ন শিল্পীর বিভিন্ন শিল্পকর্মই সবচেয়ে বেশি ব্যবহার করেন তিনি। লক্ষ্য দেশীয় শিল্পের আরও পরিচিতি ও প্রসার ঘটানো। যে দেশ আমাদের জন্য এত কিছু দিয়েছে, সেই দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করার সঙ্গে সঙ্গে তাঁর কাজের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সবাই আলাদাভাবে চিনুক—এমন স্বপ্নই দেখেন তানিয়া করিম।