পেশাদার ক্রিকেটারের জীবন। টানা খেলায় হাঁপিয়ে ওঠে, আবার বাড়তি বিশ্রামেও! ১০ দিনে ৫ ম্যাচ আর অস্ট্রেলিয়ার এ-মাথা থেকে ও-মাথায় চক্কর কেটে ক্লান্ত শ্রীলঙ্কান ক্রিকেটারদের দুই দিনের ছুটি দেওয়া হয়েছিল বাংলাদেশে আসার পর। কিন্তু দুই দিনের বিশ্রামকে তিন দিন বানিয়ে দিল কালকের ‘সরকারি হরতাল!’ কী আর করা, হোটেলেই তাই রুমের সামনে ব্যাট-বল নিয়ে টুকটাক! কালকের ঢাকার একটা প্রতীকী ছবি হতে পারে ওই দৃশ্য—ম্যাচের আগের দিন অবরুদ্ধ শ্রীলঙ্কা দলের ‘হোটেল ক্রিকেট!’ হোটেল থেকে বেরোতে পারেনি আজকের ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ ভারতও। প্রকৃতির বাধা ছাড়া ম্যাচের আগের দিন অনুশীলন না করা যথেষ্টই বিরল। হোটেলে ঘোরাঘুরি, জিম আর সুইমিং, এমন আয়েশি ম্যাচের আগের দিন তাই খুব কমই এসেছে জয়াবর্ধনে-ধোনিদের জন্য। কূটনৈতিক ভদ্রতার কারণে কোনো দলই এ নিয়ে খুব একটা উচ্চবাচ্য বা ক্ষোভ জানায়নি। তবে টুর্নামেন্ট কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকেরা যারপরনাই বিস্মিত। এতটাই নিরাপত্তাঝুঁকি যে ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারল না কোনো দল!মাঠের অনুশীলন না হওয়ায় প্রতিপক্ষকে নিয়ে গবেষণার সময় অবশ্য যথেষ্টই পেল দুই দল। তবে এটারই প্রয়োজন সবচেয়ে কম। ওয়ানডে ইতিহাসে আর কোনো দল যে একে অপরের বিপক্ষে এত বেশি ম্যাচ খেলেনি! ইতিহাস থেকে সাম্প্রতিক ইতিহাসে নেমে আসা যাক, তবুও এগিয়ে এই দুই দল। ২০০৮ থেকে ২০১০—দুই দলের ১৩৩ লড়াইয়ের ৩৪টিই হয়েছে এই দুই বছরে! গত বছর শুধু বিশ্বকাপ ফাইনাল। এ বছর এরই মধ্যে সিবি সিরিজে চারবার, আজ এশিয়া কাপে, সামনেই আছে দ্বিপাক্ষিক সিরিজ। হাতের তালুর মতো চেনা প্রতিপক্ষের জন্য পরিকল্পনায় সময় কাটানোর কী আর প্রয়োজন!শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড তবু একটি পরিকল্পনার কথা জানালেন। শচীন টেন্ডুলকারের ৯৯তম সেঞ্চুরির বর্ষপূর্তি হলো কাল, শততম সেঞ্চুরি নিয়ে আশা আর হাহাকার এখন অনেকটাই কমে এসেছে। তার পরও নতুন টুর্নামেন্ট, যথারীতি নতুন করে জাগছে আশা। গুঞ্জন আছে, বোর্ডার-গাভাস্কার ট্রফি ও লম্বা সিরিজের ধকলের পরও টেন্ডুলকার স্বয়ং এশিয়া কাপ খেলতে এসেছেন স্রেফ ওই সেঞ্চুরিটার জন্য। তবে শ্রীলঙ্কা কোচ জানালেন, টেন্ডুলকারকে আটকাতে ‘বিশেষ’ এক পরিকল্পনা আছে তাঁদের!তবে দুই দলের সর্বশেষ ম্যাচ বলছে, বিশেষ পরিকল্পনা প্রয়োজন আছে আরেকজনের জন্যও। প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেতে ৭৮ ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল টেন্ডুলকারকে, বিরাট কোহলি ৯ সেঞ্চুরি করে ফেলেছেন ৮২ ম্যাচে। এর সর্বশেষটি সম্ভবত ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসগুলোর একটি। হোবার্টে কোহলির ৮৬ বলে অপরাজিত ১৩৩ রানে শ্রীলঙ্কার ৩২০ রানের পাহাড় ভারত টপকে গিয়েছিল ৩৬.৪ ওভারেই! শুধু ওই ম্যাচ নয়, সিবি সিরিজের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ভারত (২-১, একটি টাই)।তবে তাই বলে ভারতকে ফেবারিট বলে দেওয়ার উপায় নেই। সিবি সিরিজে ভারতের বিপক্ষে পারফরম্যান্সের উল্টো ছবিও শ্রীলঙ্কার আছে, স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়েছে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই। নতুন কোচ আর পুরোনো দায়িত্বে নতুন করে ফেরা অধিনায়কের নেতৃত্বে দারুণ উজ্জীবিত মনে হয়েছে শ্রীলঙ্কাকে। বিশ্বকাপ ফাইনালের পর থেকে তিলকারত্নে দিলশানের নেতৃত্বে ধুঁকতে থাকা দল সদর্পে ঘুরে দাঁড়িয়েছে মাহেলা জয়াবর্ধনের অনুপ্রেরণাদায়ী নেতৃত্বে। টুর্নামেন্টে পরিষ্কার কোনো ফেবারিট না থাকলেও খানিকটা এগিয়ে রাখা যায় বরং শ্রীলঙ্কাকেই।চোটের কারণে থিসারা পেরেরার খেলতে না-পারা অবশ্য বড় একটা ধাক্কা শ্রীলঙ্কার জন্য। অ্যাঞ্জেলো ম্যাথুসের খেলা নিয়েও আছে সংশয়। এমন দুই অলরাউন্ডার না-থাকা মানে দলের সমন্বয়টাই উল্টোপাল্টা হয়ে যাওয়ার কথা। অস্ট্রেলিয়ায় শেষ দিকে দিলশানসহ পাঁচ বোলার নিয়ে খেলে বুদ্ধিদীপ্ত নেতৃত্বে কাজ চালিয়ে গেছেন জয়াবর্ধনে। তবে মিরপুরের উইকেটে সেটা হবে বড় এক ঝুঁকি। একাদশ নিয়ে তাই ভাবতে হবে শ্রীলঙ্কাকে। বীরেন্দর শেবাগ না থাকায় বহু আলোচিত ‘পর্যায়ক্রমিক ধারা’ নিয়ে মাথাব্যথা নেই ভারতের। ওপেনিংয়ে টেন্ডুলকার-গম্ভীর, একাদশে শেবাগের জায়গা নেবেন দলে ফেরা ইউসুফ পাঠান। রবীন্দ্র জাদেজা ও পাঠান ভাইদের নিয়ে কাগজে-কলমে ভারতের একাদশ দেখাবে আবার বেশি ব্যালান্সড, ধোনির হাতে বিকল্পের অভাব নেই। এবার ঢাকায় আসার পর আজই প্রথম মিরপুর স্টেডিয়ামের চেহারা দেখবে লঙ্কানরা। অনুশীলন না করেই ম্যাচ খেলা নিয়ে কিছুটা হতাশ কোচ ফোর্ড ও বোলিং কোচ চম্পকা রমানায়েকে। তবে দুজনেরই ধারণা, ম্যাচের মধ্যে থাকায় খুব একটা সমস্যা হবে না। ভারতও অবশ্য একটা অনুশীলন সেশনই পেয়েছে। এটা খুব বেশি পার্থক্য গড়ে দেওয়ার কথা নয়। ভারত চাইবে জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে, আর শিরোপা পুনরুদ্ধারের মিশনে একই চাওয়া থাকবে শ্রীলঙ্কারও। আর দর্শকদের প্রত্যাশা—এশিয়া কাপের সফলতম দুই দল উপহার দিক রোমাঞ্চকর এক ম্যাচ!