পেশাজীবনে সফল হতে পেরুতে হয় অনেক চড়াই-উতরাই।সাফল্যের পথ কখনো মসৃণ, কখনো বন্ধুর। পেশাজীবনে নানা বাঁক ঘুরে হওয়া যায় সফল।পেশাজীবনে সফলতা পাওয়ার কথা এখানে জানাচ্ছেন স্ট্যান্ডার্ড চর্টার্ড ব্যাংকের হেড অব মার্কেটিং—বাংলাদেশ (কনজ্যুমার ব্যাংকিং) আফতাব মাহমুদ খুরশিদনানা পেশার নানা বাঁকে: পেশাজীবনে আমার কর্মক্ষেত্রের পরিধি বিস্তৃত। আমি বিভিন্ন শিল্পখাতে কাজ করেছি। ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস, খুচরা, রপ্তানি, ইলেকট্রনিক পণ্য, আর্থিক পণ্য, টেক্সটাইল, মিডিয়া, ওয়াইম্যাক্স প্রযুক্তি ও ব্যাংকিংয়ের মতো নানা মাত্রিক পণ্য এবং সেবার বিপণন ও ব্র্যান্ডিংয়ে কাজ করার সুযোগ হয়েছে আমার। সেজন্য পেশাজীবন নানা বাঁক নিয়েছে। এই বাঁকগুলো সফলভাবে পেরুতে সবচেয়ে বেশি কাজে দিয়েছে আমার ব্যক্তিগত যোগাযোগ-দক্ষতা। পাশাপাশি শিক্ষাজীবনের সহশিক্ষা কার্যক্রমগুলোও আমার কাজগুলোকে সহজ করেছে; দিয়েছে ভিন্নমাত্রা। আমার সৃজনশীল সিদ্ধান্ত আর ভাবনার মূল ভিত্তি সাংস্কৃতিক-চর্চা আর খেলাধুলা। নেতৃত্ব দেওয়ার বিষয়টি এসেছে শিক্ষাজীবন থেকেই। কঠিন সময়: পেশাজীবনে মাঝেমধ্যেই কঠিন সময়ের সম্মুখীন হতে হয়। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়ে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বা আমি যা নিয়ে কাজ করছি, সেটা বোঝাতেই কিছু সময় চলে যায়। কাজটা সব সময় অতটা সহজও হয় না। তবে একটি বিষয় আমি বিশ্বাস করি, যোগ্যতা থাকলে এবং একাগ্রতার সঙ্গে কাজ করলে পথ যত বন্ধুরই হোক না কেন, এগিয়ে যাওয়া যায়। আসলে সফলতার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। বাংলাদেশে বিপণন, বিশেষ করে ব্র্যান্ড নিয়ে আমরা যখন কাজ শুরু করি, তখন ব্র্যান্ড-সচেতনতা এখনকার মতো ছিল না। এমনকি এখনো ব্র্যান্ডিং বলতে অনেকেই শুধু বিজ্ঞাপন বা জনসংযোগকেই বোঝে। আসলে ব্র্যান্ড হচ্ছে একটি প্রতিষ্ঠানের সবকিছু। বিপণন তথা ব্র্যান্ড পেশাজীবীদের প্রতিষ্ঠানের সব বিভাগ নিয়ে ভাবতে হয়, প্রতিটি বিভাগের কাজের সমন্বয়ও করতে হয়। শুরুর দিকে এ বিষয়গুলো প্রতিষ্ঠা করতে বেগ পেতে হয়েছে আমাদের। নবীণদের জন্য: বিপণন, বিশেষ করে যাঁরা ব্র্যান্ড ব্যবস্থাপনায় কাজ করতে চান কিংবা নতুন কাজ করছেন, তাঁদের বলব, হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। দেশি-বিদেশি প্রচুর কেস স্টাডি নিয়ে কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি জায়গায় সৃজনশীলতার চর্চা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অনুলিখন: জাবেদ সুলতান