সফলভাবে ফিরে এল শেনঝু-৯ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দিনের মহাকাশ অভিযান শেষ করে তিন নভোচারী নিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এল চীনের স্পেস ক্যাপসুল (মহাশূন্যে পরিভ্রমণের বিশেষ যান) শেনঝু-৯। ক্যাপসুলটি আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা পাঁচ মিনিটে চীনের উত্তরাঞ্চলের মঙ্গোলিয়ায় অবতরণ করে। সফল এই অভিযানের মাধ্যমে ২০২০ সাল নাগাদ মহাকাশ স্টেশন নির্মাণের লক্ষ্যে চীন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলল। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, তিন নভোচারীকে নিয়ে শেনঝু-৯-এর পৃথিবীতে অবতরণের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। তিন নভোচারীর একজন হলেন মহাকাশে যাওয়া চীনের প্রথম নারী নভোচারী লিউ ইয়াং। ইয়াংকে তাঁর দেশ জাতীয় বীরের মর্যাদা দিয়েছে।বেইজিংয়ে বিবিসির সাংবাদিক মার্টিন প্যাশেন্স লিউ ইয়াং সম্পর্কে বলেন, ‘মহাকাশে যাওয়ার কয়েক দিন আগেও যিনি ছিলেন অপরিচিত, পৃথিবীতে ফেরার পর তিনিই হয়ে গেলেন চীনের সবচেয়ে পরিচিত ব্যক্তি।’চলতি সপ্তাহের শুরুতে তিন নভোচারী মহাকাশে ঘণ্টায় হাজার মাইলে পরিভ্রমণরত দুটি যানকে একত্রে স্থাপন করতে সক্ষম হন। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে যান দুটির মেরামতও করেন তাঁরা। সূক্ষ্ম ও জটিল এই প্রক্রিয়াটি এর আগে ষাটের দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মহাকাশ দল সফলভাবে সম্পন্ন করে।ক্যাপসুলের গতি কমাতে প্যারাসুটের মাধ্যমে তিন নভোচারী ধীরে ধীরে আজ মঙ্গোলিয়ার সিজিওয়াং কাউন্টির মাটি স্পর্শ করেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সব নভোচারী সুস্থ আছেন। দেশটির সিসিটিভিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল নভোচারীরা দর্শনার্থীদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে ক্যাপসুল থেকে নামছেন।আল জাজিরা অনলাইনের খবরে বলা হয়, সিসিটিভি বলেছে, মাটিতে অবতরণের পর পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নভোচারীদের ক্যাপসুলের ভেতরে আরও ৫০ মিনিট অবস্থান করতে হবে। অন্য দুই নভোচারী হলেন মিশন কমান্ডার জিং হাইপেং (৪৫) ও লিউ ওয়াং (৪৩)।৩৩ বছর বয়সী লিউ চীনের বিমানবাহিনীর একজন কর্মকর্তা। মাত্র দুই বছর আগে তিনি চীনের মহাকাশ কর্মসূচিতে নিয়োগ পান। শেনঝু-৯ ১৬ জুন পৃথিবী ছেড়ে যায়।