সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্রের প্রদর্শনী
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের (জন্ম ১৯২২) সমগ্র শিল্পকর্মের প্রদর্শনীটি ছিল বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে ২০১০ সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঢাকার বেঙ্গল শিল্পালয়ে দুই পর্বে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী। এর প্রথম ভাগে (২৬ নভেম্বর-৯ ডিসেম্বর) ছিল তাঁর ছাপচিত্রসমূহ এবং দ্বিতীয় ভাগে (১০-২৩ ডিসেম্বর) ছিল রেখাচিত্র, জলচিত্র ও তেলচিত্র। ছাপচিত্রের গুরু এই শিল্পীর অন্তহীন পরীক্ষা-নিরীক্ষার কারণে এ প্রদর্শনীতে দেশের খ্যাতিমান শিল্পী থেকে শুরু করে সাধারণ শিল্পানুরাগী দর্শকদের ছিল অসম্ভব ভিড়। তাঁর ছাত্রজীবনে আঁকা জলরঙের ছবি সম্পর্কে কিছুই জানত না এ দেশের শিল্পরসিক মহল। ফলে বিপুল আগ্রহ ও কৌতূহল নিয়ে দর্শক তাঁর ছবি দেখে মিটিয়েছে তাদের শিল্পপিপাসা। কিন্তু অসুস্থতার কারণে শিল্পী নিজেই দেখতে পারলেন না এ প্রদর্শনী। সফিউদ্দীন আহমেদ এ দেশের আধুনিক ছাপচিত্রের জনক, তিনি জয়নুল আবেদিন ও কামরুল হাসানের ঘনিষ্ঠ সহযোগী, তিনি আমাদের পথিকৃৎ শিল্পীদের একজন, তাঁর বয়স এখন ৮৮। এসব তথ্যের মধ্যে নিহিত নেই এ প্রদর্শনীর গুরুত্বের বিষয়টি। স্মরণীয় তাঁর আরও কিছু জীবনতথ্য: ১৯৩৬ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হওয়ার পর তিনি তাঁর জীবনকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেন শিল্পের জন্য; শিল্পচর্চাকে গ্রহণ করেন গভীরতর সাধনা হিসেবে; এবং ৮৬ বছর বয়স পর্যন্ত (অসুস্থ থাকায় দুই বছর ধরে কাজ করতে অপারগ) টানা ৭২ বছরই নিরবচ্ছিন্নভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন সৃষ্টিশীলতার মধ্যে; অথচ একক প্রদর্শনীর ব্যাপারে তিনি বরাবরই অনাগ্রহী। এ কারণে তাঁর দীর্ঘ জীবনে অনুষ্ঠিত হয়েছে মাত্র দুটি একক প্রদর্শনী: প্রথমটি লন্ডনে (১৯৫৯); দ্বিতীয়টি ঢাকায় (২০০৮), তাও শুধু রেখাচিত্র নিয়ে। এবং এ পর্যন্তই। যদিও দেশে-বিদেশে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ যৌথ প্রদর্শনীগুলোতে তিনি সব সময়ই অংশ নিয়েছেন। কিন্তু তাতে শিল্পানুরাগী দর্শক তাঁর সৃষ্টিকর্মের সঙ্গে কতটুকুই বা পরিচিত হতে পেরেছে। শুধু একক প্রদর্শনীর ব্যাপারে নয়, শিল্পকর্ম বিক্রির ব্যাপারেও তিনি বরাবর অনাগ্রহী। অথচ ১৯৪৭-পূর্ব কলকাতার জীবনেই তিনি চারটি সর্বভারতীয় পর্যায়ের পুরস্কার পেয়ে নিজের সম্ভাবনা তুলে ধরেন। ঢাকাতেও অর্জন করেন জাতীয় পুরস্কারসমূহ। কলকাতা আর্ট স্কুলেই শুরু করেছিলেন শিক্ষকতা, যা অব্যাহত থাকে ঢাকার শিল্প শিক্ষালয়েও। সুতরাং তাঁর প্রতি শিল্পানুরাগীদের ঔৎসুক্য বরাবরই খুব প্রবল। সে-কারণে তাঁর সব শিল্পকর্মের এই প্রদর্শনী দেশের গোটা সাংস্কৃতিক জগতেই এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। দেশের শিল্পরসিক দর্শক তাঁর দীর্ঘ বাহাত্তর বছরের একান্ত সাধনার মাধ্যমে অর্জিত সব সৃষ্টিকে দেখার বিরল সুযোগ পেয়ে নিজেদের নিশ্চিতভাবে ধন্য মনে করেছেন। তাঁকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বললেও কম বলা হয়। বিশ শতকের প্রথমার্ধে ছাপচিত্রকে উন্নত আধুনিক শিল্পের মহিমায় উন্নীত করার ক্ষেত্রে সর্বভারতীয় পর্যায়ে যে অল্প কয়েকজন শিল্পীর নাম অতি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় সফিউদ্দীন আহমেদ তাঁদের অন্যতম। ছাপচিত্রের যেসব মাধ্যমে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে তিনি সার্থক হয়েছেন, সেগুলো হলো: উড এনগ্রেভিং, ড্রাই পয়েন্ট, এচিং, অ্যাকুয়াটিন্ট, মেটাল এনগ্রেভিং প্রভৃতি। শুধু ছাপচিত্র নয়, একই সঙ্গে তেলচিত্র ও রেখাচিত্রেও তিনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্পর্শ করেছেন সাফল্যের চূড়া। এত দীর্ঘকাল যাবৎ এবং এতগুলো মাধ্যমে সফলভাবে কাজ করার দৃষ্টান্ত বাংলাদেশের চিত্রকলা জগতে আর নেই।