সব অভিযোগ আপাতত প্রত্যাহার করছি: শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান বলেছেন, এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের আগে ও পরে যেসব অভিযোগ করেছি সেগুলো আপাতত প্রত্যাহার করে নিচ্ছি। সঠিক তথ্যের অভাবে এসব অভিযোগ করে ফেলেছি। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে নারায়ণগঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘আইভীকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে তাঁকে ফুলের তোড়া পাঠিয়েছি। আমার কোনো সহায়তা চাইলে দিতে প্রস্তুত আছি।’নির্বাচনে কারচুপি হয়েছে বলে গতকাল শামীম ওসমান অভিযোগ করেছিলেন। কারচুপির প্রমাণ সম্পর্কে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওগুলো (প্রমাণ) আমি ওজু করতে গিয়ে মধ্য পুকুরে সব হারিয়ে ফেলেছি।’ তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয় রাজনৈতিক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।’ শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়নে আমারও কিছু স্বপ্ন ও পরিকল্পনা ছিল। আমি তাঁকে সব ধরনের সহযোগিতা করব।’ তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম জয়ের পরে ও (আইভী) আমার কাছে আসবে।’