সব অর্থমন্ত্রীই চাপে পড়ে ওয়াদা ভঙ্গ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতি, বাণিজ্য ঘাটতি ও বাজেট ঘাটতির ঝুঁকি সামনে রেখে নানা বাড়তি ব্যয়ের চাহিদা মেটাতে বড় আকারের বাজেটের ঘোষণা এসেছে। সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে এসে নানা প্রতিশ্রুতি পূরণের তাগিদ আছে। ভর্তুকির জন্য বাড়তি ব্যয় হবে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্যমাত্রাও বিবেচনায় রাখতে হচ্ছে; কারণ শুরুতেই লক্ষ্যভ্রষ্ট হলে এ পরিকল্পনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ব্যয়ের সাশ্রয়, ব্যয়ের গুণগত মান বাড়ানো এবং সার্বিক ব্যয় ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর যে ধরনের উদ্যোগ প্রয়োজন, তা দেখা যাচ্ছে না। বাজেট বক্তৃতায় সুশাসন নিয়ে বলা হয়েছে, তবে এটি অর্থমন্ত্রীর একার কোনো বিষয় নয়। বড় আকারের বাজেট তৈরির ফলে রাজনৈতিক চাহিদা পূরণ ও ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণের কাজটি কিছুটা সহজ হয়েছে। তা সত্ত্বেও অবশ্য পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খাত বরাদ্দের দিক থেকে অবহেলিত বলে মনে হয়। অবশ্য পরিবেশ সংরক্ষণের মতো বহুমাত্রিক বিষয়ে অর্থের বরাদ্দই যথেষ্ট নয়। এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে বেশ কিছু নীতিমালা ও কর্মসূচি গ্রহণের সুনির্দিষ্ট প্রস্তাব গত বছরের বাজেট বক্তৃতায় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছিল। এবারের বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে আলোচনা আছে, কিন্তু বাস্তবে এসবের অগ্রগতি তেমন লক্ষ্য করা যায় না। আদর্শিক দিক থেকে বর্তমান সরকারের মধ্য-বাম অবস্থানের ভাবমূর্তি টিকিয়ে রাখার তাগিদ থেকেই ভর্তুকি, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তাবেষ্টনী বাড়ানোর দিকে মনোযোগ দিতে হয়েছে। আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতের সরকারি বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হয়েছে। মুদ্রাস্ফীতি ও সামষ্টিক অর্থনীতির ভারসাম্যের অবস্থা কেমন দাঁড়ায়, তার ওপর নির্ভর করবে আগামী অর্থবছরের মাঝপথে বাজেটের সংশোধন ও গতি পরিবর্তনের প্রয়োজন হবে কি না। যেমন, সরকারের ব্যাংকঋণের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ব্যয় সাশ্রয়ের প্রয়োজন হবে। অনেকগুলো অনিশ্চয়তার বিষয় আছে। যেমন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার ওপর নির্ভর করবে এ খাতে ভর্তুকির পরিমাণ শেষ পর্যন্ত কত দাঁড়াবে। ভাড়া করা বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বেশি দামে বিদ্যুৎ কিনতে গিয়ে সরকারকে কত ভর্তুকি দিতে হবে বা ভোক্তাপর্যায়ে বিদ্যুতের দামের সমন্বয় কতখানি করা যাবে, সেটাও এখন নিশ্চিত বলা যাচ্ছে না। আবার সরকারি-বেসরকারি অংশীদারিতে বড় প্রকল্প হাতে নিলে সেগুলোর অর্থায়ন যদি হয় দেশীয় উৎস থেকে আর যন্ত্রপাতি কিনতে হয় বৈদেশিক মুদ্রায়, তাহলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।মূলত রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করেই বড় আকারের বাজেট প্রস্তাব করা হয়েছে। এর পেছনে কাজ করেছে চলতি অর্থবছরে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সাফল্য। তবে করব্যবস্থার বড় ধরনের সংস্কার ছাড়া ক্রমাগত রাজস্ব আয়ের উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। ভ্যাটব্যবস্থার সংস্কারের কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর সুফল পেতে বৈদেশিক সাহায্যপ্রাপ্তির প্রস্তাবিত লক্ষ্যমাত্রা এমন কিছু বড় নয়। প্রতিশ্রুত সাহায্যের কোনো অভাব নেই, কিন্তু অর্থ ছাড়ের নানা সমস্যা আছে। এর জন্য দাতাদের শর্ত এবং প্রকল্প বাস্তবায়নের দুর্বলতা—দুটোই দায়ী।সরকারি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল না। সব অর্থমন্ত্রীই চাপে পড়ে শেষ পর্যন্ত ওয়াদা ভঙ্গ করেন। নৈতিকতার দিকটি বাদ দিলে বারবার এ ধরনের সুবিধা দেওয়ায় অর্থনৈতিক ব্যবস্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। আবার অর্থনীতির বিশ্লেষণের দিক থেকে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় অর্থনীতিতে বাড়তি সঞ্চয় সৃষ্টি হয় না। কেবল কালো টাকা বিদেশে পাচার রোধ করতে পারলেই অর্থনীতির জন্য লাভ হয়। নীতিগতভাবে সম্পদ কর সমর্থনযোগ্য। কারণ আয় থেকেও সম্পদের বৈষম্য বেশি। তবে যেভাবে এ কর প্রস্তাব করা হয়েছে, তাতে একে আয়করের ওপর এক ধরনের সারচার্জ মনে হবে। আয়কর বিবরণীতে যেভাবে নিজ সম্পদের হিসাব করা হয়, তা খুব অর্থবহ নয়।