অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে সব অসম্ভব সম্ভব হয়। অর্থমন্ত্রী এর ব্যাখ্যা দিয়ে বলেন, আমেরিকার বাজারে স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিশেষ প্রবেশাধিকারের সুবিধা কোটা প্রথা (মাল্টি ফাইবার এগ্রিমেন্ট) চালু হওয়ার মাঝামাঝি সময়ে বাংলাদেশ সেখানে ঢোকে। অনেকে বলেছিল যে লাভ হবে না। আবার কোটা প্রথা উঠে যাওয়ার পর পোশাক খাতে বিপর্যয়ের কথাও বলা হয়েছিল। কিন্তু কোনো ক্ষতি হয়নি। এমনকি বিশ্বমন্দার মধ্যেও দেশের রপ্তানি নেতিবাচক প্রবৃদ্ধিতে যায়নি। গত বছর খুব খারাপের মধ্যেও চার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এসব অসম্ভবকে সম্ভব করার কথা উল্লেখ করে পোশাকশিল্পের মালিকদের অভিনন্দন জানান তিনি। অর্থমন্ত্রী গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া দেশের পোশাকপণ্যের বৃহৎ প্রদর্শনী বাটেক্সপো-২০১০ উদ্বোধনকালে এসব কথা বলেন। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে।রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা প্রতিবছরের মতো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বিদেশে থাকায় অর্থমন্ত্রী উদ্বোধন করেন। অবশ্য প্রতিবারের মতো আগামী শনিবার বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।অর্থমন্ত্রী পোশাক খাতের জন্য বাজেটে দেওয়া প্রণোদনা-সুবিধার অতিরিক্ত হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আরও ১০০ কোটি টাকার প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন। যেসব শিল্প বন্ডেড সুবিধা বা শুল্ক-সুবিধা নেয় না, তাদের জন্য এই অর্থ প্রণোদনা হিসেবে দেওয়া হবে।অর্থমন্ত্রী ব্যাংকঋণের সুদের হার কমানোর এক প্রস্তাবের জবাবে বলেন, ‘আমরা সুদের হার বেঁধে দিয়েছি। কিন্তু বিধিগতভাবে সেটা ঠিক নয়। আপনারা বরং চাপ তৈরি করেন ব্যাংকগুলোর ওপর, যাতে সুদের হার কমে আসে। আমরা পেছনে আছি। আমরা তো বলবই।’অর্থমন্ত্রী বলেন, দেশে গ্যাস-বিদ্যুতের সংকট আছে। এ কারণে উৎপাদন-বিনিয়োগে ক্ষতি হচ্ছে এটা ঠিক। আগামী জানুয়ারি-মার্চ সময়ে সরকার বলতে পারবে, কখন থেকে এই খাতে একটু স্বস্তির মুখ দেখা যাবে।বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম; পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী; শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন; বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠানে বিজিএমইএর সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।সৈয়দ আশরাফুল ইসলাম এই মেলার মাধ্যমে আমদানি-রপ্তানিকারকদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক তৈরি এবং তাতে দেশের রপ্তানি বাড়বে—এই প্রত্যাশার কথা জানান। খন্দকার মোশাররফ হোসেন বলেন, পোশাক খাতে শ্রমিকেরা যে পরিশ্রম করেন, সেই অনুপাতে বেতন-ভাতা পান না। তবে বর্তমান সরকার আসার পর নতুন মজুরিকাঠামোতে শ্রমিকের মজুরি বাড়ানো হয়েছে। ফারুক খান কেবল পোশাক তৈরি না করে ফ্যাশন ডিজাইন আরও উন্নত এবং বিজিএমইএর ফ্যাশন ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে তাগিদ দেন।শাজাহান খান পোশাকশিল্পের মালিকদের মংলা বন্দর ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, মংলা বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করতে চাইলে তিনি বিশেষ ফেরির ব্যবস্থা করবেন। আট ঘণ্টায় বন্দরে পৌঁছে যাবে গাড়ি। তিনি আরও জানান, একটি বিদেশি কোম্পানির সঙ্গে মংলা বন্দরের উন্নয়নের চুক্তি হতে যাচ্ছে। সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে এই উন্নয়নকাজ হাতে নিচ্ছে সরকার।সালাম মুর্শেদী পোশাক খাতের বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন বাধা তুলে ধরে বলেন, বিশ্বমন্দা-উত্তর পরিস্থিতি দেশের পোশাকশিল্পের জন্য সুযোগ এনে দিয়েছে। সেই সুযোগ গ্রহণের সক্ষমতা এই শিল্পের রয়েছে। কিন্তু অবকাঠামোগত অসুবিধা এবং একই সঙ্গে দক্ষ শ্রমিকের অভাবে উৎপাদনক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।এবারের মেলায় ভারত, পাকিস্তান, চীন, হংকং, জাপান, থাইল্যান্ড, ব্রাজিল, বাংলাদেশসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট স্টলের সংখ্যা ১৩৭টি।প্রতিবারের মতো এবারও বাটেক্সপো উপলক্ষে ‘কালচারাল নাইট’ ও ‘ফ্যাশন শো’র আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে বিদেশি ক্রেতাদের বাংলাদেশি পোশাক কিনতে আগ্রহী করতে বেশ কয়েকটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে।