বর্তমান সরকারের বিরুদ্ধে রাজপথে নামার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, রাজপথে নেমে আসা ছাড়া এই সরকারের অত্যাচার-নির্যাতন বন্ধ করা যাবে না।অন্যদিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান দেশের সব আইন বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।জামায়াতের ঘোষিত নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াতের নেতারা এসব আহ্বান জানিয়েছেন। সমাবেশে জামায়াতের নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ ব্যাপক নারী নির্যাতন করছে। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কিছুই বলছে না।প্রধান অতিথির বক্তব্যে আলী আহসান মুজাহিদ বলেন, বর্তমান সরকারের ১৫ মাসে দেশে তিন হাজার ৪৫২ জন নারী ধর্ষিত হয়েছে, ১৪ হাজার ৮৩৬ জন নারী নির্যাতিত হয়েছে। এই সময় দেশে শিশু নির্যাতনের ঘটনাও ঘটেছে। কিন্তু নারী-শিশু নির্যাতন বন্ধের ব্যাপারে সরকার কিছুই করছে না। আসলে এই সরকার নারী নির্যাতন বন্ধ করতে পারবে না। কারণ, তারা নারী নির্যাতনের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতা ও সহযোগী।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকারের কাছে অনুরোধ জানাতে আমরা নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন করছি না। আজকে দিবস পালনের মাধ্যমে মানুষকে অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। রাজপথে নেমে আসা ছাড়া এই সরকারের অত্যাচার-নির্যাতন বন্ধ করা যাবে না।’