প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে দেশের সব উন্নয়নকাজ বন্ধ রেখে খাদ্যশস্য আমদানি করা হবে। খাবারের জন্য মানুষকে কষ্ট পেতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। এরই মধ্যে দেশে খাদ্যশস্যের নিরাপদ মজুদ গড়ে তোলা হয়েছে।বিশ্ববাজারে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এখন মোটা চালের দাম ৩৪ থেকে ৩৫ টাকার মধ্যে আছে। বিএনপি ক্ষমতায় থাকলে এখন ৮০ থেকে ৯০ টাকা কেজিতে জনগণকে চাল খেতে হতো।আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে প্রধানমন্ত্রী জাসদের সাংসদ হাসানুল হক ইনুর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব আধা ঘণ্টার হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় এক ঘণ্টা সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ারবাজার এবং যোগাযোগ খাতের উন্নয়ন নিয়ে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চালের দাম কমিয়ে ২০ টাকায় নামানো হয়েছিল। কিন্তু কৃষকদের স্বার্থের কথা বিবেচনা আর বিশ্ববাজারের ঊর্ধ্বগতির চাপে সেই দাম ধরে রাখা সম্ভব হয়নি। তবে এ দাম বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আয় বাড়ানো হয়েছে।চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, এর মধ্যে কিছু খেলা নিশ্চয়ই আছে। এ জন্য সব চালের আড়তদার ও মজুদদারদের তালিকা এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে।পদ্মা সেতুর কাজ শুরু শিগগিরই: জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্প সময়ের মধ্যেই পদ্মা সেতু এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হবে। কাজ শুরুর তারিখটা জানলেও বলছি না। একটু সারপ্রাইজ থাকুক।’পদ্মা সেতুর প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।