বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব’। আয়োজন করেছে থিয়েটার আর্ট ইউনিট। এই দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী উৎসবের সবকিছু তত্ত্বাবধান করছেন। ‘সময়ের প্রয়োজনে’ নাটকটির নাট্যকার মোহাম্মদ বারী। এর নির্দেশনা দিয়েছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।এই উৎসবে কোন নাটকগুলোর প্রদর্শনী হবে?ঢাকা ও নারায়ণগঞ্জে গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত দলগুলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি যে নাটকগুলোর নিয়মিত প্রদর্শনী করছে, সেই নাটকগুলোকেই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবের সব কটিই মুক্তিযুদ্ধের নাটক।মুক্তিযুদ্ধের নাটক নিয়ে উৎসব আয়োজনের উদ্দেশ্য কী?কাল শুক্রবার সময়ের প্রয়োজনে নাটকটির ৫০তম প্রদর্শনী হলো। এই সাফল্যকে উদ্যাপন করাই উৎসব আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি এখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গোটা জাতি সোচ্চার। মুক্তিযুদ্ধের পরই এ দেশে থিয়েটার চর্চা জনপ্রিয়তা পায়। তাই নাট্যকর্মীরাও সব সময় মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন। যেকোনো উৎসবই মিলনমেলা। তাই উৎসবের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সঞ্চারিত করার চেষ্টা করছি। এই উৎসবের সব কটি নাটকই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। তাই দর্শকেরা একই উৎসবে তা দেখার সুযোগ পাবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে নতুন প্রজন্ম বিভ্রান্ত। উৎসবের নাটকগুলোর মধ্য দিয়ে তারা সেই সঠিক ইতিহাস জানতে পারবে। ‘সময়ের প্রয়োজনে’ নাটকটির ৫০টি প্রদর্শনী হলো। এই প্রদর্শনীগুলোর মধ্যে কোন দিকটি আপনার কাছে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে?এটি কিন্তু আমার প্রথম নির্দেশনা। সেদিক থেকে আমার অনুভূতিটা চমৎকার। ২০০৫ সালের ৪ জুলাই নাটকটির প্রথম প্রদর্শনী হয়েছিল। মুক্তিযুদ্ধের মতো একটি বিষয় আর জহির রায়হানের গল্প নিয়ে তৈরি নাটকের ৫০টি প্রদর্শনীর পুরো ব্যাপারটাই আমার কাছে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আমাদের আরও একটি নাটকের নিয়মিত প্রদর্শনী হচ্ছে, কোর্ট মার্শাল। এরই মধ্যে এই নাটকের ১৮০টি প্রদর্শনী হয়েছে।কাছাকাছি সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো নাটক তৈরির ইচ্ছা আছে?হ্যাঁ, একটি গল্প নিয়ে নাটক তৈরির কথা ভাবছি—আবুল হায়াতের মধ্যাহ্নভোজ কি হবে?। গল্পটি আমার খুব ভালো লেগেছে। এর নাট্যরূপ দেওয়ার ইচ্ছা আছে।