সব কাজে মাতৃভাষার প্রচলন দেখতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ খোঁজ নেয় না, সামাজিক কর্মকাণ্ডেও ডাকে না। সে জন্য বিন্দুমাত্র দুঃখ নেই। শুধু চাই দেশটা ভালোভাবে চলুক, বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি পাক। অন্তত দেশের সব কাজে মাতৃভাষার প্রচলন দেখে যেতে পারলে ভালো লাগত।আমি যখন তৃতীয় শ্রেণীর ছাত্র, তখন এ. কে. স্কুলে মুসলিম লীগের পক্ষ থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন সংগঠিত হতে দেখি। নেতৃত্ব দিতেন দেবেন্দ্রনাথ ঘোষ, প্রাণকুমার সেন ও অবনী ঘোষ। তখন থেকেই ভাবতে শিখি, এ দেশ আমার, দেশের জন্য আমাকে কিছু করতে হবে। সেই উপলব্ধি থেকে আমি আন্দোলনে উদ্বুদ্ধ হই। ক্লাস ফোরে ওঠার পরই সরাসরি ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিই। এর সূত্র ধরেই পরে ভাষা আন্দোলনে নিজেকে নিয়োজিত করি। সাতচল্লিশে ধর্মের নামে দেশ বিভাগ এবং আটচল্লিশে ভাষার জন্য আন্দোলন চলতে থাকলে আমি এবং এ. কে. স্কুলের অনেক ছাত্র তাতে শামিল হই। আজ অনেকের নামই মনে করতে পারছি না। যাদের নাম মনে আছে, তাদের মধ্যে অনেকেই আজ আর বেঁচে নেই।আমি যখন এ. কে. স্কুলের ১০ শ্রেণীর ছাত্র, তখন আমাদের বয়োজ্যেষ্ঠ মোশাররফ হোসেন ওরফে নান্নু, আবুল হাসেম, মোশাররফ হোসেন ওরফে মোচন আমাকে সরাসরি ভাষা আন্দোলনে যোগ দিতে অনুপ্রেরণা জোগান। মোচন ভাই অনেক আগেই মারা গেছেন। চলে গেছেন নান্নু ও হাসেম ভাইও। সেই প্রতিকূল অবস্থায়ও আমাদের সঙ্গে দুজন নারী অংশ নেন, তাঁরাও আজ বেঁচে নেই। হোসনে আরা নীরু ও রানী ভট্টাচার্য—তাঁরা দুজনই পরে স্কুলশিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন এবং নারী আন্দোলনে অবদান রেখে গেছেন। এ ছাড়া এই ভাষা আন্দোলনে অংশ নেন মীর আশরাফ উদ্দিন, আবদুল বারেক খলিফা, হেমায়েত উদ্দিন মজুমদার।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে গুলি হলে মন বিক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশের ভয়কে তুচ্ছ জ্ঞান করে ভাষা আন্দোলনের মন্ত্রে উজ্জীবিত হয়ে মিছিল-সমাবেশ করতে থাকি। সেদিনই নিজে উদ্যোগী হয়ে স্কুলছাত্রদের নিয়ে সভা করি এবং মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করি। সভাপতি ছিলাম আমি। ঠিক এ সময়ই ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ উদ্যোগ নেয় ভাষা শহীদ স্মরণে শহীদ মিনার প্রতিষ্ঠার।২১ ফেব্রুয়ারি বরিশালে প্রথম কাপড় দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হয় অশ্বিনী কুমার হলের সামনে। পুলিশ ওই শহীদ মিনার ভেঙে ফেলে। পরে সংগ্রাম পরিষদ ২২ ফেব্রুয়ারি ঢাকায় গুলিতে নিহত ছাত্রদের জন্য এ. কে. স্কুল মাঠে গায়েবানা জানাজার আয়োজন করে। ওই জানাজায় শহরের অনেক মানুষ অংশ নেয়। এসব আন্দোলনে সক্রিয় সহযোগিতা ও পাশে থেকে সাহস জোগান ভাষা আন্দোলন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হাসেম, মোশাররফ হোসেন নান্নু প্রমুখ।১৯৫৩ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের পর কিশোর মজলিশ নামে একটি সংগঠন করে শিশু-কিশোরদের সংগঠিত করি। এই সংগঠনের কর্মীদের দিয়েই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ ক্যাম্প ও গেরিলা বাহিনী গড়ে তোলা হয়।বর্তমানে আমার একটাই দুঃখ, ভাষার জন্য লড়াই করলাম; ৫২, ৬২, ৬৬, ৬৯ ও ৭১-এর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম একটি সুন্দর দেশ পাব এই আশায়। কিন্তু সেই আশা বুঝি আর পূরণ হলো না। তবে অত্যন্ত খুশি হয়েছি, ভাষা আন্দোলনে অংশ নেওয়া একজন ক্ষুদ্র কর্মীর খোঁজ নিতে প্রথম আলো আমাকে স্মরণ করেছে। ভাষাসৈনিক হিসেবে খ্যাতি পাওয়ার জন্য আাান্দোলনে অংশ নিইনি। পত্রিকায় আমার অনেক সহযোদ্ধা ও বয়োজ্যেষ্ঠ সংগঠকদের ছবি দেখে এখনো উদ্বেলিত হই। আমি চাই দেশটা ভালো চলুক।শেষ বয়সে এসে মনে হয়, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি সংগঠন বা প্রতিষ্ঠান থাকলে ভালো হতো। তাহলে ভাষাসৈনিকেরা এর মাধ্যমে অন্তত নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারতেন এবং রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস রচনা ও গবেষণায় তাঁরা বিশেষ ভূমিকা রাখতে পারতেন।এ কে এম আজহারউদ্দিন: ভাষাসৈনিক।