সব কেন্দ্রেই ইভিএম, বিপাকে বৃদ্ধ ও নিরক্ষর ভোটার
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো নির্বাচনে শতভাগ ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।আজ বৃহস্পতিবার সকালে শুরু হওয়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করায় ভোটার ও সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।প্রার্থী ও শহুরে শিক্ষিত জনগণ ইভিএম ব্যবহারে সুবিধার কথা বললেও বিপাকে পড়েছেন বৃদ্ধ, নিরক্ষর ও গ্রামাঞ্চলের সাধারণ ভোটাররা। তাঁদের অভিযোগ, ইভিএম মেশিনে প্রার্থীর নাম ও প্রতীক খুব ছোট হওয়ায় বৃদ্ধ ভোটারদের তা দেখতে ও বুঝতে বেশ সমস্যা হচ্ছে।জানা গেছে, ইভিএম মেশিনে প্রার্থীর নাম ও প্রতীক ছোট হওয়ার পাশাপাশি অনেক ভোট কেন্দ্রের বুথে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। আর এতে ভোট দিতে খুব সমস্যায় পড়ছেন নিরক্ষর ও বৃদ্ধ ভোটাররা। এসব সমস্যার কারণে অনেক ভোটারই ভুল ভোট দিচ্ছেন ও অনেকেই আবার বুঝতে না পেরে বুথ থেকে ফেরত আসছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।মালেকা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হোসাইন বলেন, ‘যাঁরা ভালোভাবে প্রযুক্তি ব্যবহার করতে জানেন না, যাঁরা নিরক্ষর ও বৃদ্ধ—তাঁদের এই ইভিএম মেশিনে ভোট দিতে বেশ সমস্যাই হচ্ছে। অনেকে ঠিক মতো বুঝতে না পেরে বুথ থেকে ফেরত আসছেন। পরে তাঁদের ঠিক মতো বুঝিয়ে দিয়ে আবারও বুথে পাঠিয়ে ভোট নেওয়া হচ্ছে।’কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, অর্পণা চৌধুরী নামের এক ভোটার ইভিএম মেশিনে সঠিকভাবে ভোট দেওয়ার পদ্ধতি না বুঝে দুবার বুথ থেকে ফেরত এসেছেন। পরে ওই বুথের পোলিং এজেন্ট তাসলিমা চৌধুরীর সহায়তায় তিনি ভোট দেন।ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘ইভিএম মেশিনগুলোতে আসলেই প্রার্থীদের নাম ও প্রতীক খুব ছোট করে দেওয়া। তার ওপর আবার অনেক বুথেই পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। এ কারণেই ভোট দিতে অনেকেরই সমস্যা হচ্ছে।’তবে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট নেওয়ায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলেও জানিয়েছেন অনেকেই।