সব গ্রাহক সন্তুষ্ট নয় ওয়াসার সেবায়
পানির চাহিদা ও জোগানের মধ্যে ঘাটতি থাকায় গ্রাহকদের পর্যাপ্ত পানি সরবরাহ করতে পারছে না ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। তবে এলাকাভেদে পানি সরবরাহে বৈষম্যের চিত্র পাওয়া গেছে। তাই পানির দাবিতে কোনো কোনো এলাকার মানুষকে মিছিল পর্যন্ত করতে হয়। এই তো সপ্তাহখানেক আগে শনির আখড়ার মানুষ পানির জন্য রাস্তায় নেমেছিল। হাতে কলসি-ঘটিসহ তারা এই নিয়ে দু-একবার নয়, বহুবার রাস্তায় নেমে এসেছে। শনির আখড়ার স্থায়ী বাসিন্দা রাশেদ আহমেদ বলেন, ‘আমাদের এই এলাকার পানির সমস্যা বোধহয় কোনো দিন মিটবে না। পানি-বিদ্যুতের জন্য একসময় সাংসদ সালাহ্ উদ্দিনকে দৌড়ানি দিয়েও কোনো লাভ হয়নি। তখন কয়েক দিন পরিস্থিতি একটু ভালো ছিল। এরপর থেকে পরিস্থিতি আবার আগের মতোই আছে। কোনো নেতা বা সাংসদই আমাদের জন্য কিছু করছেন না।’ তিনি আরও বলেন, সায়েদাবাদ পানি শোধনাগারে প্রতিদিন সাড়ে ২২ কোটি লিটার পানি পরিশোধন করা হয়। তাঁদের এলাকার পাশ দিয়ে শোধনাগারের পানি চলে যাচ্ছে নগরের অন্যান্য এলাকায়। শোধনাগারের কাছেই থাকা ধলপুর, শ্যামপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদের মানুষকে পানির সংকটে দিন কাটাতে হচ্ছে।উঁচু-নিচু এলাকা থাকায় এবং এলাকা বড় হওয়ায় মিরপুর ৬ নম্বর সেকশন সি ব্লক গভীর নলকূপে পানি সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় ছয়টি সুইচ ভাল্বের মাধ্যমে। ওই নলকূপ থেকে মিরপুর-৬ নম্বর সেকশনের ডি ব্লকে পানি দেওয়া হয় সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত। মিরপুর-৬ নম্বর সেকশন সি ব্লকে (টিনশেড) সকাল ১০টা থেকে দুপুর ১২টা, মিরপুর-৭ নম্বর সেকশনে বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা, মিরপুর-৬ নম্বর সেকশনের সি ব্লকে সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা এবং মিরপুর-১১ নম্বর সেকশন মূল সড়ক ও ইনডোর স্টেডিয়াম এলাকায় রাত ১১টা থেকে ভোর ছয়টা পর্যন্ত। এই সময়সূচি অনুযায়ী, মিরপুর-৬ নম্বর সেকশন সি ব্লকে (টিনশেড) দুই ঘণ্টা পানি সরবরাহ করা হচ্ছে। ফলে ওই এলাকায় পানির সংকট অন্য এলাকাগুলোর তুলনায় বেশি বলে জানা যায়। এ নিয়ে ওয়াসায় অভিযোগ করেও কোনো ফল পাচ্ছে না এলাকাবাসী। এ বিষয়ে মিরপুর-৬ নম্বর সেকশনের সি ব্লক গভীর নলকূপের চালনাকারী (পাম্প অপারেটর) সালাহ উদ্দিন জানান, মিরপুর-৭ নম্বর সেকশনে ঢাকা ওয়াসা একটি গভীর নলকূপ বসাচ্ছে। সেটি বসানো হলে এই পাম্প থেকে মিরপুর-৭ নম্বর সেকশনে আর পানি সরবরাহ করতে হবে না। তখন মিরপুর-৬ নম্বর সেকশনের সি ব্লকে (টিনশেড) পানি সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে তিনি জানান।পুরান ঢাকার ফরিদাবাদের কেশব ব্যানার্জি রোডের বাসিন্দারা জানায়, তাদের এলাকায় পানি আসে মিল ব্যারাক পুলিশ লাইন এলাকায় থাকা ওয়াসার গভীর নলকূপ থেকে। এ ক্ষেত্রে পানি সরবরাহে সুইচ ভাল্ব ব্যবহার করা হয়। নলকূপসংলগ্ন মিল ব্যারাক পুলিশ লাইন এলাকায় বেশি সময় ধরে পানি সরবরাহ করা হয়। তারা পর্যাপ্ত পানি পাওয়ার পর কেশব ব্যানার্জি রোডের সুইচ ভাল্ব সামান্য সময়ের জন্য ছাড়া হয়। পানি সরবরাহে বৈষম্য দূর করতে তারা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছে না। কেশব ব্যানার্জি রোডের বাসিন্দারা পানি কিনে তাদের চাহিদা মেটাচ্ছে।আবার ওয়াসার গভীর নলকূপ থেকে যাওয়া কোনো নলের শেষ প্রান্তের বাড়িগুলোর গ্রাহকেরা পর্যাপ্ত পানি পাচ্ছেন না। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার একাধিক পাম্প অপারেটর জানান, অনেক বাড়িতেই বাড়তি মোটর দিয়ে পানি টেনে নেওয়া হয়। এর ফলে সব বাড়িতে সমান পানি যেতে পারছে না। আবার মূল নলের মাঝ কিংবা ওপর থেকে বাড়ির নল সংযোগ দেওয়ার কথা থাকলেও বেশির ভাগ বাড়িওয়ালাই মূল নলের নিচ দিয়ে নলের সংযোগ নিচ্ছেন। পানির ধর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া। তাই মূল নলের সামনের দিকের বাড়িতে পানি আগে চলে যায়। মূল নলের শেষের দিকের বাড়ির গ্রাহকেরা পানি থেকে বঞ্চিত হচ্ছেন।মিরপুরের মধ্য পাইকপাড়ায় ঢাকা ওয়াসার পানির লাইনের সংস্কার করা হচ্ছে। এ সময় ওয়াসার লাইন আর পয়োনিষ্কাশন নল একসঙ্গে মিশে গোটা এলাকার পানিতে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। ঢাকা ওয়াসার এলাকাভিত্তিক গভীর নলকূপের গুটিকয়েক নলকূপের পানিতে এমন দুর্গন্ধের শিকার হচ্ছেন সংশ্লিষ্ট গ্রাহকেরা। ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগারের পানিতে পাওয়া যাচ্ছে দুর্গন্ধ। ফলে এর আওতায় থাকা নগরের বড় একটি অংশের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার মড্স জোন-১-এর কর্মী খায়রুল হাসান জানান, পানি শোধনে ক্লোরিন বেশি ব্যবহূত হওয়ায় সায়েদাবাদ পানি শোধনাগারের পানিতে বেশি দুর্গন্ধ হচ্ছে।নগরের যেসব এলাকায় ঢাকা ওয়াসার পানি থাকছে না কিংবা পানিতে দুর্গন্ধ দেখা দিচ্ছে, সেসব এলাকায় ঢাকা ওয়াসার গাড়ি দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। তবে ওয়াসার গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া গেছে, আমজনতার চেয়ে প্রভাবশালীদের বাড়ি বা এলাকায় ওয়াসার পানির গাড়ি আগে যায়। আবার ওয়াসার সংশ্লিষ্ট কর্মীদের গোপনে বাড়তি টাকা গছিয়ে দিয়েও অনেকে দ্রুত পানির গাড়ি পাওয়ার ব্যবস্থা করেছেন। গাড়ি দিয়ে গ্রাহকদের পানি সরবরাহে দুর্নীতি, স্বজনপ্রীতি দূর করতে ঢাকা ওয়াসা এই কাজে সেনাসদস্য সম্পৃক্ত করেছে। তাঁরা দায়িত্ব নেওয়ার পর থেকে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে পানির গাড়ি দিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার উপ-পরিচালক মো. লিয়াকত আলী জানান, পানির চাহিদা জানানো হলে যত দ্রুত সম্ভব পানির গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। যেসব এলাকায় পানির বড় গাড়ি যেতে পারে না, সেসব এলাকায় পানির ট্রলি যায় বলে তিনি জানান।