সব ছাপিয়ে কালো টাকার কাজিয়া
মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূমের ৫০ আসনে আজকের নির্বাচন ঘিরে গতকাল জমে ওঠে শ্বাসরুদ্ধকর নাটক। বাংলাদেশের সঙ্গে সীমান্ত ৭২ ঘণ্টা আগেই সিল করে দেওয়া হয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে যায় কালো টাকার কাজিয়া। আজ ভোটের সময় উত্তেজনাটা খাবি খাবে অন্যত্র। প্রতিদ্বন্দ্বী দুই পক্ষ কালো টাকা রহস্যের সুষ্ঠু তদন্ত চাইছে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরের জনসভায় গতকাল দারুণ সন্তোষ প্রকাশ করেন। তাঁর কথায়, ‘আমাদের দাবি সত্যি প্রমাণিত হলো। মুখোশটা খুলে দিতে পেরেছি।’ তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘টাকা নিন। বিরিয়ানি খান। ৫০০ কেন, ৫০০ কোটি টাকা দিলেও লাভ হবে না। রিকশাওয়ালার কাছে ভোট হলো অলংকার। এটা তাদের অহংকার। কালো টাকা ঠেকাতে আপনাদের কদিন পরে রাত জেগে পাহারা দিতে হবে।’ তবে দালিলিক তথ্য প্রদানে বামফ্রন্ট এগিয়ে আছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকাল ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছে লেখা এক পৃষ্ঠার চিঠিতে কালা টাকার বিষয়ে নির্দিষ্ট তথ্য দেন। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল এক লাখ রুপির বেশি লেনদেন সাধারণভাবে করা যাবে না। করলে কালো টাকা বলে গণ্য হবে। কিন্তু এক কোটি ২৩ লাখ রুপির ড্রাফট হলো লুকিয়ে। তৃণমূলের নেত্রীর ঘনিষ্ঠ মুকুল রায়। তাঁর ঘনিষ্ঠ দেবপ্রিয় দে নামের এক ব্যবসায়ী এক দিনে ওই ড্রাফট কেনেন।বৃহস্পতিবার এবং গতকালও উপনির্বাচন কমিশনার মি. জুৎসি বলেন, ‘আমরা বিভিন্ন স্থান থেকে এক কোটি কালো টাকা উদ্ধার করেছি।’ এ খবর গতকাল বামফ্রন্ট-সমর্থিত পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয়। অন্যদিকে তৃণমূল-সমর্থক পত্রিকা শিরোনাম করেছে, ‘কালো টাকা নিয়ে সিপিএমের অভিযোগে মাথা ঘামাচ্ছে না নির্বাচন কমিশন’।গতকাল সকালে তমলুক থেকে খবর এল, মমতার একজন ঘনিষ্ঠ নেতা ২৮ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তাঁর সেই অর্থ গ্রহণের বিস্তারিত দৃশ্য, এমনকি টাকা পকেটে পোরার পর তাঁর ডাব খাওয়ার দৃশ্যও দেখানো হয়। এই ভিডিও টিভি চ্যানেল ২৪ ঘণ্টায় প্রচারের সঙ্গে সঙ্গে আরেকটি খবর আসে। সিপিআইএমের বোলপুরের সাংসদ রামচন্দ্র ডোম মোহাম্মদবাজারে একটি কালো ব্যাগে করে ৫০০ টাকা করে বিলাচ্ছিলেন। খোরশেদ মিয়া নামের এক যুবক পুলিশকে জানান, ওই সাংসদ তাঁকে ৫০০ টাকা দিয়ে ভোট দিতে বলেছেন। নিউজ টাইমের চ্যানেলে দেখানো হয়, একটি চেয়ারে বসে আছেন রামচন্দ্র। তাঁকে ঘিরে উত্তেজিত গ্রামবাসী। সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনী আসে। তাঁকে উদ্ধার করে। তিনি এবং কলকাতায় এক অনুষ্ঠানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এ ঘটনাকে চক্রান্ত হিসেবে বর্ণনা করেন। বিমানের কথায়, তমলুকের ঘুষ কেলেঙ্কারি ঢাকতেই তৃণমূল এ ঘটনা সাজায়। তিনি এক সংবাদ সম্মেলনে মমতার নাম উল্লেখ না করে বলেন, কলকাতার একটি ব্যাংকে রহস্যজনক ওভার ড্রাফট কাটা হয়েছে। তৃণমূলের যিনি ‘টপ অব দ্য টপ’, তিনি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ফোন করেছিলেন। ব্যাংক ওভাবে ড্রাফট করতে চায়নি। ভিজ্যুয়াল অডিও নামের একটি প্রতিষ্ঠানের নামে পাঁচটি ড্রাফট করা হয়। চারটি এক কোটি ২৩ লাখ রুপি ও আরেকটি ২৩ লাখ রুপির কাটা হয়। সাংবাদিকেরা এ সময় বলেন, এটা তো আরবিআই গাইডলাইনের পরিপন্থী। বিমান বসু তাতে সায় দেন। বলেন, ‘আপনাদের মধ্যে যাঁদের সঙ্গে তৃণমূলের ভালো যোগাযোগ আছে, তাঁরা খোঁজ নিন।’ সাংবাদিকেরা এ সময় ব্যাংকের নাম প্রকাশে পীড়াপীড়ি করেন। বিমান বলেন, ‘খেটে খান।’ তিনি তৃণমূলের অভিযোগও খণ্ডন করেন। বলেন, রামচন্দ্র ডোম বীরভূম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য। তিনি চোচিরা গ্রামের নন। বুধবার নির্বাচনী প্রচার বন্ধ হয়ে যায়। গতকাল তিনি সেখানে যান নেতা-কর্মীদের নির্দেশনা দিতে। একটি টিভির ক্যামেরা রেডি ছিল। তৃণমূল কিছু লোককে ৫০০ টাকার নোট ধরিয়ে দেয়। আর তাতে রামচন্দ্রকে জড়ানো হয়। বিমান বলেন, ‘আমরা বলছিলাম হেলিকপ্টারের টাকা কোত্থেকে আসে। কুপন পোড়ানো হলো কেন? তাই বামফ্রন্টকে কাউন্টার করার দরকার পড়ল। সে কারণে এই ঘটনা সাজানো হলো।’ ডোম বলেন, ‘আমি মার্ক্সবাদী। টাকার রাজনীতিতে বিশ্বাস করি না।’ গতকাল মজার বিষয় হলো, বিজেপির অরুণ জেটলি মমতার বিরুদ্ধে কালো টাকার রাজনীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ আনেন। অপর বাম নেতা রবিন দেব আলিমুদ্দিন স্ট্রিটে তৃণমূলের ব্রাত্য বসুর কালো টাকার হদিস দেন। তিনি একটি চেকের নম্বর উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশনকে তদন্ত করতে হবে। বামফ্রন্টের আবাসনমন্ত্রী গৌতম দেব বলেন, তিনি কালো টাকার বিষয়ে শিগগিরই নতুন তথ্য ফাঁস করবেন। মমতার মাথায় কিছু নেই। তাঁকে ও মুকুল রায়কে জেল খাটতে হতে পারে। বামফ্রন্ট জানায়, গতকাল আরেক ঘটনায় তৃণমূলের এক ব্যবসায়ী ৩৭ লাখ টাকাসহ ধরা পড়েন। আজ ভোট: ছয় পর্বের মধ্যে আজ দ্বিতীয় পর্বের নির্বাচন। তিন জেলার ৫০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯৩ জন। প্রার্থীদের মধ্যে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ছেলে আছেন। প্রণবপুত্রের জন্য আজ রাজনীতিতে প্রথম ভাগ্য পরীক্ষা। তিনি প্রার্থী হয়েছেন বীরভূমের নলহাটি থেকে।২০০৯ সালের লোকসভা নির্বাচনের ফলকে অনেকেই সূচক হিসেবে দেখছেন। অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর মতে, ওই নির্বাচনে মুর্শিদাবাদে বামফ্রন্ট ৪১ শতাংশ, কংগ্রেস-তৃণমূল ৫৩, নদীয়ায় বামফ্রন্ট ৩৯ ও কংগ্রেস-তৃণমূল ৪৬ এবং বীরভূমে বামফ্রন্ট ৪৪ ও তৃণমূল-কংগ্রেস জোট ৪৩ শতাংশ ভোট পায়।আজকের নির্বাচনে আছে ‘গোঁজ (বিদ্রোহী) ফ্যাক্টর’। মুর্শিদাবাদের জনপ্রিয় কংগ্রেস নেতা ও মমতা মুখোমুখি। গোঁজ প্রার্থীরা বিদ্রোহী। তাঁরা কংগ্রেসের কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। মমতার কথায়, এরা চোর-ডাকাত। অধীরের কথায়, এরা কংগ্রেস-সমর্থিত নির্দলীয়। এ রকম প্রার্থী পাঁচ আসনে। সুতরাং মমতা-কংগ্রেস একটা অস্বস্তিতে থাকছেই।