অ্যান্ড্রু স্ট্রাউসের অনুপস্থিতিতে অ্যালিস্টার কুকের টেস্ট অধিনায়কত্বে অভিষেকটা কেমন হবে? কেভিন পিটারসেনের ব্যাটে রান-খরা এখানেই কাটবে, নাকি এই স্টেডিয়ামে নিজের স্পিনার হয়ে ওঠার গল্পটাই আরেকবার শোনাবেন সাকিব আল হাসান!কৌতূহল অনেকই থাকতে পারত। অথচ এসব নিয়ে কারও কোনো কথা নেই। বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টের আগের দিন জহুর হোসেন চৌধুরী স্টেডিয়ামে সবার সব আলোচনায় কেবলই একজন এবং তিনি এই টেস্টে খেলছেন না—রকিবুল হাসান। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচে না থেকেও ছিলেন মাশরাফি বিন মুর্তজা, এখানে রকিবুল।বাংলাদেশের ক্রিকেটে মান-অভিমানের খেলা এখন নিয়মিতই হচ্ছে। তবে এসবের উপসংহার হতে পারে কাল সাকিবের বলা কথাটাই, ক্রিকেটে আবেগ থাকবে কিন্তু শুধু আবেগ দিয়ে ক্রিকেট হবে না। রকিবুলের আকস্মিক সিদ্ধান্তে কতটা অপেশাদারির ছাপ, তাঁর ফেরা না-ফেরা ভবিষ্যতে কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটে—এসব আলোচনা বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের সম্ভাব্য নিস্তরঙ্গতায় খানিকটা বাড়তি ঢেউই তুলতে পারে কেবল। ক্রিকেটীয় আলোচনায় সেটির কোনো স্থান নেই। সেখানে আপাতত শুধুই আজ থেকে শুরু দুই টেস্টের সিরিজটা। তবে রকিবুলের ওই নাটকীয় অবসর ঘোষণা কিছুটা অদলবদল তো ঘটিয়েছেই টেস্টের আবহে। প্রথম টেস্টের প্রথম একাদশে রকিবুলের থাকাটা নিশ্চিতই ছিল। এখন তাঁর জায়গায় আফতাব আহমেদের খেলা নিশ্চিত। দলের বাইরে থাকছেন এনামুল হক জুনিয়র, শফিউল ইসলাম ও রকিবুলের স্থলাভিষিক্ত হওয়া জহুরুল ইসলাম, যাঁর সম্পর্কে মাত্রই দুদিন আগে নির্বাচক কমিটির প্রধান রফিকুল আলম বলেছিলেন, ‘সে এখনো এই পর্যায়ে খেলার জন্য প্রস্তুত নয়।’তবে রকিবুলকে ছাড়াই প্রথম টেস্ট খেলতে প্রস্তুত বাংলাদেশ এবং সে প্রস্তুতির অনেকটাই স্পিননির্ভর। সন্দেহ নেই বাংলাদেশি স্পিনারদের সামনে কেভিন পিটারসেনের অসহায়ত্বই এমন পরিকল্পনায় বড় প্রভাবক। কাল সংবাদ সম্মেলনে রকিবুল-সংক্রান্ত অসংখ্য প্রশ্নের এক ফাঁকে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য বলেছেন, ইংল্যান্ডের সব ব্যাটসম্যানের জন্য একই পরিকল্পনা, ‘শুধু কেভিন পিটারসেন নয়, সব ইংলিশ ব্যাটসম্যানদের ক্ষেত্রেই আমরা স্পিনারদের ওপর নির্ভর করছি।’ অ্যালিস্টার কুকের এই প্রসঙ্গে যা বলাটা স্বাভাবিক, তা-ই বললেন, ‘আমরা জানি, এই কন্ডিশনে বাংলাদেশের স্পিনাররা ভালো করবে, তাদের দলে ভালো ভালো কয়েকজন স্পিনারও আছে। তবে আমরা তাদের সামলাতে প্রস্তুত।’ যদিও মাঠ সূত্রের তথ্য, কাল অনুশীলন শেষে আরেকবার উইকেট দেখতে গিয়ে উইকেটের স্পিন-বন্ধুতা নিয়ে কিছুটা দ্বিধান্বিতই মনে হয়েছে কুক আর কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে।টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত শুধু ইংল্যান্ডের বিপক্ষেই কোনো সাফল্য নেই বাংলাদেশের। এখন পর্যন্ত দুদল যে চারটি টেস্টে মুখোমুখি হয়েছে তার চারটাতেই ইংল্যান্ডের জয়ে তেমন বিস্ময় নেই। ন্যূনতম ব্যবধানের জয়ও ৭ উইকেটের, ২০০৩ সালের অক্টোবরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ওই সিরিজেরই পরের টেস্টে বাংলাদেশ হেরেছিল ৩২৯ রানে। ২০০৫ এর মে-জুনে লর্ডস আর চেস্টার-লি স্ট্রিটে হওয়া দুদলের সর্বশেষ দুটি টেস্টেই ইংল্যান্ড জিতেছে ইনিংস ব্যবধানে।ইংল্যান্ডের বিপক্ষে এমন তিক্ত অতীতের পরও এবার বাংলাদেশ আছে অন্যকিছুর আশায়। সাকিব বলছেন, আশাপূরণে সবার আগে প্রয়োজন ভালো একটা শুরু, ‘সবার আগে আমাদের টার্গেট শুরুটা ভালো করা। শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু ভালো হলে আমাদের অনেক দূর যাওয়ার সুযোগ থাকে। আর বাজে কিছু হয়ে গেলে আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় ম্যাচে ফেরা। আমার তাই চাইব শুরুটা যেন ভালো হয়। পরে সেটা সবাই ধরে রাখতে পারলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে।’রকিবুল-কাণ্ড যতই ভুলে যেতে চাক বাংলাদেশ, ঘুরে-ফিরে তিনি আসছেনই। ভালো শুরু, ভালো সম্ভাবনার প্রত্যাশাতেও চাইলে শুনতে পারেন তাঁকে হারানোর আফসোস ধ্বনি। তিন দিনের প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি আর ফিফটি করা রকিবুলই যে সবচেয়ে ভালো চিনতেন চট্টগ্রামের ব্যাটিং উইকেটটাকে!