সব ছিল কিছুই নেই
পিরোজপুরের জিয়ানগর উপজেলার জিয়ানগর-কলারণ রাস্তার ধারে উত্তর বালিপাড়া গ্রামের আনোয়ারা বেগমের (৫৮) বর্তমান নিবাস। ছয় ফুট দৈর্ঘ্য, পাঁচ ফুট প্রস্থ এবং চার ফুট উচ্চতার আনোয়ারার ঘর বলতে সুপারিপাতার বেড়া আর ছেড়া পলিথিন ও ডালপালার ছাউনি। দরজা বলতে ছেড়া কাঁথা দিয়ে ঢাকার ব্যবস্থা। উঠান বলতে প্যাচ প্যাচে পানি, কাদা। এখানেই আনোয়ারার চলে রান্নাবান্নার কাজের পাশাপাশি নিদ্রাও। জিয়ানগর থেকে কলারণ যাওয়ার পথে উত্তর বালিপাড়া গ্রামে ঝুপড়ি ঘরে দেখা মেলে আনোয়ারার। দুপুরের রোদ যখন পশ্চিমে হেলতে শুরু করেছে, তখন আনোয়ারা খাওয়ার জন্য রুটি তৈরি করছেন। ভিক্ষার টাকায় কেনা আটা দিয়েই তৈরি হচ্ছে এ রুটি। তাঁর সঙ্গে আলাপ শুরু করতেই সেখানে জড়ো হয় বৃদ্ধ, যুবকসহ কয়েকজন। আনোয়ারা জানান, একসময় অনেক কিছুই ছিল তাঁদের। স্বামী সন্তান নিয়ে খেয়েপরে ছিল সুখের সংসার। এখন খাওয়া জোটে না তিন বেলা। পরনে জোটে না ভালো কোনো কাপড়। আনায়ারা বলেন, ‘এহোন মোর মানেসর ধারে চাইয়া চলতে হয়।’স্বামী-সন্তানেরা কোথায়—আনোয়ারার কাছে এ প্রশ্ন করতেই তাঁর পাশে ঘিরে থাকা অন্যরা সমস্বরে বলে ওঠে ওনার স্বামী সত্তার মিয়া অনেক আগে মারা গেছেন। অভাবের কারণে একমাত্র ছেলেও দূরের গ্রামে অন্যের জায়গায় বসবাস করে। জানা গেল, ছেলে আনোয়ার মাঝেমধ্যে এসে মায়ের খোঁজখবর নেয় সাধ্যমতো। আনোয়ারার ঘরের পাশে দাঁড়ানো রিয়াজ বলেন, প্রয়াত ভগ্নিপতি হোসেন ব্যাপারির এই জমিতে আনোয়ারার আশ্রয়। সমাজসেবী আবদুল গণি বলেন, ঘূর্ণিঝড় সিডরের পর অনেক ত্রাণের ছড়াছড়ি গেছে এ এলাকায়, কিন্তু আনোয়ারার ভাগ্যে কিছুই জোটেনি। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, বয়স্ক-ভাতা পাওয়ার জন্য বয়স আনোয়ারা বেগমের হয়নি। (৬৫ বছর হলে বয়স্ক-ভাতা পাওয়া যায়)। বিধবা-ভাতা পাওয়ার যোগ্যতা কি তার নেই? এ প্রশ্নের জবাবে মো. আবুল কালাম বলেন, ‘ইচ্ছা থাকলেও এ মুহুর্তে পারছি না, তবে ভবিষ্যতে করার চেষ্টা করব।’ ফেরার সময় আনোয়ারা বেগমের কাছে জানতে চাই—কী তার প্রয়োজন? আনোয়ারা বেগম কিছু না বলে মাথা নিচু করে তাকিয়ে থাকেন। এ সময় তাঁর চোখ দিয়ে পানি পড়তে থাকে। পাশে দাঁড়ানো মজিদ নামে একজন বলেন, থাকার জন্য ওনার একখানা ঘর খুবই দরকার।