সব জায়গায় দুর্নীতির কালো থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি শূন্যের কোঠায় চলে গেছে। টিআর ও কাবিখা কর্মসূচি থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতির কালো থাবা পড়েছে।আজ সোমবার পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের ঋণসহায়তা প্রত্যাহার সম্পর্কে এক আলোচনা সভায় মোশাররফ হোসেন এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ‘সাংবিধানিক অধিকার ফোরাম’ নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনার শিরোনাম ছিল ‘গুম-খুন, হামলা-মামলা, দুর্নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তা, দেশে গণতন্ত্র ও উন্নয়নের অন্তরায়’।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তথ্য দিয়েছিল, সরকার তখন এতে কর্ণপাত করেনি। প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের ওই বক্তব্য চ্যালেঞ্জ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই চ্যালেঞ্জ কিসের ভিত্তিতে করেছিলেন, জনগণের কাছে এর ব্যাখা দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিশ্বব্যাংক সরে আসার কারণে অন্য দাতা প্রতিষ্ঠানের ওপর এর প্রভাব পড়বে। বৈদেশিক সহায়তা স্থগিত হয়ে যাবে। দুর্নীতি মহামারি আকারে বাংলাদেশকে আক্রান্ত করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি, ব্যর্থতা ও অপশাসন চাপা দিতে সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। এ কারণে সরকার গুম-খুন, হামলা-মামলার পথ বেছে নিয়েছে।