সব থানায় দুজন করে পরিদর্শক নিয়োগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিটি থানায় দুজন করে পরিদর্শক নিয়োগ শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগরের ৪১টি থানার মধ্যে ২৪টি থানায় অতিরিক্ত একজন করে পরিদর্শক দেওয়া হয়েছে। থানায় দুজন পরিদর্শকের মধ্যে কে কী ধরনের দায়িত্ব পালন করবেন। সে ব্যাপারে নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর।পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, নিম্নস্তরের কর্মকর্তারা এ ধরনের ব্যবস্থা পছন্দ করছেন না। তাঁরা আগের মতোই থানা ব্যবস্থাপনায় একজন পরিদর্শক রাখার পক্ষে। এর আগে থানায় সহকারী পুলিশ সুপার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করা হয়।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার গতকাল রোববার বলেন, যেকোনো পরিবর্তনে দ্বিধা থাকে। এ ক্ষেত্রেও তাই হয়েছে। তবে যা করা হচ্ছে তাতে কোনো দ্বিধা থাকবে না। তিনি বলেন, এক থানায় দুজন পরিদর্শক তাঁদের কাজ বণ্টন করে নেবেন। সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। যিনি জ্যেষ্ঠ তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ১৪ জুন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুজন পরিদর্শকের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যজন তাঁর অধীনে থেকে মামলার তদন্তের দায়িত্বে থাকবেন।সূত্র জানায়, দেশে থানার সংখ্যা ৬০৯টি। এর মধ্যে হাইওয়ে পুলিশের থানা আছে ১০টি, এখনো এগুলোর অনুমোদন মেলেনি। ছয়টি মহানগরে থানার সংখ্যা ৬৫টি, এগুলো বাদে বিভিন্ন জেলায় মোট থানা ৫৩৪টি। এসব থানা ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে প্রচলিত ব্যবস্থার বদলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মামলা তদন্ত—এই দুই ভাগে থানা প্রশাসন ভাগ করা হচ্ছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, থানায় দুজন পরিদর্শকের মধ্যে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দায়িত্বসহ যাবতীয় কার্যক্রম তদারকি, অপরাধ এলাকার আগাম তথ্য সংগ্রহ, ভূমি ও ইমারত ফাইল সংরক্ষণ, অপরাধ বিবরণী তৈরি, চারিত্রিক সনদ প্রদান, মামলার নথি সংরক্ষণ, পরিদর্শককে সব কাজে সহায়তা করাসহ বিভিন্ন বিষয় তদারকি করবেন। কনিষ্ঠ পরিদর্শক মামলা পরিচালনা, আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল, সাধারণ ডায়েরির বিষয়গুলো তদন্ত করা, মামলাসংক্রান্ত যাবতীয় বিষয় দেখবেন। এ ছাড়া তিনি আদালতের সঙ্গে যোগাযোগ রক্ষা, তদন্তব্যয়সংক্রান্ত যাবতীয় কাজ দেখাশোনা এবং তদন্তকারী নিয়োগ করে তদন্ত তদারক করবেন। মামলার তদন্তের দুর্বলতার দায় তাঁকে বহন করতে হবে।সূত্র জানায়, থানার জনবলকেও দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। তবে ওই সব জনবল নির্ধারিত দায়িত্ব ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য করণীয় সব ধরনের দায়িত্ব পালন করতে পারবেন। কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়েছে, কেউ একবার মামলা তদন্তের দায়িত্ব পালন করলেই যে তাঁকে সব সময় তাই করতে হবে, তা নয়। একজন কর্মকর্তা এক থানায় মামলা তদন্তের দায়িত্ব পালন করলেও অন্য থানায় বদলি হওয়ার পর তিনি আইনশৃঙ্খলা রক্ষার কাজ করতে পারবেন।