বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক
সব দল ও নাগরিক গোষ্ঠীকে গঠনমূলক সংলাপের আহ্বান
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সহিংসতার বিষয়ে এক জরুরি বিতর্কে দেশটির সব রাজনৈতিক দল ও নাগরিক গোষ্ঠীর প্রতি গঠনমূলক সংলাপের আহ্বান জানানো হয়েছে।বিরোধী দল লেবার পার্টির সদস্য এবং ছায়া মন্ত্রিসভার সদস্য, বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর উত্থাপিত এ বিতর্কে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা এবং সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে সবাইকে সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানানো হয়।প্রধানত বাংলাদেশি-অধ্যুষিত এলাকা বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী ছাড়াও ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় গ্রুপের চেয়ার টোরি পার্টির অ্যান মেইন ও রেহমান চিশতি, লেবার পার্টির জিম ফিটজপ্যাট্রিক, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) জিম শ্যানন বিতর্কে অংশ নেন। বিতর্কের ইতি টেনে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুগো সয়্যার বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সহিষ্ণুতা ও পরিমিতি বজায় রাখা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছে।মঙ্গলবার বিকেল চারটায় (বাংলাদেশ সময় রাত ১০টা) শুরু হওয়া এই বিতর্ক চলে প্রায় আধা ঘণ্টা। বিতর্কের শুরুতে অ্যান মেইন জানান, লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার দর্শক গ্যালারিতে উপস্থিত আছেন এবং তিনি এই বিতর্ক শুনছেন। এর আগে বৃহস্পতিবার হাউজ অব লডর্সেও এ বিষয়ে অনির্ধারিত বিতর্ক হয়। এ ছাড়া শুক্রবার ছায়া মন্ত্রিসভার পররাষ্ট্রবিষয়ক সদস্য ডগলাস আলেকজান্ডার হাউজ অব কমন্সে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে ব্রিটিশ নাগরিকদের জন্য কী ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে, তা জানতে চেয়ে প্রশ্ন উত্থাপন করেন। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বার ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়টি আলোচনায় এল।মঙ্গলবারের আলোচনায় রুশনারা আলী সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এসব ঘটনা শুধু বাংলাদেশের জনগণের জন্য গভীর উদ্বেগের বিষয় নয়, বরং যুক্তরাজ্যে বাংলাদেশি জনগোষ্ঠী এবং বাংলাদেশের বন্ধুদের জন্যও উৎকণ্ঠার কারণ। তিনি বলেন, পরিস্থিতির যাতে আর অবনতি না হয়, সে জন্য বন্ধু হিসেবে ব্রিটেনের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।রুশনারা আলী বলেন, তাঁর নির্বাচনী এলাকা আলতাব আলী পার্কে প্রতি সপ্তাহে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। তিনি এসব প্রতিবাদ কর্মসূচির আয়োজকদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত—তারা প্রায়ই আমাদের তাদের পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানায়। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আমাদের কোনো পক্ষ নেওয়া উচিত নয়।’ তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সংযত ভাষা ব্যবহার এবং তরুণদের অহিংস রাজনীতিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।টোরি পার্টির রেহমান চিশতি বলেন, বর্তমান অস্থিরতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংখ্যালঘু হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের জনগোষ্ঠী। তাদের নিরাপত্তা বিধানে আরও ব্যবস্থা নেওয়া উচিত। উত্তর আয়ারল্যান্ডের ডিইউপির জিম শ্যানন বলেন, ধর্মবিশ্বাসের কারণে যাতে কারও জীবন হারাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।লেবার পার্টির জিম ফিটজপ্যাট্রিক জানান, গত সপ্তাহে পার্লামেন্টের বাইরে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব সহিংসতার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করা হয়েছে। বিতর্কের সমাপ্তি টানতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সয়্যার বলেন, মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, গত বছর ১৫ হাজার ১০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসেই প্রায় পাঁচ হাজারের মতো রাজনৈতিক সহিংসতার কথা জানা গেছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে ২৮ ফেব্রুয়ারির রায়ের পর থেকে দেশটিতে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী অন্তত ১২টি হরতাল পালন করেছে।হুগো সয়্যার প্রতিমন্ত্রী ব্যারনেস ওয়ার্সির বাংলাদেশ সফর, তাঁর বিবৃতি এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত তুলে ধরে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলাসহ সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানিয়ে ব্রিটিশ সরকার আলোচনার মাধ্যমে সব বিরোধ নিষ্পত্তির জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সহিংসতা, হত্যা এবং পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগগুলো সরকার তদন্ত করবে।জিম ফিটজপ্যাট্রিক মন্ত্রীর কাছে জানতে চান, বাংলাদেশের সরকার, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় এসব উদ্বেগের বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার কী জবাব পয়েছেন। জবাবে সয়্যার বলেন, রাজনৈতিক দলগুলো কী ভূমিকা নেবে, সে বিষয়টি এখনো অস্পষ্ট। তবে সব দলের প্রতি তাঁদের আহ্বান, আগামী নির্বাচনে যেন তারা অংশ নেয় এবং সব সমস্যার সমাধানের পথ হচ্ছে সংসদে আলোচনা, রাজপথে প্রতিবাদ নয়।