সব দল ভালো খেলুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার নাগপুরে ইংল্যান্ড-হল্যান্ড ম্যাচ চলার প্রথমার্ধে ওলন্দাজরা যখন ২ উইকেটে শত রান পেরিয়েছে, ২০-২২ ওভার হবে তখন, এক বন্ধুর ফোন পেলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে হল্যান্ডের ঝলমলে ব্যাটিং সূচনার সূত্র ধরে বন্ধুর কণ্ঠে তীক্ষ শ্লেষ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে।বন্ধু জানালেন, হল্যান্ডের চেয়ে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ আয়ারল্যান্ড অনেক বেশি শক্ত ও পেশাদার দল। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে, সামগ্রিকভাবে বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাঁর মতে, আমরা অনেক বাড়াবাড়ি করছি। বিশেষ করে আমাদের ক্রিকেট নিয়ে লেখালেখিতে। তাঁর ভাষায়, গণমাধ্যমের বাহুল্য ক্রিকেটচর্চায় কল্পনার ফানুস ওড়ানোর আদল দেখেন। আয়ারল্যান্ড, হল্যান্ডকে আমরা গণ্য না করার একটা অহংকারী আবহ তৈরি করেছি, যার জন্য আমাদের মূল্য দিতে হবে। আমাদের ভারত-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানোর চিন্তা বেয়াদবির শামিল ইত্যাদি ইত্যাদি। ভদ্রলোক প্রকৃত অর্থে ক্রিকেটপ্রেমী, ধ্যাননিষ্ঠ ক্রিকেট অনুসারী এবং সমাজের উঁচুতলার মানুষ। কিন্তু কী কারণে জানি ক্রিকেট নিয়ে বাংলাদেশকে পাকিস্তান-ভারতের সঙ্গে সমমানে কল্পনা করাটা দেখতে পারেন না। সুযোগ পেলেই কটাক্ষ করেন। সেদিনও করলেন। আমি আত্মপক্ষ সমর্থন করে আলাপচারিতা সারলাম।এ ধরনের শ্লেষ-বিদ্রূপ শুনতে শুনতে আমার দিন গেছে। আমাদের ক্রিকেট-স্বপ্ন আক্রান্ত হতে হতেই বাস্তবতার জার্সি গায়ে চড়িয়েছে বিগত দশকগুলোয়। আমি আগে একসময় তর্ক করতাম, প্রতিবাদমুখর হতাম। অনেক দিন থেকেই আমার আর কোনো প্রতিক্রিয়া হয় না। অভিজ্ঞতা থেকে জেনেছি, তর্কের চেয়ে হজম করে অপেক্ষা করা ভালো। সময়ে জবাবটা আমাদের ক্রিকেটাররাই দিয়ে দেন। তাঁদের ব্যাটে-বলে দেওয়া মাঝমাঠের বিশ্বকাপ। তাঁদের ব্যাটে-বলে দেওয়া মাঝমাঠের সেই সব জবাব কটাক্ষকারীদেরও বিজয়ানন্দের মিছিলে শরিক করেছে। আমরা পেরিয়ে গেছি শূন্য থেকে একের পর এক অর্জনের মাইলফলক। উপস্থিত অর্জন দেশের মাটিতে বিশ্বকাপ। এ বিশ্বকাপে আমাদের ক্রিকেটাররা ক্রিকেটচর্চার বিপরীত আলোচনাগুলোকে আরও হালকা করে দেবেন বলে বিশ্বাস করি।আমার যে বন্ধুর ফোনের কথা দিয়ে লেখা শুরু করেছিলাম, তিনি একজন অবসরপ্রাপ্ত বড় মাপের আমলা। তাঁর ও তাঁর মতো প্রাজ্ঞ অনেক ক্রিকেটপ্রেমীর ক্রিকেট-ভাবনায় এখনো ভিনদেশের বিশাল ভাবমূর্তি। সেই আকর্ষণের জায়গায়, সেই শ্রদ্ধার জায়গায় বাংলাদেশের ক্রিকেটকে বসাতে একটু সময় লাগবে। আশা রাখি, সাকিব-তামিমরা এবার সে সময়টাকে আরেকটু কাছে এনে দেবেন।হল্যান্ড সেদিন তাদের প্রবল প্রতিপক্ষ ইংল্যান্ডের সঙ্গে প্রশংসনীয় লড়াই করেছে। সারাক্ষণ জেতার আশা জিইয়ে রেখে পরাজিত হয়েছে। বিশ্বকাপে ওরা আরও ভালো খেলতে পারে। আয়ারল্যান্ডও যথেষ্ট শক্তিধর। গ্রুপের অন্য দলগুলোর মতো ওদের আমরা একই মানের প্রতিপক্ষ মনে করেই জেতার জন্য প্রতিদিন মাঠে নামব। আমরা বাবুরাম সাপুড়ের সাপ মারার স্বপ্ন দেখি না। আমরা চাই, এ বিশ্বকাপে আমাদের সব প্রতিপক্ষই ভালো খেলুক। আমরা আরও ভালো খেলে প্রতিটি ম্যাচ জিততে চাই। তাই ডাচ-আইরিশরা ভালো ক্রিকেট খেললে দুর্ভাবনার কিছু দেখি না।