সব দলিল ও আলামত চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য সংশ্লিষ্ট চিঠিপত্র ও অন্য যেকোনো দলিল অথবা আলামত চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ট্রাইব্যুনাল এ অনুরোধ জানিয়েছেন। চিঠিতে রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির তালিকাও চাওয়া হয়েছে।সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আবদুর রহিম ১৯৭৩ সালের তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট দলিলপত্র চেয়ে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদারের কাছে চিঠি পাঠান। চিঠিতে এ ‘বিষয়টি অত্যন্ত জরুরি’ উল্লেখ করে বলা হয়, বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তকাজ পরিচালনার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি এসব দলিল থেকে থাকে, তাহলে সেগুলো ট্রাইব্যুনালকে সরবরাহ করা উচিত।যেসব দলিল চাওয়া হয়েছে: ১৯৭১ সালের রাজাকার অর্ডিন্যান্সের গেজেটের কপি; আলবদর, আলশামস গঠনের তালিকা; ১৯৭০-৭১ সালের তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামী ও পূর্ব পাকিস্তানের ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কমিটির কপি; ১৯৭১ সালের মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী বাহিনীগুলোর সোহরাওয়ার্দী উদ্যানে ’৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দলিলের কপি; ১৯৭২ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইন বা দালাল আইনের আদেশে যতগুলো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেসব ট্রাইব্যুনালের মামলার নথি এবং পঁচাত্তরের ১৫ আগস্ট পর্যন্ত যতগুলো মামলা নিষ্পত্তি হয়েছিল তার তালিকা; একাত্তরে সংঘটিত জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধসমূহ তদন্তের জন্য গঠিত কমিশনের প্রতিবেদন; ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেই সময়ের ডিআইজি এম আর খান ও মীর মোস্তাফিজুর রহমান খানের তদন্ত প্রতিবেদন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এসব দলিল দিয়ে সহায়তা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (আইন ও পরিকল্পনা) আহ্বায়ক করে গত রোববার পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের। এ কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত করে এসব দলিল সরবরাহ করতে বলা হয়েছে।সাত দেশে চিঠি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্য-প্রমাণ, দলিল বা কোনো চিঠিপত্র থাকলে তা দিয়ে সহায়তা করতে সাত দেশে চিঠি পাঠানো হয়েছে। এ দেশগুলো হলো ভারত, জার্মানি, জাপান, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য চেয়ে এসব চিঠি পাঠানো হয়। স্থিরচিত্র ও ভিডিও এবং পেপারকাটিংসহ যেকোনো ধরনের তথ্য পাঠাতে বলা হয় চিঠিতে।সংশ্লিষ্ট সূত্রমতে, সরকার যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় গতি আনতে গত কয়েক দিনে বেশ কয়েকটি বৈঠক করেছে। যাত্রা শুরুর পর গত তিন মাসে জনবল, অফিস আবাসন ও যানবাহনের অপ্রতুলতার কারণে তদন্ত সংস্থার কাজ অনেকটাই স্থবির ছিল। তবে পুনরায় বড় পরিসরে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এই সংস্থা। ট্রাইব্যুনালের অবকাঠামো ও নিরাপত্তাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।মানবতাবিরোধী অপরাধের বিচারে তদন্ত সংস্থার মধ্যে সমন্বয় ও তদারকির জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী ও যুগ্ম সচিব শাফাত আহমেদ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।জনবল বাড়ানোর তাগিদ: জনবলসহ নানা সংকটের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা আবদুর রহিম। চিঠিতে বলা হয়, গত ২৫ মার্চ এক প্রজ্ঞাপনে সাত সদস্যের তদন্ত সংস্থা গঠন করা হয়। এর মধ্যে সামসুল আরেফিন কাজে যোগ দেননি। মীর শহিদুল ইসলাম যোগদানের পরদিন থেকে আর আসেননি। আবদুল মতিন ৫ মে পদত্যাগ করেন। নুরুল ইসলাম এএসপি পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর বদলির আদেশ হয়েছে। ফলে এখন সংস্থায় মোট জনবল তিনজন। দ্রুত জনবল বাড়ানোর জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।গাড়ি চেয়ে স্বরাষ্ট্রসচিবের চিঠি: তদন্তকারী সংস্থাকে সারা দেশে সরেজমিন তদন্ত করার জন্য ছয়টি জিপ/মাইক্রোবাস সরবরাহ করার অনুরোধ জানিয়ে সরকারি পরিবহন পুলে চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্রসচিব। কিন্তু পরিবহন পুল থেকে একটি পুরোনো কার ও মাইক্রোবাস সরবরাহ করা হয়। পরে স্বরাষ্ট্রসচিব পুলিশ সদর দপ্তরে এক চিঠিতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সরকারি পরিবহন পুলের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও গাড়ি পাইনি। পরিবহন পুল প্রয়োজনীয় গাড়ি সরবরাহে অপারগতা জানিয়েছে। সরকারি পরিবহন পুল যে দুটি গাড়ি দিয়েছে, তা দিয়ে ঢাকার বাইরে তদন্তকাজ পরিচালনা করা সম্ভব নয়।’তদন্ত সংস্থা ও আইনজীবীদের জন্য অফিস: মন্ত্রীদের জন্য বরাদ্দ করা মিন্টো রোডের বাসভবনে পাঁচ হাজার বর্গফুটের একটি অফিস তদন্ত সংস্থার জন্য রোববার বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনালে জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তাকে বেইলি রোডের ‘আসিয়ান’-এ বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা আবদুর রহিম এ পদে থাকা পর্যন্ত এ বরাদ্দ বহাল থাকবে।তদন্ত সংস্থার ব্যয়ের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থার বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সম্মানী ভাতা/ফি/পারিশ্রমিক সাড়ে চার লাখ টাকা, আপ্যায়ন ব্যয় ৬০ হাজার টাকা, টেলিফোন/টেলিগ্রাম/টেলিপ্রিন্টার ৭০ হাজার টাকা, আসবাবপত্র পাঁচ লাখ টাকা ও অন্যান্যসহ মোট ২০ লাখ টাকা।পুলিশ কর্মকর্তা নিয়োগ: তদন্তকারী সংস্থায় নিয়োগের জন্য পাঁচজন এসপি ও ১০ জন পরিদর্শকের নাম চাওয়া হয়েছে।ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার সদস্যদের নিরাপত্তা: ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার সদস্যদের বাসভবনের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত সংস্থার কর্মকর্তাদের বাসভবনের ঠিকানা সংগ্রহ করে এর নিরাপত্তা জোরদার করতে পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবকে (রাজনৈতিক) দায়িত্ব দেওয়া হয়েছে।