সব ধরনের চালের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া রমজান মাস আসার আগেই পেঁয়াজ, আলু, চিনি, ডালসহ কয়েকটি নিত্যপণ্যের দামও বেড়েছে। এতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে।ক্রেতাদের অভিযোগ, রমজান মাস সামনে রেখে দোকানিরা দাম বাড়িয়েছেন। বিক্রেতারা অজুহাত দেখাচ্ছেন পরিবহনব্যয় ও পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধিকে। তবে মাছ ও শাকসবজির দাম প্রায় স্থিতিশীল রয়েছে।গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার ও উত্তরার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।দুই সপ্তাহ ধরে খুচরা পর্যায়ে হঠাৎ করে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে। নাজিরশাইল চালের দাম মানভেদে প্রতি কেজি ৪৭ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে দাম বেড়েছে চার টাকা পর্যন্ত। মিনিকেটের দামও বেড়েছে একই হারে। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায়।কেজিতে তিন টাকা বেড়ে পাইজাম চালের দাম মানভেদে ৩৬ থেকে ৪০ টাকা। ব্রি-২৮ বা মোটা চালের দামও কেজিতে বেড়েছে দু-তিন টাকা।কারওয়ান বাজারের আবদুল আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ট্রাকের ভাড়া বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত ট্রাকের ভাড়া ছয় থেকে সাত হাজার টাকা বেড়েছে। এখন এক ট্রাক চাল আনতে ২২ হাজার টাকা ভাড়া দিতে হয়।দাম বেড়েছে যেসব পণ্যের: রমজান মাস আসার আগেই আলুর দাম কেজিতে তিন টাকা বেড়ে হয়েছে ১৮ টাকা। চার থেকে পাঁচ টাকা বেড়ে এক কেজি চিনির দাম এখন ৬৪-৬৫ টাকা। এক সপ্তাহ আগেও ৩২ থেকে ৩৫ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম গতকাল ছিল ৩৯ থেকে ৪২ টাকা। আমদানি করা পেঁয়াজের দাম ৩৫ টাকা। আগে ছিল ২৮ টাকা।ভালো মানের মসুর ডালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়ে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ মানের মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা কেজি।সব ব্র্যান্ডের প্যাকেটজাত গুঁড়া দুধের দাম বেড়েছে ১০ টাকা করে। ৪০০ গ্রামের ডানো ২৫০ টাকা, মার্কস ও ফ্রেশ ২১০ টাকায় বিক্রি হচ্ছে। ডিপ্লোমার ৫০০ গ্রাম ওজনের প্যাকেটজাত দুধ ৩০৫ টাকা। তবে বোতলজাত তেলের দাম অপরিবর্তিত রয়েছে।উত্তরার বাসিন্দা ব্যাংকার হাসিনা মমতাজ প্রথম আলোকে বলেন, ‘রোজা শুরু হওয়ার এত আগেই যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে, তাতে রোজার সময় দাম কোথায় উঠবে তা বলা মুশকিল।’বর্ষা মৌসুম শুরু হওয়ায় মাছের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। গরু ও খাসির মাংসের দাম আগের মতোই।শাকসবজি: এক কেজি টমেটো ৩০ থেকে ৪০ টাকা এবং কাঁকরোল, পটোল, করলা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি। ঢ্যাঁড়স ও পেঁপের দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা। মাঝারি আকারের লাউয়ের দাম ৫০ থেকে ৬০ টাকা। এক ফালি মিষ্টি কুমড়ার দাম ১৫ থেকে ২০ টাকা।