সব ধরনের পাহাড় কাটা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবিষ্যতে পাহাড় কাটার ক্ষেত্রে পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন ও পর্যালোচনা করে ছাড়পত্র নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।গত বছরের ২৭ নভেম্বর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেট সদরসহ ছয় উপজেলার পাহাড় কাটা নিয়ে একটি রিট করে। এর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন আদালত। রুলে ওইসব এলাকায় থাকা পাহাড় ও টিলা কাটার কার্যক্রম কেন এখতিয়ার-বহির্ভূত ও জনস্বার্থ-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে পাহাড় বা টিলার পাদদেশে বসবাসরত দরিদ্র ব্যক্তিদের পুনর্বাসনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার আদালত রায় দেন। ওই সময় আদালত সিলেটের ছয়টি এলাকায় পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন। আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান।ইকবাল কবির প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত রুল মঞ্জুর করে রায় দিয়েছেন এবং সব ধরনের পাহাড় কাটা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।রিট-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০০৭ সালের ১০ জুলাই পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক গেজেটে সব ধরনের পাহাড় ও টিলা কাটার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। এর পরও সিলেটে পাহাড় কাটা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।