সব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হবেন ইসির নিজস্ব: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে সব নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। বিকেলে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত সব উপনির্বাচন, সিটি করপোরেশন নির্বাচনে কমিশনের নিজস্ব জনবল রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেছেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। তবে জাতীয় সংসদ নির্বাচন এক দিনে অনুষ্ঠিত হওয়ার কারণে বিপুলসংখ্যক কর্মকর্তার প্রয়োজন হয়। তাই ওই নির্বাচনে শুধু কমিশনের নিজস্ব জনবল নিয়োগ করা বাস্তবসম্মত নয়। তবে ভবিষ্যতে এ ধরনের পরিকল্পনা আছে। নারী ক্রিকেটার অনুসন্ধানে ট্যালেন্ট হান্ট ক্যাম্প করবে সরকারঅপর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেছেন, এ বছর জেলায় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি প্রতিভাবান নারী খেলোয়াড় বাছাইয়ে ট্যালেন্ট হান্ট ক্যাম্প করার পরিকল্পনা সরকারের রয়েছে।হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর থেকে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ নামে নারীদের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে। এ টুর্নামেন্টে ২৪টি জেলা অংশ নেবে। টুর্নামেন্ট থেকে প্রতিভাবান নারী ক্রিকেটার বাছাইয়ের মাধ্যমে দুটি পর্যায়ে ট্যালেন্ট হান্ট ক্যাম্প করার পরিকল্পনা সরকারের আছে। শাহিদা তারিখ দীপ্তির প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আগামী আগস্টে স্পেনের বিখ্যাত বার্সেলোনা ফুটবল দল বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। তবে প্রীতি ম্যাচে বার্সেলোনার বিপক্ষে কোন কোন দল অংশ নেবে, তা নিশ্চিত হয়নি।৮৮ শতাংশ মানুষ নিরাপদ পানির আওতায়সাধনা হালদারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের ৮৮ শতাংশ মানুষ নিরাপদ পানি ব্যবহার করতে পারে। অপু উকিলের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরের পানির দৈনিক চাহিদা ২১৫-২২০ কোটি লিটার। বর্তমানে ঢাকা ওয়াসার উত্পাদন ক্ষমতা ২৪২ কোটি লিটার। মহানগরের চাহিদার পুরোটাই ঢাকা ওয়াসা সরবরাহ করছে।