সব নিষিদ্ধ দলকে স্বীকৃতি দেবে তিউনিসিয়ার সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী দলসহ সে দেশের সব রাজনৈতিক দলকে স্বীকৃতি দেবে।রাজনৈতিক সংকটে আক্রান্ত আফ্রিকার এ দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এ ঘোষণা এল। দেশটির যুবমন্ত্রী মোহাম্মদ আলুলু বলেছেন, ‘আমরা পেছনে যাচ্ছি না। আমরা সব রাজনৈতিক আন্দোলনকে স্বীকৃতি দেব।’সরকারের এ ঘোষণা বাস্তবায়িত হলে নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী এনদা মুভমেন্টও নতুন করে রাজনীতিতে আসার সুযোগ পাবে।এদিকে তিউনিসিয়ার সরকার গত কয়েক সপ্তাহের বিক্ষোভে নিহতদের স্মরণে আজ শুক্রবার থেকে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর বিরুদ্ধে দেশটির রাজধানী তিউনিসসহ বিভিন্ন এলাকায় এখনো বিক্ষোভ চলছে। বেন আলীর আরসিডি দলের কার্যালয়ের সামনে গতকাল ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনারা ফাঁকা গুলি ছুড়েছে। বিবিসি।