বাংলাদেশে চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সহিংসতা ও প্রাণহানিকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার না করে সব পক্ষকে শান্তিপূর্ণ পথ খুঁজে বের করার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।বাংলাদেশের কূটনীতিক ও রাজনীতিবিদেরা মনে করছেন, চলমান সহিংসতা নিরসন করতে হলে রাজনৈতিক উদ্যোগ দরকার। এ জন্য সময় নষ্ট না করে এখনই উদ্যোগ নিতে হবে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাংলাদেশে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন। গত শুক্রবার বাংলাদেশবিষয়ক এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র জানান, ‘বান কি মুন উদ্বেগের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং চলমান সহিংসতার ঘটনায় তিনি মর্মাহত।’ মুখপাত্র আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার একটি জাতীয় প্রক্রিয়া বলে বিবেচিত। তাই সংশ্লিষ্ট সবার উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা।’গত কয়েক দিনের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। একই সঙ্গে তিনি উপাসনালয় ও ব্যক্তিগত সম্পত্তির ওপর হামলার ঘটনায় নিন্দা জানান। গতকাল রোববার পাঠানো এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশনার তাঁর অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে সাম্প্রতিক প্রাণহানির ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অসমর্থনযোগ্য বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।এদিকে চলমান সহিংসতার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রও। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপমুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রেল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর: যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপমুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রেল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার শান্তিপূর্ণ পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র সরকার স্বাগত জানাবে। গত কয়েক দিনের সহিংসতায় বিপুলসংখ্যক প্রাণহানির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। মন্দিরে হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতা কখনোই কোনো জবাব হতে পারে না। বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ, আপনাদের দৃষ্টিভঙ্গির শান্তিপূর্ণ প্রকাশ ঘটান।’প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে কি না, জানতে চাইলে প্যাট্রিক ভেন্ট্রেল বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী এবং সে সময় নৃশংসতা সৃষ্টিকারীদের বিচারের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে আমরা বিশ্বাস করি। আমরা আরও বিশ্বাস করি, এই বিচার মুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিচার হওয়া উচিত ইন্টারন্যাশনাল কনভেন্যান্ট ফর সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের আওতায়। কারণ, এই ইন্টারন্যাশনাল কনভেন্যান্টটি মানার ক্ষেত্রে বাংলাদেশের বাধ্যবাধকতা রয়েছে।’বিবৃতিতে সব পক্ষকে সংযমের চর্চা, সংযত থাকা এবং আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে রবার্ট গিবসন বলেন, ‘শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপের মধ্য দিয়ে মতপার্থক্য দূর করতে এবং একই সঙ্গে অনর্থক বিঘ্ন সৃষ্টি ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা ও স্থিতি দুর্বল না করার জন্য যুক্তরাজ্য অব্যাহতভাবে আহ্বান জানাবে।’ব্রিটিশ হাইকমিশনার: গতকাল পাঠানো বিবৃতিতে উপাসনালয়ে হামলার নিন্দা জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, ‘স্বাধীনতা অর্জন, ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় নির্যাতনের ভয়ের ঊর্ধ্বে থেকে মানুষের বসবাসের উপযোগী একটি রাষ্ট্র গড়তে কঠিন সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। এর জন্য অনেক মূল্যও দিতে হয়েছে। কতিপয় মানুষের নির্মম ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে এই বিশাল অর্জন ম্রিয়মাণ হচ্ছে।’হরতাল ও জনজীবনের বিপর্যয় সম্পর্কে রবার্ট গিবসন বলেন, ‘যেখানে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের অধিকার রয়েছে, সেখানে ভয়ভীতি প্রদর্শন ও হরতাল আরোপ করে সব নাগরিকের জীবন বিপর্যস্ত এবং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য পরিচালনা ব্যাহত করা হচ্ছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের মধ্যে নেতিবাচক ধারণা দিচ্ছে।’বিশেষজ্ঞ মত: আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও চলমান সংঘাত সম্পর্কে সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাংলাদেশের জন্য অবশ্যই মঙ্গলবার্তা নয়। সহিংসতা নিরসন সম্পর্কে তিনি বলেন, ‘এ পর্যন্ত যে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, তা কার্যকর বলে মনে হচ্ছে না। আমি মনে করি, আশু রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন। সরকারসমেত রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এখনই আলাপ-আলোচনা ও সম্মিলিত উদ্যোগ নেওয়া উচিত, যাতে অবস্থা নিয়ন্ত্রণে আনা যায় এবং দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।’উপাসনালয়ে হামলার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের বিষয়ে সাবেক এই কূটনীতিক বলেন, ‘যেসব সাম্প্রদায়িক কর্মকাণ্ড ঘটছে, তার পরিণতি ভয়াবহ হতে পারে। এ জন্য দ্রুত সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে কালক্ষেপণের সুযোগ নেই।’রাজনৈতিক ভাবনা: বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে এখন অনেক ধরনের সংকট চলছে। সবচেয়ে বড় সংকট হলো, নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা ঠিক করা। তিনি বলেন, যে অবস্থা চলছে, তা থেকে উত্তোরণের জন্য সব পক্ষের মধ্যে আলোচনা হতে হবে। বিশেষ করে নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে তো আলোচনা হতেই হবে। সমাধানে পৌঁছাতে হবে। তা না হলে সংকট বাড়তে থাকবে।শমসের মবিন বলেন, সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে সব সমস্যার সমাধানে সরকারকে ভূমিকা রাখতে হবে।