সব পক্ষের মতামত লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের রায় আগামী দিনে দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কি না, তা নির্ভর করবে রাজনীতিকদের আচরণের ওপর। সর্বোচ্চ আদালতের এই রায়ের আলোকে সংবিধান সংশোধনের যে উদ্যোগ সরকার নিয়েছে, তাতে সব পক্ষের মতামত দেওয়ার সুযোগ না থাকলে উদ্দেশ্য সফল হবে না। আগামী দিনের সুস্থ রাজনীতির জন্য ব্যক্তি ও সমাজজীবনে এবং নিজ নিজ দলে গণতন্ত্রচর্চার কোনো বিকল্প নেই। পাশাপাশি সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে ব্যাপারেও উদ্যোগ নিতে হবে।দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, আইনবিদ ও বুদ্ধিজীবীরা গতকাল রোববার প্রথম আলো আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন। ‘পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল: আগামী দিনের রাজনীতি’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় প্রথম আলোর কার্যালয়ের সেমিনার কক্ষে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ। আলোচনায় অংশ নেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরী, আইনজীবী শাহ্দীন মালিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।মূলে যাওয়ার সুযোগ: আলোচনার শুরুতে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকে ’৭৯-এর ৬ এপ্রিল পর্যন্ত সামরিক ফরমানের মাধ্যমে করা সব কাজকে সংবিধানের পঞ্চম সংশোধনীতে বৈধতা দেওয়া হয়। তিনি বলেন, সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট এবং সংবিধান রক্ষার দায়িত্ব জনগণের। নিজের ব্যক্তিগত মত উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট যেহেতু পঞ্চম সংশোধনী বাতিল করেছেন, তাই পঞ্চম সংশোধনীর আগে যেসব ধারা, উপধারা, অনুচ্ছেদ সংবিধানে ছিল, তা আপনাআপনি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে বলে ধরে নেওয়া যায়। তিনি বলেন, একই কারণে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নির্বাচন কমিশন বাতিল করতে পারে। কারণ পঞ্চম সংশোধনীর আগে এ ধরনের দল নিষিদ্ধ ছিল।সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে জাতির মুক্তির একটি সুযোগ এসেছে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, রাষ্ট্রভাষা—এসব বিষয় নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই। সহমতের জায়গা খুঁজে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, পৃথিবী পাল্টাচ্ছে, দক্ষিণ এশিয়া পাল্টাচ্ছে। উচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা সময়ের প্রতিচ্ছবি।প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সংবিধান সংশোধন বিষয়ে আমরা যা করব, তা সর্বসম্মতভাবে করব।’ বিএনপিকে কমিটিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবীদের পরামর্শও নেওয়া হবে। অন্য কেউ পরামর্শ দিলে তা-ও সাদরে গ্রহণ করা হবে।খন্দকার মাহবুব হোসেন বলেন, সংবিধান সংশোধন সংসদেই হতে হবে। কারণ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনীর সবকিছু বাতিল করেননি। তার আগে এ ব্যাপারে বিশেষজ্ঞ কমিটি গঠন করা উচিত। তিনি বলেন, সব পক্ষের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা না হলে ভবিষ্যতে অন্য কেউ ক্ষমতায় এসে আবার তা পাল্টে ফেলতে পারে।একাধিক আলোচক বলেন, উচ্চ আদালতের এই রায় ভবিষ্যতে সামরিক শাসক বা অবৈধভাবে যাঁরা ক্ষমতা দখল করতে চান, তাঁদের জন্য একটি সতর্ক সংকেত।দ্বন্দ্ব: আনিসুল ইসলাম মাহমুদ বলেন, উচ্চ আদালতের রায়ের কারণে ধর্মনিরপেক্ষতার বিষয়টি আবার রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে চলে এসেছে। অন্যদিকে অষ্টম সংশোধনীর কারণে ইসলাম এখনো রাষ্ট্রধর্ম আছে। তিনি বলেন, এতে কোনো সমস্যা নেই। কারণ রাষ্ট্রধর্মকে রাজনৈতিক অর্থে ব্যবহার করা হয়নি। শাহ্দীন মালিক বলেন, গোঁজামিল দিলে সংঘাতের আশঙ্কা বাড়বে। তিনি আইনের ব্যবহারের ইতিহাস তুলে ধরে বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ধর্মকে আইনের উৎস হিসেবে ধরে। সংবিধানকে আইনের উৎস ধরে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। পাকিস্তানে সংবিধান ও ধর্ম দুটোকেই আইনের উৎস হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। তাঁর মতে, পাকিস্তানে দ্বন্দ্ব-সংঘাতের এটি একটি কারণ।শাহ্দীন মালিক বলেন, সংবিধানকে সমাজের ধ্যান-ধারণা-আদর্শের ধারক হিসেবে দেখা যায়। যেমন যুক্তরাষ্ট্রের সংবিধান। এই সংবিধান ছোট আকারের। আবার সংবিধানকে বিস্তারিত ব্যবস্থাপত্র হিসেবেও দেখা যায়। যেমন ভারতের সংবিধান। তিনি বলেন, ‘আমরা কোন পথে যাব, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’গৌতম দেওয়ান বলেন, সংবিধানে আদিবাসীদের কোনো স্বীকৃতি নেই। পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিকে চুক্তির কিছু বিষয়কে আদালত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে সম্প্রতি রায় দেওয়ায় এর বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি বলেন, ৪০ বছর পর সংবিধান সংশোধন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে আদিবাসীদের বিষয় যেন অন্তর্ভুক্ত করা হয়।আলোচনার সূচনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল হওয়ার পর কিছু বিষয় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, বাহাত্তরের মূল সংবিধানে ফেরার সুযোগ তৈরি হয়েছে। অসাম্প্রদায়িকতা, ধর্মের অপব্যবহার রোধ এবং ধর্মীয় জঙ্গিবাদী তৎপরতা বন্ধের সুযোগ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ভবিষ্যতে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল, সামরিক আইন জারির বিরুদ্ধে কার্যকর বিধি প্রণয়ন করার সুযোগ এসেছে। তিনি বলেন, এসব বিষয়ের ওপর ভিত্তি করে আগামী দিনের রাজনীতি প্রভাবিত হবে।আগামীর রাজনীতি: রাজনীতি বিষয়ে বক্তব্য উপস্থাপনের সময় মোজাফ্ফর আহমদ বলেন, রাজনীতি আবার সাংঘর্ষিক হয়ে উঠছে। দেশে ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সমাজে বৈষম্য বেশি, তাই সংঘর্ষও অনিবার্য। সামাজিক নিরাপত্তাবেষ্টনী বা ভিক্ষা করে সমাজ পরিবর্তন করা যাবে না। এখন রাজনীতিকেরা সব পাওয়ার জন্য রাজনীতি করেন।সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, রাজনীতির বর্তমান ধারা দেখে মনে হয়, আগামী দিনের রাজনীতিতে দ্বন্দ্ব-সংঘর্ষ আরও তীব্র হবে। দলের মধ্যে, সরকারের মধ্যে গণতন্ত্রের চর্চা আরও জোরদার হওয়া দরকার। সংসদ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে সামনের দিকে এগোনো যাবে। তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানোর প্রস্তাব করে বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সব সময় প্রধানমন্ত্রীর অধীনে থাকা বাঞ্ছনীয় নয়।আমিন আহমেদ চৌধুরী বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ করা হয়েছে। যাঁরা মন্ত্রিপরিষদ কুক্ষিগত করে রাখতে চান, তাঁরাও স্বৈরশাসক। তিনি বলেন, স্বাধীনতার পর রাজনীতিবিদেরা শ্রদ্ধেয় ছিলেন। কিন্তু এখন যাঁরা রাজনীতি করেন, তাঁদের অনেকের ওপর শ্রদ্ধা রাখা কষ্টকর।আড়াই ঘণ্টার গোলটেবিল বৈঠক সঞ্চালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, সবার সম্মতি নিয়েই সংবিধান সংশোধন করতে হবে।একাধিক আলোচক বলেন, আইন করে বা সংবিধানে কিছু যোগ করে সামরিক শাসন ঠেকানো যাবে না। আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আইন করে সামরিক শাসন বন্ধ করা যাবে না।’ অন্য বক্তারা বলেন, এটা বন্ধ করতে গণতন্ত্রচর্চা করতে হবে।