দেশের সম্প্রসারণশীল সম্প্রচারমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রথমেই প্রয়োজন সম্প্রচার আইন। ওই আইনের অনুপস্থিতির কারণেই এই খাতে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আইন করা হলে সেই ধারাবাহিকতায় নীতিমালা বা বিধিমালা প্রণয়ন হতে পারে।সম্প্রচার সাংবাদিকদের কয়েকজন এক সভায় মিলিত হয়ে সম্প্রতি ওই মত প্রকাশ করেছেন। তাঁরা প্রস্তাবিত সম্প্রচারনীতির খসড়া সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা মনে করেন, আইন বা নীতিমালা যাই করা হোক না কেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এবং তাদের মতামত বিবেচনায় নিয়েই এ ধরনের আইন বা নীতিমালা করতে হবে।সভায় সভাপতিত্ব করেন মনজুরুল আহসান বুলবুল। উপস্থিত ছিলেন খায়রুল আনোয়ার, মোস্তফা ফিরোজ, শাহ আলমগীর, রেজোয়ানুল হক, ভানু রঞ্জন চক্রবর্তী, সাইফুল আমিন, শামসুদ্দিন হায়দার, অশোক চৌধুরী, রাহুল রাহা, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান, মো. লুত্ফর রহমান, সুকান্ত গুপ্ত, জহিরুল আলম, ইব্রাহিম আজাদ, জ ই মামুন, মুন্নী সাহা, প্রভাষ আমিন প্রমুখ।সভায় সম্প্রচার সাংবাদিকদের একটি সংগঠন গড়ে তোলার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।মুন্নী সাহাকে চাঁদাবাজদের হুমকি দেওয়ায় উদ্বেগ: সিনিয়র সম্প্রচার সাংবাদিকেরা সাংবাদিক মুন্নী সাহাকে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা হুমকি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, মুন্নী সাহার পেশাগত কাজ ও সাহসিকতাকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের হুমকি দেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে এই দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিজ্ঞপ্তি।