সব পণ্যের দামই চড়া
পুরো রমজানেই চিনি, ছোলা, পেঁয়াজ, তরিতরকারিসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম ছিল অস্বাভাবিক রকম বেশি। এর মধ্যে চিনি আর ছোলার বাজারে ছিল আগুন। সবজির দরেও ছিল ব্যাপক ওঠানামা।ঈদের পর কিছুটা কমেছে সবজির দাম। তবে চিনির সংকট তেমন না থাকলেও খুচরা বিক্রেতারা তা বিক্রি করছেন ৭০ টাকা কেজি পর্যন্ত। ঈদের আগে যাঁরা প্যাকেটজাত চিনি বিক্রি করতেন ৬৫ টাকায়, তাঁরাও এখন চিনি বিক্রি করছেন ৬৭ থেকে ৬৮ টাকায়।আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও দেশে বেড়েছে আটার দাম। আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে মসুর ডালও। পেঁয়াজের দাম তো ঈদের আগে থেকেই বেশি। তবে অনেকটাই অপরিবর্তিত ভোজ্যতেল।চিনি এখনো খুচরায় বেশি: ঈদের পর এখনো চিনির বাজার জমে ওঠেনি। ক্রেতা না থাকায় বেচাকেনাও কম। মিল থেকে কিছু চিনি আসা শুরু করেছে। অবশ্য এই সময়টাতে চিনির চাহিদাও কম থাকে। তাই বাজারে চিনির সংকট আছে, সে কথা বলা যাবে না। খুচরা বিক্রেতারা বলছেন অন্য কথা। তাঁদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা এখনো তাঁদের কাছে প্রতি বস্তা চিনি তিন হাজার ২৫০ থেকে তিন হাজার ৩০০ টাকায় বিক্রি করছেন। সে হিসাবে তাঁদেরই এক কেজি চিনি কিনতে হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকায়। বকশীবাজার, হাতিরপুল ও আজিমপুরের কয়েকজন দোকানির অভিযোগ, ঈদের আগের মতো এখনো রসিদে কারচুপি করছেন পাইকারি ব্যবসায়ীরা। অর্থাৎ বিক্রি করছেন এক দরে, রসিদে লিখছেন আরেক দর।বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাসেম প্রথম আলোকে বলেন, সরকার-নির্ধারিত দামেই চিনি বিক্রি হচ্ছে। দু-একজন ব্যবসায়ী হয়তো বেশি দামে বিক্রি করতে পারেন। সবজিতে খানিকটা স্বস্তি: কয়েকটি কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটোল ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০, বেগুন মানভেদে ৩০ থেকে ৪৫, বরবটি ৫০, মুলা ৪০, কচুরলতি ৪০, শসা ২৫ থেকে ৩৫, পেঁপে ১২ থেকে ২০, কচুরমুখি ৩০ থেকে ৩৫, ঝিঙে ও ধুন্দুল ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।টমেটোর দাম এখনো বেশি—বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। পাওয়া যাচ্ছে নতুন শিম, ১১০ থেকে ১৪০ টাকা কেজি। কাঁচা মরিচের কেজি এখন ৯০ থেকে ১২০ টাকা। তবে অনেক বিক্রেতাই গতকাল ১০০ গ্রাম মরিচ বিক্রি করেছেন ১৬ টাকা পর্যন্ত।দেশি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৩৮ থেকে ৪২ টাকায়, আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। দেশি রসুন ৬০ থেকে ৭০ আর চীনা রসুন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।মাছের বাজার গরম, মুরগির দামও বেশি: ঈদের পর সবজির দাম কমলেও মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের জোড়া ইলিশ এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। অন্যান্য মাছের দামও চড়া।ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে দেশি মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। বিক্রেতারা ছয়-সাত শ গ্রাম ওজনের দেশি মুরগির দাম রাখছেন ২২০ থেকে ২৩০ টাকা। বিভিন্ন ধরনের এক হালি ডিম পাওয়া যাচ্ছে ২৪ থেকে ২৮ টাকায়।বেড়ে গেছে গরুর মাংসের দামও। বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়, আর খাসির মাংস মিলছে ৪২০ থেকে ৪৪০ টাকায়।আটার দাম বেড়েছে, চালের বাজার স্থির: রোজার পর সবচেয়ে বেশি বেড়েছে আটার দাম। দুই সপ্তাহ আগেও দুই কেজির আটার প্যাকেট পাওয়া যেত ৫৮ থেকে ৬০ টাকায়। এখন ক্রেতাকে গুনতে হচ্ছে ৬৪ টাকা।রোজায় চাহিদা কম থাকায় চালের দাম কম ছিল। এখনো অনেকটাই স্থির আছে চালের বাজার। মোটা চাল মিলছে ৩২ থেকে ৩৫ টাকায়, মিনিকেট ৪২ থেকে ৫৫, নাজিরশাইল ৩৮ থেকে ৪৪, লতা ৩৬ থেকে ৪০ টাকায় কিনতে পারছেন ক্রেতারা। বেড়েছে ডালের দাম: মসুর ডালের দামও কিছুটা বেড়েছে। বাজারে দেশি মসুর ডাল এখন বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। ঈদের আগে এই ডাল বিক্রি হতো ৯০ টাকায়। আমদানি করা ডাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।