বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচনে সবকটি পদে ভোট দেওয়ার বিধান বাতিল করে দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য এ স্থগিতাদেশ দেওয়া হয়। আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, ২০০২ সালের ৩১ জুলাই সরকারের এক আদেশে বিকেএমএর নির্বাচনে সবকটি পদে ভোটারদের ভোট দেওয়ার বিধান রাখা হয়। ওই আদেশের বিরুদ্ধে ব্যবসায়ী আজিজুল হক আরবিট্রেশন ট্রাইব্যুনালে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গত ২৩ জুন সরকারের ওই আদেশ বাতিল ঘোষণা করে। ট্রাইব্যুনালের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থী মো. ফারুক বিন ইউসুফ হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। এ রিটের ওপর শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।রিট আবেদনকারীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার প্রথম আলোকে বলেন, এ আদেশের ফলে আগামী ১১ জুলাই বিকেএমইএর নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই। আরবিট্রেশন ট্রাইব্যুনালের আদেশ দুই মাসের জন্য স্থগিত করায় এখন ভোটারদের ২৭টি পদেই ভোট দিতে হবে। ট্রাইব্যুনালের ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে।