সব পাই ‘জয়িতা’য়
হাতের কাজ করা সালোয়ার-কামিজ, মসলিন, জামদানি বা টাঙ্গাইলের শাড়ি, বিছানার চাদর, কুরশের কাজের টেবিল ক্লথ, ঘর সাজানোর টুকিটাকি, জুতা, চুড়ি, মালা, রুপার গয়না—সবই আছে জয়িতায়। আলুভর্তা দিয়ে ভাত খাওয়াসহ হরেকরকম খাবারের ব্যবস্থাও আছে এখানে। শিশুদের জন্যও আছে খেলার জায়গা।ধানমন্ডির রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চম তলায় ‘জয়িতা’। ঈদ উপলক্ষে এখান থেকে ৫০০ টাকার পণ্য কিনলেই ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের জন্য র্যাফল ড্ররও আয়োজন আছে।মহিলা অধিদপ্তরের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচির আওতায় পরিচালিত হচ্ছে জয়িতা কর্মসূচি। এতে মহিলা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত দেশের বিভিন্ন জায়গার সমিতির তৃণমূলের নারী উদ্যোক্তারা দোকান বরাদ্দ পেয়েছেন। ফলে এ বিপণনকেন্দ্রের বিক্রেতা, বিক্রেতার সহায়তাকারীদের সবাই নারী। তবে ক্রেতা হিসেবে নারী-পুরুষ সবাই যেতে পারেন।ঈদ বাজার কেমন চলছে জানতে চাইলে জয়িতার পঞ্চম তলায় উদ্যোক্তা এবং একই সঙ্গে বিক্রেতা বিবি ফাতেমা বলেন, ‘যাঁরা আসছেন, তাঁরা কিনছেন, কিন্তু লোকজনের আনাগোনা কম। ঈদ বাজারে প্রচুর ক্রেতা প্রয়োজন। কিন্তু এখানে ঠিক ঈদের বাজারের মতো মনে হচ্ছে না।’উদ্যোক্তাদের মতে, জয়িতা সম্পর্কে প্রচার অনেক কম। অনেকে এখনো জানেন না, এ ধরনের একটি বিপণিকেন্দ্র আছে। অনেকে রাপা প্লাজায় আসেন, চতুর্থ তলায় উঠলেও বেশির ভাগই পঞ্চম তলায় আসেন না বলে এই ফ্লোরের বিক্রেতাদের অভিযোগ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৬ নভেম্বর জয়িতার কার্যক্রম উদ্বোধন করেন। জয়িতার বিক্রেতারা বলছেন, ঢাকার ক্রেতারা কী চান, তা বুঝতেও কিছুটা সময় লাগছে। এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও জয়িতা তেমন কোনো আয়োজন করেনি। বিক্রেতাদের মতে, এখানে দোকান বরাদ্দ পাওয়ার পর এবারই প্রথম ঈদ। তাই এবারের ঈদ নিয়ে তাঁদের অনেক আশা-ভরসা। কিন্তু ঈদ ঘনিয়ে এলেও ক্রেতাদের আনাগোনায় ঠিক সন্তুষ্ট হতে পারছেন না তাঁরা। উদ্যোক্তারা জানান, বাইরের মার্কেটের তুলনায় জয়িতায় সব জিনিসের দাম অনেক কম রাখা হয়েছে। জয়িতায় আগত ক্রেতারাও স্বীকার করলেন, এখানে জিনিসপত্রের দাম কম। ধানমন্ডির এষা হোসেন জয়িতা থেকে একটি শাড়ি কিনেছেন। তাঁর মতে, শাড়ির দামটি অন্য জায়গার তুলনায় অনেকটাই কম।জয়িতার ১৩৯টি স্টলের মধ্যে ১০টি দেশীয় খাবার স্টল, ছয়টি কৃষিপণ্য ও ১২৩টি হস্তশিল্পজাত পণ্যের স্টল রয়েছে। বাজারব্যবস্থা সম্প্রসারণ, প্রচার ও ব্র্যান্ড-ইমেজ গড়ে তুলতে এবং উদ্যোক্তাদের আধুনিক ফ্যাশন ও ডিজাইন সম্পর্কে প্রশিক্ষণদানের জন্য বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে বলে জানান জয়িতার প্রধান নির্বাহী কর্মকর্তা জেড আই ফারুক।