সব প্রতিবন্ধকতা জয়ের প্রত্যয়
জন্মের পর থেকে দুটি হাতই বিকল। তাই লেখালেখি পা দিয়েই করে শেখ আজিজুল হক। সিলেটের দক্ষিণ সুরমার সৈয়দ কুতুব জালাল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজিজুল গত বছর পায়ে লিখে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পায়। সিলেটে গতকাল মঙ্গলবার আঞ্চলিক গণিত উৎসবে আট শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আজিজুল অংশ নেয়। সব প্রতিবন্ধকতা জয় করে বাংলাদেশকে আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করে সে। বন্ধুসভার বন্ধুরা তাকে গণিতের বই উপহার দেন।এ রকম অনুপ্রেরণাময় গল্প আর প্রতিযোগিতার আনন্দে নগরের নয়াসড়ক এলাকায় ঐতিহ্যবাহী কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ে হয়েছে সিলেট অঞ্চলের গণিত উৎসব। সকাল আটটা থেকেই শুরু হয় শিক্ষার্থীদের উচ্ছ্বাসমুখর পদচারণ। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা নানা আয়োজনে ছিল মশগুল। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে, ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবে দেশের বরেণ্য গণিতবিদেরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কিশোরীমোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র আদিত্য। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবং ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হুমায়ূন কবীর জাতীয় অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী পর্ব শেষে পরীক্ষায় অংশ নেয় সিলেট বিভাগের চারটি জেলার ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩১ জন শিক্ষার্থী। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—চার ভাগে তাদের পরীক্ষা নেওয়া হয়। এতে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। ফাঁকে ফাঁকে চলতে থাকে গণিত উৎসবের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রশ্নের জবাব দেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক শামসুন্নাহার বেগম, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের শিক্ষক মো. রুহুল আমিন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর জাবেদ মোরশেদ প্রমুখ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্বে নারী নির্যাতন বেড়ে গেছে। বাংলাদেশও এটির প্রভাবমুক্ত নয়। তাই তরুণ প্রজন্মকেই এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ পরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারী মুগ্ধ ও তার ভাই স্নিগ্ধ গেয়ে শোনায় ‘যদি লক্ষ্য থাকে অটুট’ গানটি। এরপর বন্ধুসভার সদস্যরা প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিম, শিতালং শাহসহ সিলেটের বিভিন্ন লোককবির গান পরিবেশন করেন।সমাপনী পর্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. রাশেদ তালুকদার বলেন, ‘গণিত উৎসবের মাধ্যমে আমরা এখন অনেক দূর এগিয়ে গেছি। রুপার মেডেল পেয়েছি, এখন স্বর্ণের মেডেলের জন্য অপেক্ষা।’ উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভেন্যু স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেওয়ান গোলাম রব্বানী, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, বন্ধুসভার সভাপতি এন ডি মিথুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহিদ হোসাইন খান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির হাতে ভেন্যু-স্মারক তুলে দেওয়ার মধ্য দিয় এ পর্ব শেষ হয়।ফলাফলে ৪৯ জন শিক্ষার্থীকে জাতীয় উৎসবের জন্য নির্বাচিত করা হয়। এদের প্রত্যেককে দেওয়া হয় মেডেল ও সনদ। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়েছে উচ্চমাধ্যমিক (হায়ার সেকেন্ডারি) বিভাগের প্রতিযোগী—সিলেট এমসি কলেজের একাদশ বিভাগের শিক্ষার্থী আজাদ আনজুম। চলতি বছর এ পর্যন্ত অনুষ্ঠিত সবগুলো অলিম্পিয়াডের মধ্যে দীপ্ত সর্বোচ্চ নম্বর পেয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ ঘোষণায় করতালি দিয়ে অপর প্রতিযোগীরা দীপ্তকে স্বাগত জানায়।