সব প্রতিষ্ঠানে শিশু দিবাযত্নকেন্দ্র থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠান সহযোগিতা করে না বলে মা হওয়ার কারণে অনেক নারী চাকরি ছাড়তে বাধ্য হন। আর চাকরি ছাড়তে পারেন না, এমন নারীরা আত্মগ্লানিতে ভোগেন। কর্মক্ষেত্রে এসব নারীকে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠানে শিশু দিবাযত্নকেন্দ্র থাকা জরুরি। এ ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।গতকাল বুধবার প্রথম আলো কার্যালয়ে ‘মাতৃত্ব ও মানবসম্পদ উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। ব্র্যাক ব্যাংকের উদ্যোগে এবং প্রথম আলো জবসের আয়োজনে এ বৈঠকে বহুজাতিক কোম্পানি, ব্যাংক, হোটেল, সংবাদপত্র, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনজিওর মানবসম্পদ বিভাগে (এইচআর) কর্মরত নারীরা অংশ নেন। বৈঠকের সঞ্চালক ব্র্যাক ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান ত্যাহিনয়াত আহমেদ করিম বলেন, শিশু দিবাযত্নকেন্দ্র খোলার প্রশ্ন এলে প্রতিষ্ঠানে কতজন নারী কাজ করছেন তার হিসাব নেওয়া হয়। কিন্তু সন্তান লালনপালনে বাবাদেরও ভূমিকা আছে। বাবাও যেন সন্তানকে কর্মক্ষেত্রে এনে দেখাশোনা করতে পারে, সে জন্য সব প্রতিষ্ঠানেই এ কেন্দ্র থাকতে হবে।বিভিন্ন প্রতিষ্ঠানের এসব কর্মকর্তা বলেন, মানবসম্পদ বিভাগের দায়িত্ব অনেকটা পরিবারের মায়ের মতো। কর্মচারী-কর্মকর্তাদের সমস্যা দেখার দায়িত্বও তাঁদের। মাতৃত্বকালীন ছুটি, শিশু দিবাযত্নকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ মানবসম্পদ বিভাগেরই নেওয়া উচিত। প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, ‘আহা রে ছেলেটা না জানি কী করছে অথবা সন্তানকে সময় দিচ্ছি না—এ ধরনের আত্মগ্লানিতে মন খারাপ করতাম। ভাবতাম এটা বুঝি শুধু আমার সমস্যা। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশের কর্মজীবী নারীদের অবস্থাও দেখলাম একই রকম। সন্তানের জন্য কেউ চাকরি ছেড়ে দিচ্ছে বা ভালো সুযোগ হাতছাড়া করছে।’ তিনি বলেন, সমাজ, রাষ্ট্র বা প্রতিষ্ঠান নারী কর্মীদের এ ধরনের আত্মগ্লানি দূর করতে পারে।কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান নুসরাত নিগার সম্প্রতি মা হয়েছেন। তিনি বলেন, মা হওয়ার পর মনে হয়েছে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দরকার। তিনি জানান, তাঁর প্রতিষ্ঠানে সন্তান রাখার জন্য একটি কক্ষ আছে। যেখানে গৃহকর্মীর তত্ত্বাবধানে সন্তান রাখা যায়। প্রতিষ্ঠানে বুকের দুধ খাওয়ানোর জন্যও বিরতি দেওয়া হয়। আর পুরুষ কর্মীরা পিতৃত্বকালীন ছুটি পাচ্ছেন।এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশীদ জানালেন, নারীদের এমন সব সুযোগের কথা আগে চিন্তাও করা যেত না। তাঁর এক সন্তানের বয়স ২৫। তিনি আগে নামকরা আর একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। সন্তান হওয়ার ৪৫ দিনের মাথায় তিনি কাজে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। বৈঠকের আলোচনা যখন জমে উঠেছে এমন সময় লীড্স করপোরেশন লিমিটেডের এইচ আর ব্যবস্থাপক আতীকা পারভীন সৈয়দ জানালেন, তাঁর ছেলে পাঁচবার ফোন দিয়েছে, অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকা সম্ভব না।ব্যুরো ভ্যারিটাস কনজিউমার প্রডাক্টস সার্ভিসেস (বিডি) লিমিটেডের এইচআর বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী মালিক শাদমিন মুমতাহিনা অল্প কিছুদিনের মধ্যে মা হতে যাচ্ছেন। জানালেন, তিনি মা হচ্ছেন এটা জানার পর থেকে অফিসের সবাই সহযোগিতা করছেন। নিজের রুমে একটু ঘুমিয়ে নেওয়া, নিজের সিটে বসে খাওয়া, এমনকি ছুটির দিন পরিবর্তন করে নেওয়ার সুযোগও পাচ্ছেন তিনি। কোভান্টা বাংলাদেশ অপারেটিং লিমিটেডের এইচআর ও প্রশাসন বিভাগের প্রধান সুনীতা বড়ুয়া বলেন, তাঁর প্রতিষ্ঠানে পুরুষ কর্মীর সংখ্যা বেশি। মেডিকেল অফিসার পদে একজন নারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বাধা আসছে।রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেডের এইচআর বিভাগের জ্যেষ্ঠ অফিসার লামিয়া জোহা বলেন, শিশু দিবাযত্নকেন্দ্র না দিলেও প্রতিষ্ঠান অন্ততপক্ষে একটি পৃথক ঘর যেন দেয়, সে দাবি তোলার সময় এসেছে।অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ নির্বাহী কর্মকর্তা কাজী বুশরা ইব্রাহীম বলেন, ‘কর্মজীবী মাকে সব সময় দেখেছি যুদ্ধ করতে। তাই সব কর্মজীবী মায়ের মধ্যে নিজের মায়ের ছায়া দেখি। এ ধরনের উপলব্ধি সবার মধ্যে না এলে অবস্থার পরিবর্তন হবে না।’হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁর এইচআর বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী রুবিনা খান বলেন, একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেও প্রতিষ্ঠানে শিশু দিবাযত্নকেন্দ্র গড়ে তুলতে না পারায় তিনি হতাশ।ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডমিশনস অফিসার প্রিয়াঙ্কা দে এবং সহকারী ক্যারিয়ার কাউন্সেলর ফারজানা হাফিজ জানালেন, তাঁদের প্রতিষ্ঠান মাতৃত্বকালীন ছুটি ছয় মাস অনুমোদন দিয়ে দিয়েছে।নোভো নরডিস্ক ফার্মা প্রাইভেট লিমিটেডের এইচআর-প্রধান স্যানজিদা শারমিন, গৃহিণী শুলশান আক্তার, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের এইচআর সহকারী ব্যবস্থাপক রুমানা মাহবুব, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শামীমা আকতার, প্রথম আলোর এইচআর নির্বাহী বিলকিস বানু, ফ্রিল্যান্স বাজার গবেষক এমরান রহমান আলোচনায় অংশ নেন।বৈঠকের শেষ পর্যায়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রতিষ্ঠানের মালিক ও প্রতিষ্ঠানের প্রধান যদি নারীকর্মীদের সমস্যার দিকে সুনজর না দেয় তা হলে আইন বা নিয়মনীতি কোনো কাজে আসবে না। তিনি জানালেন, প্রথম আলো নারীকর্মীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। মা হওয়ার জন্য কারও চাকরি যেন না যায় তাও নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।