যত শঙ্কা বাংলাদেশ বিমানকে নিয়ে!
সব প্রস্তুতি সত্ত্বেও হজযাত্রী পরিবহনে ঝুঁকিতে মন্ত্রণালয়
চলতি বছর হজযাত্রী পরিবহন নিয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। এবার হজযাত্রীর সংখ্যা অস্বাভাবিক বেশি হওয়ায় এবং শেষ মুহূর্তে ধর্ম মন্ত্রণালয় থেকে আরও প্রায় ২০ হাজারজন হজে যাওয়ার অনুমতি পাওয়ার কথা জানানোয় এ অবস্থা তৈরি হয়েছে।গতকাল রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জি এম কাদের বলেন, ‘অল্প সময়ে ৯৪ হাজার হজযাত্রী পাঠানো নিয়ে আমরা ঝুঁকির মধ্যে আছি। তবু আমরা এই ঝুঁকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি দেশের মানুষের একটা পবিত্র ইচ্ছাপূরণের জন্য।’তবে মন্ত্রী বলেন, সবাই মিলে আন্তরিকভাবে কাজ করলে কোনো সমস্যা হবে না। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও দেশি-বিদেশি নয়টি বিমান সংস্থার সঙ্গে হজযাত্রী পরিবহনে চুক্তি করা হয়েছে। এর মধ্যে বিমান ৪৭ হাজার ৬৮৪, সৌদি এয়ার প্রায় ২৮ হাজার এবং আরও আটটি বিমান সংস্থা ২১ হাজার হজযাত্রী পরিবহন করবে। তিনি বলেন, এ বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি টাস্কফোর্স ও মনিটরিং সেল গঠন করা হবে।বিমানমন্ত্রী বলেন, হজের জন্য বিমান কর্তৃপক্ষ দুটি উড়োজাহাজ ভাড়া এবং হজ ফ্লাইটের সময়সূচিও ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর হজ ফ্লাইট শুরু হবে।সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।কিন্তু সব আয়োজন করার পরও হজযাত্রী পরিবহনে কেন ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে—এ প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁদের সব শঙ্কা বাংলাদেশ বিমানকে নিয়ে। কারণ ৪৭ হাজার হজযাত্রী পরিবহনে বিমানের ভাড়া করা দুটি উড়োজাহাজই যথেষ্ট। এর সঙ্গে বিমানের নিজস্ব ডিসি-১০ উড়োজাহাজ ব্যবহার করা হবে এবং নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী নেওয়া হবে বলে জানা গেছে।কিন্তু কাবো এয়ারের ২৪ বছরের পুরোনো ত্রুটিপূর্ণ একটি উড়োজাহাজ ভাড়া না করায় স্বার্থান্বেষী মহলের কারসাজিতে বাংলাদেশ বিমানের ক্ষুব্ধ একটি অংশ হজ ফ্লাইটের ইচ্ছাকৃত সংকট সৃষ্টি করতে পারে বলে আশংকা মন্ত্রণালয়ের। জি এম কাদেরও প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, কাবোর সেই বিতর্কিত উড়োজাহাজটি হজের জন্য বাংলাদেশ বিমানের কাছে ভাড়া দিতে এখনো একটি মহল তৎপর। তিনি বলেন, ওই উড়োজাহাজে উঠিয়ে হজযাত্রীদের জীবনের ঝুঁকি নেওয়া যাবে না। মন্ত্রণালয় এ ব্যাপারে আপস করবে না। তা ছাড়া বেসামরিক বিমান চলাচল আইন অনুযায়ী, ওই উড়োজাহাজকে ওড়ার অনুমতি দেওয়ারও সুযোগ নেই।কাবোর ওই উড়োজাহাজ বিশেষ বিবেচনায় ভাড়া করার সুযোগ না দেওয়ায় কয়েক মাস ধরে বিমান কর্তৃপক্ষ ও সংসদীয় কমিটির সঙ্গে মন্ত্রীর টানাপোড়েন চলছে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তৃতা-বিবৃতির পর বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ায়। পরে মন্ত্রীর অনমনীয়তার মুখে কাবোর উড়োজাহাজটি ফেরত পাঠানো হয়।এখন আবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি কাবোর উড়োজাহাজটি ভাড়া করার সুপারিশ করে। গত মঙ্গলবার সংসদীয় কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি মোশাররফ হোসেন বলেন, এবার বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নাইজেরিয়ার কাবো এয়ারের একটি উড়োজাহাজ বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটে যুক্ত করতে সভায় উপস্থিত বিমানমন্ত্রীকে আহ্বান জানানো হয়। সংসদীয় কমিটির ওই সভায় বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিনও উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ২০০৮ সালে হজ ফ্লাইটের জন্য কাবোর উড়োজাহাজটি ভাড়া করার সময় অনিয়মের অভিযোগ উঠেছিল। তখন হজ ফ্লাইট শেষে কাবোর কাছে বিমান উল্টো টাকা পাওনা হয়। এই পাওনা আদায়ের জন্য উড়োজাহাজটি বছরখানেক ঢাকা বিমানবন্দরে আটকে রাখা হয়। পরে কাবো কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে ২০০৯ সালের হজ ফ্লাইট পরিচালনার সুযোগ পেলে তারা পাওনা পুষিয়ে দেবে। কিন্তু ২০০৯ সালে হজ ফ্লাইটের জন্য সব ঠিকঠাকের পর হজের জন্য উড়োজাহাজ দিতে পারবে না বলে বিমানকে বেকায়দায় ফেলে কাবো। তখন শেষ মুহূর্তে বিমান কর্তৃপক্ষ অনেক বেশি দামে একটির স্থলে দুটি উড়োজাহাজ ভাড়া করে। একই সঙ্গে কাবো এয়ারকে কালো তালিকাভুক্ত করারও প্রস্তাব ওঠে বিমান পরিচালনা পর্ষদে। কিন্তু কদিন পর কাবোর সেই উড়োজাহাজটিই ভাড়া করা হয়। শুধু তা-ই নয়, হজের জন্য ভাড়া করা হলেও তা আরও বাড়তি ছয় মাস বেশি ভাড়ায় রাখা হয়। এ নিয়ে তখনই কমিশন-বাণিজ্যের অভিযোগ উঠেছিল।