সব প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার চালুর পরিকল্পনা রয়েছে: গণশিক্ষা মন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন বলেছেন, ২০১৮ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে।আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে আফছারুল আমীন এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, আইসিটি নীতিমালা অনুযায়ী ২০১৮ সালের মধ্যে কম্পিউটার শিক্ষা চালু করার লক্ষ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে ৬২ হাজার কম্পিউটার সরবরাহের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া পিইডিপি-২-এর আওতায় ৫০৩টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার সরবরাহের কার্যক্রম প্রক্রিয়াধীন। পিইডিপি-৩-এর আওতায় প্রাথমিক শিক্ষার কারিকুলাম অনুযায়ী ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।আফছারুল আমীন বলেন, চলতি অর্থবছরে ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার সরবরাহের জন্য একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য বিবেচনাধীন।সরকারি দলের সাংসদ বেগম সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান অর্থবছরে পর্যায়ক্রমে দারিদ্র্য পীড়িত ৮৬টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। বাসস।