সব বাধা পায়ে দলে লক্ষ্যে পৌঁছাল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওদের লক্ষ্য ছিল এসএসসিতে ভালো ফল করা। কিন্তু পদে পদে ছিল বাধা। আর্থিক বাধা তো ছিলই, কারও ছিল সামাজিক, কারও বা শারীরিক বাধা। সব বাধা পায়ে দলে ঠিকই ওরা পৌঁছে গেছে লক্ষ্যে। পেয়েছে জিপিএ-৫।হরিজন বলে বাধা: রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল সনু সরকার। পরিচ্ছন্নতাকর্মী গণপতি সরকারের ছেলে সে। মা জীবন রানী সরকার। রাজশাহী নগরের হেতেম খান এলাকার হরিজনপল্লিতে তাঁদের বাস। স্থানীয় হরিজন সম্প্রদায় থেকে এই প্রথম কোনো শিক্ষার্থী এসএসসিতে এত ভালো ফল করেছে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সনু চতুর্থ। শিক্ষাজীবনের শুরুতে হরিজন পরিচয় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার।সনুর বড় ভাই সুরাজ সরকার জানান, রাজশাহী কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দিয়ে সনু মেধা তালিকায় স্থান পেলেও হরিজন শিশু বলে কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে চায়নি। পরে সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমানের সুপারিশে তাকে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাবেক মেয়র।সনু জানায়, হরিজন বলে বিদ্যালয়ে প্রথম দিকে সহপাঠীরাও তার সঙ্গে ভালো করে মিশতে চায়নি। হীনম্মন্যতায় ভুগত সে। তবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের উৎসাহে এগিয়ে গেছে সে। এর মধ্যে বিজ্ঞান শিক্ষক মোশাররফ হোসেনের অবদান ভোলার নয়। পরে অবশ্য সব সহপাঠীর সঙ্গে তার সুসম্পর্ক হয়। পড়াশোনা করে বড় হয়ে নিজ সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চায় সে।শিক্ষক মোশাররফ হোসেন বলেন, ‘সনুর সঙ্গে কে কেমন আচরণ করেছেন জানি না, কিন্তু আমি তাকে কখনোই আলাদা চোখে দেখিনি।’সেদিনও খাবার ছিল না: খুলনা নগরের সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিল শামীমা আক্তার। নগরের বসুপাড়া এলাকার ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ের একটি খুপরিতে ভাড়া থাকে ওরা। তিন বোনের মধ্যে শামীমা বড়। মা তাসলিমা যখন পরের বাড়িতে কাজ করতে যান, তখন দুই বোনকে সামলাতে হয় তাকে। করতে হয় ঘরের কাজ। সঙ্গে পড়াশোনা।বাবা আরেক জায়গায় সংসার পাতায় মা-ই শামীমাদের সব। কিন্তু তাঁর একার আয়ে সংসার চলতে চায় না। ঘরে প্রায়ই থাকে না খাবার। কত দিন যে শামীমা না খেয়ে বিদ্যালয়ে গেছে, এর কোনো হিসাব নেই। টাকার অভাবে পরীক্ষা দেওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছিল।শামীমার মা বললেন, ‘আমি হ্যারে নিষেধ হরছি, এইবার পরীক্ষা দেওন লাগব না। কিন্তু হোনে নাই। ওর স্কুলের এক বন্ধুর বাপের কাজ থিক্কা দুই হাজার টাহা ধার আনে। হেই টাহাও অনেক দিন ধইরা মোরা শোধ দেছি।’ তিনি বলেন, ‘মাইয়াডারে কহনো ভালো-মন্দ খাইতে দেতে পারি নাই। যেদিন ও পরীক্ষা দিতে যায়, হেদিনও ঘরে খাওন আছিল না। মাইয়াডা বড় হইয়া ব্যাংকের অপিসার হইতে চায়। পারুম কি না জানি না, তয় চেষ্টা করতাছি।’শামীমা বলে, ‘আমাগো তো ভর্তি হওয়ার টাকা নাই, তাই যে কলেজে উপবৃত্তি দেয়, হেইয়ানে ভর্তি হব।’সোনাপোতা স্কুলের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘শামীমা আমাদের গর্ব। গরিব হলেও মেয়েটির ইচ্ছাশক্তি আছে। কখনো বেতন দিতে না পারলে আমরা চালিয়ে নিয়েছি।’শরীর খাটানোই সম্বল: রাঙামাটি শাহ উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিল বিজয় রতন চাকমা। বাড়ি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি গ্রামে। রাঙামাটি শহরে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী অসিত বরণ দেওয়ানের বাড়িতে কাজ করে রতন।রতনের মা জুটিকা চাকমা জানান, শারীরিক সমস্যার কারণে বিজয়ের বাবা নিহার কান্তি চাকমা কয়েক বছর ধরে কাজ করতে পারেন না। চাষবাস করার মতো কোনো জমিও নেই তাঁদের। এ জন্য নিজে মজুরের কাজ করেন। এতেও সংসার চলে না বলে ছেলেকে শহরে অন্যের বাড়িতে কাজে দিয়েছেন।অসিত বরণ দেওয়ান জানান, কাজে আসার পর পড়াশোনার প্রতি বিজয়ের আগ্রহ তাঁর নজর কাড়ে। শহরের শাহ উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে তাকে ভর্তি করিয়ে দেন। এর পর থেকে সে সব সময় প্রথম স্থান অধিকার করে আসছে। অষ্টম শ্রেণীতে সে বৃত্তিও পেয়েছে। তিনি বলেন, বর্তমানে আর্থিক সংকটের কারণে রতনকে তাঁর পক্ষে পড়ানো সম্ভব নয়।রতন জানায়, কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করত সে। গৃহকর্তা আর শিক্ষকেরা তাকে অনেক সহযোগিতা করেছেন। তবে এখন পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তার মন খুব খারাপ।ঋণ করে ফরম পূরণ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিয়েছিল রোজিনা আক্তার। গাজীপুর সদর উপজেলার লোহাকৈর গ্রামের হামিদ খান ও পরীবানু বেগমের মেয়ে সে। তারা ছয় ভাইবোন। বাবা জমি বেচাকেনায় মধ্যস্থতার কাজ করেন। এতে সংসারের অভাব ঘোচে না।রোজিনা জানায়, পরীক্ষার ফরম পূরণের সময় ঘরে টাকা ছিল না। বাবা তখন চড়া সুদে ঋণ করেন। এখনো টানতে হচ্ছে সেই ঋণের বোঝা। এই বোঝা লাঘবে নিজেই উদ্যোগী হয়েছে রোজিনা। পরীক্ষার পর থেকে মৌচাক আদর্শ বিদ্যানিকেতন নামের একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করছে সে। পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি করার ইচ্ছা তার।হামিদ খান বলেন, ‘মেয়ার ভালো ফলে খুশি হইছি। কিন্তু এবার কলেজে ভর্তি কারানোর লাইগা চিন্তায় আছি।’মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক বলেন, ‘সামর্থ্য না থাকায় রোজিনা অন্য শিক্ষার্থীর মতো প্রাইভেট পড়তে পারেনি। এর পরও সে ভালো ফল করে আমাদের তাক লাগিয়েছে।’পড়তে হতো বই ধার করে: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল মো. লেলিন চৌধুরী। বাড়ি হলোখানা ইউনিয়নের নয়ারহাট বাজার গ্রামে। বাবা আবুল হোসেন একসময় দিনমজুর ছিলেন। তিন বছর আগে মস্তিষ্কে সমস্যা দেখা দেয় তাঁর। মা বিজলি বেগম এখন নুরুন্নবী হলোখানা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে আয়ার কাজ করেন।বিজলি বেগম বলেন, ‘যে সামান্য বেতন পাই, এতে সংসার চালানো খুব মুশকিল। এত দিন তবু ছেলে কোনো রকমে তার পড়াশোনা চালিয়ে নিয়েছে। এখন কী হবে, তা নিয়ে চিন্তায় আছি।’লেলিন জানায়, বই কেনার টাকা ছিল না বলে সহপাঠীদের বই ধার করে পড়েছে সে। বিভিন্নজনের অর্থ-সহায়তায় খাতা-কলম কিনেছে। না খেয়ে অনেক দিন বিদ্যালয়ে গেছে।হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার বলেন, ‘ছেলেটি এই দারিদ্র্যের মধ্যে ভালো ফল করায় আমরা খুশি।’ফলেই মেধার পরিচয়: সিলেটের বিশ্বনাথ উপজেলার জাগরণ উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল শামছুল হক। বাড়ি বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামে। বাবা কৃষক নূরুল হক। মা গোলনেহার বেগম। পাঁচ বোন ও এক ভাই ওরা। জন্ম থেকে বাক্শক্তি নেই শামছুলের।পড়াশোনার প্রতি ছেলের প্রচণ্ড ঝোঁক দেখে তাকে ছয় বছর বয়সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন বাবা। এর পর থেকে শামসুল হক প্রতি শ্রেণীতেই প্রথম হয়েছে। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছিল।নূরুল হক জানান, তাঁর ছেলে কথা বলতে না পারলেও পরীক্ষার ফলে মেধার পরিচয় মিলেছে। টাকার টানাটানিতে অনেক সময় ছেলের পড়াশোনা বাধার মুখে পড়লেও এলাকার অনেকে সহযোগিতা করেছেন। তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ।শামসুল হক একটি কাগজে লিখে জানায়, ‘আমার প্রতিটি পরীক্ষায় ফলাফলের জন্য মা-বাবা, শিক্ষিক-শিক্ষিকাদের অবদান রয়েছে। আমি তাঁদের কাছে ঋণী। পড়াশোনা করে একজন চিকিৎসক হওয়া আমার লক্ষ্য।’[এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন রাজশাহী, খুলনা, রাঙামাটি ও কুড়িগ্রামের নিজস্ব প্রতিবেদক, কালিয়াকৈর (গাজীপুর) ও বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি]