সব বেসরকারি প্রাথমিক ও কমিউনিটি বিদ্যালয় সরকারিকরণের সুপারিশ
দেশের সব বেসরকারি প্রাথমিক ও কমিউনিটি বিদ্যালয়গুলো সরকারি করার সুপারিশ করেছে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় কমিটি।আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সভা শেষে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সংবাদ ব্রিফিংয়ে জানান, দেশে ১৯ হাজার ৭০০ বেসরকারি বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শতভাগ খরচ সরকার বহন করে। এগুলোর ভবনও সরকারই নির্মাণ করে দেয়। সে ক্ষেত্রে এসব বিদ্যালয় সরকারি করতে সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, ‘আমাদের সংবিধানেও সকল প্রাথমিক শিক্ষার মান সমান রাখার বিধান রয়েছে।’মহীউদ্দীন খান বলেন, রেলওয়ের কংক্রিট সিমেন্ট নির্মাণের কারখানা বন্ধের কারণ সম্পর্কে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে রেলওয়েকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ১৯৮৭ সাল থেকে এই কারখানায় লক্ষ্যানুযায়ী স্লিপার উত্পাদন কেন করা যায়নি, সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি মনে করে, অব্যবস্থাপনার কারণেই কারখানাটি বন্ধ রয়েছে। মন্ত্রণালয়ের তদারকির এবং লোকবলেরও অভাব ছিল।সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য আলী আশরাফ, আবদুস শহীদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, এম কে আনোয়ার, ইমাজ উদ্দিন প্রামানিক, মোহাম্মদ ছায়েদুল হক, এ কে এম রহমতুল্লাহ, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খান টিপু সুলতান, আবদুস সালাম ও নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান প্রমুখ।