‘সিডও’ সনদ বিষয়ে কিছু তথ্যজাতিসংঘ প্রতিষ্ঠার পর ‘বিশ্ব নারীর মর্যাদাবিষয়ক কমিশন’ গঠিত হয় ১৯৪৬ সালে। এই কমিশনেরই পর্যবেক্ষণে ধরা পড়েছিল, ১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘের ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণা’ নারীর অধিকার বিষয়ে গুরুত্ব দেয়নি। মূলত পুরুষের অধিকারকেই প্রাধান্য দিয়েছে এবং নারীর মানবাধিকারের প্রতি দৃষ্টি দেয়নি। ফলে নারীর প্রতি বৈষম্য ঘরে-বাইরে চরম আকারে দৃশ্যমান। জাতিসংঘের অনুমোদনে বিশ্ব নারীর মর্যাদাবিষয়ক কমিশন ১৯৪৭ সাল থেকে ২০ বছর ধরে লিখে তৈরি করেছে ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ’-এর খসড়া প্রতিবেদন। ৩০টি দেশের নারী-পুরুষ এটি লেখেন। উল্লেখ্য, তাঁদের দুই-তৃতীয়াংশই উন্নয়নশীল দেশের ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চলের প্রতিনিধি ছিলেন। ১৯৬৭ সালে জাতিসংঘে জমা পড়ার পর খসড়া প্রতিবেদন নিয়ে ১২ বছর পরীক্ষা-নিরীক্ষা করে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর সনদটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। সনদের আইন অনুসারে ২০টি দেশ বা রাষ্ট্রের স্বাক্ষরের পর ১৯৮০ সালের ৩ সেপ্টেম্বর সনদটি কার্যকর হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী (www.feministcampus.org) যুক্তরাষ্ট্র, ইরান, সুদান ও সোমালিয়া ছাড়া অন্য সব সদস্যরাষ্ট্র এই সনদে স্বাক্ষর দিয়েছে এবং তা বাস্তবায়নের জন্য নিজ নিজ দেশে সচেষ্ট রয়েছে।এই সনদের বিষয়ে কাজ পরিচালনার জন্য কমিটি রয়েছে। দেশগুলোর প্রতিনিধিরা ভোট দিয়ে আবেদনকারীদের মধ্য থেকে কর্মকর্তাদের নির্বাচিত করেন।সর্বশেষ পর্যায়ে এই সনদের কার্যকারিতা শক্তিশালী করার জন্য কমিটি ‘অপশনাল প্রটোকল’ বলে একটি ব্যবস্থা অনুমোদন করেছে যে, নারী প্রয়োজনে সরাসরি কমিটির কাছে লিখিত অভিযোগ জানাতে পারেন।বাংলাদেশের অবস্থান ও কার্যক্রমবিষয়ক তথ্য১৯৮৪ সালে ৬ নভেম্বর বাংলাদেশ সরকার সিডও সনদের ৩০টি ধারা যথা, নারীর মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণ, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সাময়িক বিশেষ ব্যবস্থা, সামাজিক ও সাংস্কৃতিক প্রথার ইতিবাচক পরিবর্তন, নারী পাচার রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক-আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক জীবনে নারীর সমান অংশগ্রহণের ব্যবস্থা, নারী ও তার সন্তানের জাতীয়তা, শিক্ষা, কর্মক্ষেত্র, স্বাস্থ্য, অর্থনীতিতে, গ্রামীণ নারীর কাজে অংশগ্রহণ ও সমান অংশীদারি, আইনগত ও নাগরিক অধিকার, বিবাহ ও সব পারিবারিক বিষয়ে নারী-পুরুষের সমান অধিকার (১৬ ধারা) সিডও সনদ বাস্তবায়ন-প্রক্রিয়া (১৭ ধারা) ইত্যাদির মধ্যে ২, ১৩(ক), ১৬র ১গ ও চ বিষয়ে সম্মতি সংরক্ষণ রেখে স্বাক্ষর করেছে। একে বলে ধারা সংরক্ষিত রেখে ‘র্যাটিফিকেশন’ করা। ১৯৯৭ সালে ১৩(ক) (পারিবারিক কল্যাণের অধিকার) এবং ১৬চ (অভিভাবকত্ব, প্রতিপালকত্ব, ট্রাস্টিশিপ ও সব ক্ষেত্রে শিশুদের স্বার্থই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ;)—এই ধারা দুটির প্রতি সংরক্ষণ সরকার তুলে নিয়েছে।এখন পর্যন্ত সরকার ২ ধারা (মূলত এই ধারাটি গুরুত্বপূর্ণ যে সনদে উল্লিখিত ধারাগুলোর বাস্তবায়নে সরকার নিজ দেশে আইন করবে) এবং ১৬.১.গ ধারা (বিবাহ এবং এর বিচ্ছেদকালে একই অধিকার ও দায়িত্ব) বাংলাদেশ সরকার সংরক্ষণ করে রেখেছে।বাংলাদেশের নারীসমাজ পরিবার থেকে প্রতিষ্ঠান, রাজনীতি থেকে রাষ্ট্র-প্রশাসন পর্যন্ত যেসব মৌলিক মানবাধিকার বঞ্চনায় বিপর্যস্ত, তাতে বলার অপেক্ষা রাখে না যে সম্মতিপ্রাপ্ত ধারাগুলোর বাস্তবায়নেও অব্যাহতভাবে সরকার সামাজিক-সাংস্কৃতিক পশ্চাত্পদ মূল্যবোধের পরিচয় দিচ্ছে।বাংলাদেশ সরকারের পরোক্ষ অনুমোদনক্রমে দেশের প্রতিনিধি হিসেবে সিডও কমিটির নির্বাচনে দুবার প্রেসিডেন্ট ও সদস্য হয়েছিলেন স্বনামখ্যাত সালমা খান। পরবর্তী সময়ে সিডও কমিটির সদস্য হয়েছেন ফেরদৌস আরা (মহিলা মন্ত্রণালয়ে উচ্চপদে কর্মরত ছিলেন)।বাংলাদেশের জন্য গৌরব বহনকারী সদস্যরা রাষ্ট্রের সঙ্গে বহু সংগ্রাম করেছেন ‘সংরক্ষিত ধারাগুলো’ তুলে নেওয়ার আবেদন জানিয়ে। কিন্তু বাংলাদেশ সরকার ‘পবিত্র কোরআন ও সুন্নাহ ও শরিয়া আইনের পরিপন্থী’ উল্লেখ করে ‘১৬.১.গ’ ধারার প্রতি সম্মতি দিচ্ছে না। ২ ধারার প্রতি সম্মতি দিচ্ছে না ১৬.১.গ বিষয়ে ও অন্যান্য কিছু বিষয়ে আইন করার প্রতি সরকার এখনো সম্মত নয় বলে। যেমন ধর্মনিরপেক্ষভাবে দেশের সব নারীর জন্য পারিবারিক আইনে নারী-পুরুষের অধিকার ও দায়িত্ব সমান হোক, বিয়ে রেজিস্ট্রি ও তালাক দেওয়ার অধিকার হিন্দু নারীর জন্য আইনসম্মত করা হোক; উত্তরাধিকারে ধর্মনির্বিশেষে সব নারীর জন্য নারী-পুরুষের অধিকার সমান করে আইন হোক—এসব বিষয়ে ‘জাতীয় নারী উন্নয়ন নীতি’তেও সরকার দ্বিমত পোষণ করেছে। ‘১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতি’ চূড়ান্ত বলে ঘোষিত হবে (২০০৪ ও ২০০৭ সালের ঘোষিত সংশোধিত বাতিল করে—) অদূর ভবিষ্যতে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সিডও সনদের কয়েকটি ধারার বিষয়ে এবং জাতীয় নারী উন্নয়ন নীতির নানা বিষয়ে সরকার ইসলামধর্মের বাধা বলে মূলত নারীর প্রতি সব ধরনের বৈষম্য বজায় রাখার প্রক্রিয়া অব্যাহত রাখছে অথবা বলা যায়, নারীর প্রতি বৈষম্য বিলোপ করার প্রক্রিয়ায় সচেষ্ট নয়।সিডও বিষয়ে অন্যান্য মুসলিমপ্রধান ও ইসলামিক রাষ্ট্রের অবস্থানসর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে, ‘মুসলিম দেশ’ বলে আখ্যায়িত দেশগুলোর মধ্যে পাকিস্তান ‘২৯-এর ১’ ধারা, যা সনদ বাস্তবায়নের প্রক্রিয়াগত বলে উল্লিখিত, তা সংরক্ষিত রেখেছে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে। তবে অন্যান্য ধারায় ‘সংরক্ষণ’ না রেখেও পাকিস্তান সরকার নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি।প্রাপ্ত তথ্যে জানা যায়, মুসলিম দেশগুলোর অধিকাংশ সরকার কোনো সংরক্ষণ ছাড়াই সিডও সনদে স্বাক্ষর দিয়েছে। সেই দেশগুলোর নারীসমাজ, নারী সংগঠন ও আন্দোলন সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের অসাম্য ও অবক্ষয়কে নারী-পুরুষের বৈষম্যের কারণ হিসেবে দেখে এবং তীব্র লড়াই করে সব ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার জন্য। ফলে বিভিন্ন মুসলিম দেশের (অভিহিত) সরকারগুলো নারী-পুরুষের বৈষম্য বিলোপের জন্য সিডও সনদের ধারাগুলোতে উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় নিচ্ছে এবং সম্মিলিতভাবে সমাজ ও সংস্কৃতির মূল্যবোধের অসাম্য, অবক্ষয়, নির্যাতন বন্ধের পদক্ষেপ নিচ্ছে।‘উইমেন লিভিং আন্ডার মুসলিম ল’স’ আন্তর্জাতিক সংহতিমূলক নেটওয়ার্ক সূত্রে জানা যায়, তিউনিশিয়া, তুরস্ক, মালয়েশিয়ার নারীসমাজ ও সরকার শরিয়া-ধর্মীয় বিধান বিষয়ে কাজ করে প্রমাণ করেছে, মানুষে মানুষে বিভেদ শরিয়া বিধান এবং কোনো ধর্মীয় বিধানেই অনুমোদিত নেই। নারী ও পুরুষের মধ্যে বৈষম্যও ধর্মীয় বিধানে নেই। মূলত ধর্মীয় বাধা নয়, সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয় ও রক্ষণশীলতাই নারীর প্রতি বৈষম্য বজায় রাখছে।সিডও বিষয়ে পৃথিবীর নারী আন্দোলন ও বাংলাদেশের নারী আন্দোলনের অবস্থান১৯৮০ সালে সিডও সনদ ঘোষিত হওয়ার বিষয়ে বিশ্ব নারী আন্দোলনের ভূমিকাই অগ্রগণ্য। ১৯৭৫ সালের বিশ্ব নারীবর্ষ, পরে নারী-দশক, বিশ্ব নারী সম্মেলন ১৯৯৫ ও অদ্যাবধি (২০১০) বিশ্ব নারী আন্দোলন সিডও সনদের বাস্তবায়নে বিশ্বব্যাপী কাজ করছে।১৯৮৩ সালে ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ সংগঠনের সদস্য আইনজীবী দিলরুবা সাহানা সংগঠনকে জানান যে এ বিষয়ে নারী আন্দোলনের উদ্যোগ নেওয়া জরুরি। তত্কালীন মহিলা মন্ত্রী আমিনা রহমানের কাছে মহিলা পরিষদ বিষয়টি দাবিনামা হিসেবে তুলে ধরে। তিনি বিষয়টির প্রতি গুরুত্ব দেন। তবে সরকারি পর্যায়ে আলোচনা করে কয়েকটি ধারায় সংরক্ষণ রেখে তাঁর উদ্যোগে সিডও সনদটিতে সরকার স্বাক্ষর করে।সেই থেকে অব্যাহতভাবে মহিলা পরিষদ, উইমেন ফর উইমেনসহ সব নারী ও এনজিও সংগঠন মিলে বাংলাদেশ সিডও কমিটি গঠন করে এবং ‘সংরক্ষণ’ পরিবর্তন করার চেষ্টা করেছে।এরপর নারী ও এনজিও সংগঠনের উদ্যোগে অব্যাহতভাবে নারী-বৈষম্য বিষয়ে ‘বিকল্প রিপোর্ট’ জাতিসংঘের সিডও কমিটির কাছে পেশ করা হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ মহিলা পরিষদ, উইমেন ফর উইমেন, নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র, মহিলা আইনজীবী সমিতি, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের ভূমিকা উল্লেখযোগ্য। পরিশেষসিডওর আবেদন এই যে, নারী ও পুরুষের সাম্য প্রতিষ্ঠায় পুরুষের ভূমিকা জরুরি। সিডওর ধারাগুলো পাশ্চাত্য-ভাবাপন্ন বলার কোনো অবকাশ নেই। এমন অবকাশও নেই বলার যে সিডও পুরুষের আচরণ, বিশ্বাস ও মূল্যবোধকে দোষারোপ করছে। সামাজিকীকরণের মন্দ ধারায় নারীর প্রতি বৈষম্য বজায় থাকছে যুগ যুগ ধরে। জাতীয় সংবিধান ও আইনগুলো এবং জাতীয় গণজাগরণের ক্ষেত্রে ভাষা আন্দোলন ১৯৫২, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণতন্ত্র-পরবর্তী সময়গুলোর নির্বাচনে, সার্বিকভাবে পরিবারে-সমাজে নারীর ভূমিকা ও অবদান প্রমাণ করে যে নারীর প্রতি বৈষম্য-নির্যাতন যারা প্রদর্শন করে. তারা ধর্মের নামে করে না, করে ব্যক্তিবিশেষের এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনের, রক্ষণশীল, পশ্চাত্পদ ও রাজনীতির অপসংস্কৃতির সুযোগে। সিডও সনদ বাস্তবায়নে ইতিবাচক ও নেতিবাচক ভূমিকার মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে জানা যায়। এ বছরের ৮ মার্চ সরকারের ঘোষণায় ও পদক্ষেপে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যে ইতিবাচক কী আমরা অর্জন করছি, সেটাই দেখার বিষয়। মালেকা বেগম: সহযোগী অধ্যাপক, (প্রজেক্ট) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।