সব ভালো তার শেষ ভালো যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ফেব্রুয়ারি রাতে কানাডার সঙ্গে শ্রীলঙ্কার খেলা দেখছিলাম। শ্রীলঙ্কা করেছিল ৩৩২/৭, জবাবে ৩৩ ওভারে কানাডার ইনিংস পৌঁছাল ৮ উইকেটের বিনিময়ে ১১১। ওই একই সময়ে শ্রীলঙ্কার রান ছিল ১৮৯/২। ভাবলাম, একসময় তো বাংলাদেশ এ রকম খেলত। এমনকি জিম্বাবুয়ের বিরুদ্ধেও বাংলাদেশের ইনিংস ২৭-২৮ ওভারে গুঁড়িয়ে যেত। বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেট-পাগল, কানাডিয়ানরা সে রকম নয়। সন্দেহ হয়, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী কানাডিয়ান লাভ সং আইডল ব্রায়ান এডামস জানতেন কি না যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি দলের নাম ছিল কানাডা। ক্রিকইনফোতে দেখলাম, ভারতীয় বংশোদ্ভূত এক কানাডিয়ান আবেদন জানিয়েছেন, কানাডিয়ানরা যেন তাদের ক্রিকেট দলকে ভুলে বসে না থাকে। তাদের দলের অধিনায়ক আশিস বাগাই বলা বাহুল্য ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান, শ্বেতাঙ্গ কানাডিয়ান নন। তাদের দলের সহ-অধিনায়ক রিজওয়ান চিমাসহ চারজন খেলোয়াড় পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় প্রতিযোগিতায় আসার পথে ভারতের ভিসা পেতে ঝামেলা হয়েছিল।এ লেখা শুরু করতে না-করতেই দেখি কানাডা হারল ২১০ রানে। কিন্তু কানাডার এ অবস্থা থাকবে না, ঠিক যেমন বাংলাদেশের এখন সে রকম নড়বড়ে অবস্থা নেই। পাঠকের জ্ঞাতার্থে বলছি, পঞ্চাশ-ষাট দশকের ভারত আর পাকিস্তানের জাতীয় দল ইংল্যান্ডের জাতীয় দলের তুলনায় এত দুর্বল ছিল যে তারা ইংল্যান্ডে পুরো ইংলিশ সামারে পাঁচ টেস্টের পূর্ণ সিরিজ খেলার মর্যাদা পেত না, যে সুযোগ ছিল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং বর্ণবাদের কারণে ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার।শুরুর দিনের খেলায় ভারতের বিরুদ্ধে টসে জিতেও কেন ফিল্ডিং নিলেন, এ জন্য দেখি সাকিবের বিরুদ্ধে সমালোচনায় গাভাস্কার, সৌরভ থেকে শুরু করে হাবিবুল বাশাররা পর্যন্ত মুখর। কিন্তু সাকিবের (বা টিম ম্যানেজমেন্টের) সিদ্ধান্ত একেবারে যে ভুল ছিল, তা নয়। আগে ব্যাট নিলে ভারতীয় আক্রমণ থাকত আরও জোরালো। পেছনে যদি থাকে ৩৭০ রানের একটি গদি, তখন বিপক্ষ দলের বিরুদ্ধে হালকা আক্রমণ করলেও ম্যাচ জেতা যায়, কিন্তু অজানা টার্গেটের বিপক্ষে হেলাফেলা বোলিং কি ভারত করত? তখন বাংলাদেশ যদি পৌনে দুই শ রানে পুরো ইনিংস না খেলেই গুটিয়ে যেত, আর শেবাগ-টেন্ডুলকার-কোহলি মিলে মাত্র ১ উইকেট হারিয়ে ৩১ ওভারে (ভারত ওই দিন ২০০ রান করেছিল ৩১.২ ওভারে) ওই রান করে ফেলত, তাহলে বাংলাদেশ ৯ উইকেটে হারার লজ্জায় পড়ত। তার চেয়ে পরে ব্যাট করে ৮৭ রানে হারা কি ভালো হয়নি? দর্শকের দিক থেকেও ভালো হয়েছে। তারা পুরো ১০০ ওভার খেলা দেখল।বরং আমার কাছে মনে হয়েছে, ভারতীয় শেবাগ, টেন্ডুলকার, গম্ভীর ও কোহলি অসম্ভব ওস্তাদি ব্যাটিং করেছেন সেদিন। তাঁরা উপর্যুপরি এত গ্যাপ শট খেলে রান বের করেছিলেন, আশ্চর্য হয়ে গেলাম। সবাই অফের বলকে অনে টেনে বারবার ফাঁকায় পাঠিয়ে রান নিয়েছেন। শেবাগ বেশ কয়েকবার লোপ্পা বল আকাশে তুলেছেন, সেগুলো মাঠের ভেতরেও পড়েছে, কিন্তু এমন জায়গায়, যেখানে ধারেকাছে ফিল্ডার ছিল না। সেজন্য বাংলাদেশের পক্ষে সেদিন কোনো ক্যাচ কাউকে ধরতে হয়নি। তাঁরা বোলারের দুই পাশ দিয়ে ক্রমাগত মাটি ঘেঁষে ড্রাইভ করে দুই রান করে তো নিয়েছেনই, মাঝেমধ্যে সেগুলো বাউন্ডারিও হয়েছে। সেজন্য শনিবারের খেলায় সবচেয়ে ব্যস্ততম ফিল্ডার ছিলেন তামিম ইকবাল, যিনি ফিল্ডিং দিচ্ছিলেন লং অনে। শফিউল বা রুবেলের কমজোরি নির্বিষ ফাস্ট বলের কথা বাদই দিলাম, কিন্তু রাজ্জাকের বা সাকিবের পরিচ্ছন্ন ঘূর্ণি বল শেবাগ যেভাবে ব্যাকফুটে দাঁড়িয়ে ড্রাইভ করেছেন বা টেন্ডুলকার যেভাবে শফিউলের প্যাডের ওপর আছড়ে পড়া বলকে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি পার করেছেন, আমার মনে হয়েছে, সেদিন ভারতীয়দের ব্যাটিং মুনশিয়ানার কাছেই বাংলাদেশ আসলে হেরে গেছে। তাই রিয়ালিটি চেকের কথা বলছি। টসের সাফাই গেয়ে কোনো লাভ নেই। কারণ সে কথা বললে এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে থিঙ্কিং ক্রিকেটারের বিবেচনা শক্তিকে খাটো করে দেখা হয়, অন্যদিকে ভারতের ব্যাটিংয়ের ওস্তাদিকে প্রশংসা করা থেকে বঞ্চিত থাকতে হয়।তবে হাবিবুল বাশারের সঙ্গে আমি একমত, পিচটা রুটির মতো অত মৃত না বানিয়ে ‘বল উড়তে পারে’র মতো করে বানানো উচিত ছিল। নানরুটির মতো। রুবেলের বাউন্সারগুলো বেঁটে টেন্ডুলকারের কাঁধ পর্যন্ত উঠছিল না, সেটা দেখে হাসি পাচ্ছিল।যা হোক, এ ম্যাচে ভারতের বিরুদ্ধে হারলেও ভালো একটা প্রস্তুতি ম্যাচ হয়ে থাকল সেটা বাংলাদেশের বাকি খেলাগুলোর জন্য।